স্বপ্নের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন দুপুর না সকাল, ঠিক বোঝা যাচ্ছে না। সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা পুরো গ্রাম। এ রকম দিনে বাইরে ঘুরতে একটুও ভালো লাগে না সীমান্তের। আজ সূর্যমামার মুখ দেখা যাবে কি না, এই ভেবে সন্দেহের দৃষ্টিতে দেখে নেয় জানালার বাইরেটা। না, কোনো সম্ভাবনা নেই। জানালা দিয়ে ইছামতী নদী দেখা যায়। তা-ও দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। আজ কয়েক দিন হলো পরীক্ষা শেষে নানাবাড়িতে বেড়াতে এসেছে। আলোকদিয়ার। গ্রামটা অসাধারণ। গল্পের বইতে পড়া গ্রামের মতো সুন্দর। পাশ দিয়ে বয়ে গেছে ইছামতী নদী। ঘন ঘন বাঁশঝাড়। আম, কাঁঠাল—কত রকম ফলের গাছ। তাঁতিদের ঘরে কাপড় বোনা যন্ত্রের খটখট শব্দ। নদীতে পালতোলা বড় বড় নৌকা যায়। গ্রামে বিদ্যুৎ নেই। সন্ধ্যার পরই ঘন অন্ধকার নেমে আসে ভয় দেখাতে। তখন ভাইবোনেরা সবাই মিলে নানুর পাশে বসে ভূতের গল্প শুনতে মজা লাগে। কিন্তু সন্ধ্যা নামতে তো অনেক দেরি। তাই বলে কি দুপুরটা নষ্ট হয়ে যাবে বিছানায় শুয়ে। ফিরে যাওয়ার সময় হয়ে এল, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ক্লাস শুরু হবে। সঙ্গে আনা সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজ, তা-ও পড়ে শেষ। সন্তুর কতই না মজা। কাকাবাবুর সঙ্গে দেশ-বিদেশের কত জায়গায় ঘুরে বেড়ায়। ইশ! সন্তুর মতো আমারও যদি একজন কাকাবাবু থাকত, তাহলে...। ‘সীমান্ত, এই সীমান্ত।’ ভাবনাগুলোকে ছাপিয়ে রিংকু ভাইয়ের ডাক ভেসে এল কানে। শব্দটা কানে আসামাত্র বিছানা থেকে লাফিয়ে নামে সীমান্ত। রিংকু ভাইয়ের ডাক মানে নিশ্চয় কোনো অদ্ভুত খেলা হবে আজ। মনের ভেতর আনন্দ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। অস্থির সীমান্ত ঘর থেকে বাইরে এসে দেখে, রিংকু ভাইয়ের পাশে পলাশ আর পেছনে চাঁদু মামা দাঁড়িয়ে। এ গ্রামেরই ছেলে চাঁদু সম্পর্কে মামা হলেও আমাদের বয়সী। গ্রামে এলে চাঁদু মামাই আমাদের লিডার। গ্রামের সবকিছুই যেন তার হাতের নাগালে। গত বছর এই চাঁদু মামা ধুলোউড়ি হাটে নিয়ে গিয়ে জিলাপি খাইয়েছিল। হলুদ সরষেখেতের মাঝে চিকন আল ধরে হেঁটে যাওয়ার সময় চাঁদু মামা বলছিল, ‘আজ তোকে এমন জিলাপি খাওয়াব, সারা জীবন মনে রাখবি।’ কথাটা মনে পড়তেই সীমান্ত বলে, ‘চাঁদু মামা, হাটে যাব আজ, জিলাপি খাব।’: হাটে যাবি? সে তো বিকেল হলে। শুধু জিলাপি না, আজ তোকে গরম মিষ্টি খাওয়াব। মিষ্টি খাতি না পারলে বাঁচি থাকি লাভ কী, বল।এই কথা এর আগেও বহুবার শুনেছে সীমান্ত। চাঁদু মামা নিজেও মিষ্টি খেতে খুব পছন্দ করে।: শোন, আজ তোর একটা ইচ্ছা পূরণ হবে।: রিংকু ভাইয়ের মুখে কথাটা শুনে খুব অবাক হয়ে তাকিয়ে প্রশ্ন করে, কোন ইচ্ছাটা?: চারদিক ভালো করে দেখে নিয়ে খুব নিচু স্বরে বলে, সেদিন বললি যে নৌকা নিয়ে ঘুরবি।: কিন্তু নৌকা কোথায় পাবি? পাশ থেকে সীমান্তের মুখ চেপে ধরে পলাশ বলে, আস্তে বল, কেউ শুনলে সব ভেস্তে যাবে। চল, আর দেরি করে লাভ নেই।: শোন সীমান্ত, নৌকা নিয়ে আজ ধুলোউড়ি হাটে যাব। তারপর গরম গরম জিলাপি, মিষ্টি—তোর যা ইচ্ছা হয়, তা-ই করব।নদীর ধারে একটা ডিঙি বাঁধা ছিল। না জানি কার নৌকা নিয়ে এসেছে চাঁদু মামা। অনেক দিনের ইচ্ছা যেন পূরণ হতে যাচ্ছে, খুব আনন্দ আজ সীমান্তের। তবু কাঁপা কাঁপা গলায় একবার বলল, ‘চাঁদু মামা, আমি কিন্তু সাঁতার জানি না।’চাঁদু মামাও যেন সীমান্তকে ভয় পাওয়ানোর জন্যই মজা করে বলল, ‘চিন্তা করিস না, একদিন তো মরতে হবেই। দোয়া কর, যেন তার আগে ধুলোউড়ি বাজারে গিয়ে মিষ্টি খেয়ে আসতে পারিস।’চাঁদু মামা আর রিংকু ভাই দুজনই পালাবদল করে দাঁড় টানছে। কিন্তু সীমান্তের মনের ভেতরটা কেমন জানি খচখচ করছে। কাউকে না বলে এভাবে বের হওয়াটা উচিত হয়নি। নানু জানতে পারলে বাকি দিনগুলো ঘরে বন্দী হয়ে থাকতে হবে। সন্ধ্যাবেলা আর গল্প শোনা হবে না। তার ওপর নিশ্চয়ই কোনো জেলের নৌকা এটা, বেচারার অনেক ক্ষতি হয়ে যাবে আজ।: কিরে সীমান্ত, চুপ হয়ে গেলি যে? ওই দেখ, সামনে বাজার।রিংকু ভাইয়ের ডাকে সামনে তাকায়। কুয়াশা যেন আড়াল করে রেখেছে বাজারটাকে। ‘চাঁদু মামা, আগে কিন্তু গরম গরম মিষ্টি খাব।’: হ্যাঁ, হ্যাঁ, আগে যাই, সব হবে এখন।সবাই কত ভালো। শুধু একবার বলেছে নৌকা নিয়ে ঘুরতে ইচ্ছা করছে, আর তাতেই কত আয়োজন। এই শীতেও সীমান্তের বেশ ফুরফুরে লাগছে, বসন্তের বিকেলে যেমন লাগে, ঠিক তেমন। একটা বিকট শব্দ হতেই পেছন থেকে পলাশ এসে সীমান্তের গায়ের ওপর আছড়ে পড়ে। কিসের সঙ্গে যেন নৌকাটা ধাক্কা খেয়েছে। এ কী, নৌকাটা উল্টে যাচ্ছে কেন? চাঁদু মামা...সীমান্তের মনে হলো খুব গভীর সমুদ্র, তার মধ্যে সে ডুবে যাচ্ছে আস্তে আস্তে। চাঁদু মামা, রিংকু ভাই, সবাই ডুবে যাচ্ছে, সাঁতার কাটার চেষ্টা করেও পারছে না। সবদিক সাদা, শুধু সাদা। ঢেউ এসে নাক-মুখ দিয়ে পানি ঢুকিয়ে দিচ্ছে। হাত-পা ছুড়ে প্রাণপণে বাঁচার চেষ্টা করছে। তার মুখ থেকে অদ্ভুত আওয়াজ বেরোতে লাগল।‘কিরে, কী হলো তোর, এমন করছিস কেন?’ কাঁপতে কাঁপতে বিছানায় উঠে বসে সীমান্ত। এই শীতেও শরীর ভিজে গেছে ঘামে। চোখ মেলে দেখতে পেল উঠানে আদুরে রোদ পড়েছে। কোথায় সমুদ্র আর ঢেউ? কখন যে ঘুমিয়ে পড়েছিল, বুঝতেই পারেনি।: কিরে, স্বপ্ন দেখছিলি?: হু।: তা কী দেখলি?: বলা যাবে না, নানু।তবু ভালো, স্বপ্ন ছিল। সত্যি সত্যি যদি এমন হতো, তাহলে কী হতো। খুব কাছের মানুষের মুখগুলো চোখের সামনে একে একে ভেসে ওঠে। কাউকে না জানিয়ে এভাবে কোথাও যাওয়া ঠিক না। এবার সাঁতার শিখতেই হবে, যে করে হোক।: কিরে, আজ কি সারা দিন বিছানায় শুয়ে কাটাবি। রোদ উঠে গেল, আর উনি বাবু এখনো শুয়ে আছেন। ঠান্ডা যেন ওনার একার। বাইরে আয়। ঘরের দরজায় দাঁড়িয়ে কথাগুলো বলছিল রিংকু ভাই। পেছনে চাঁদু মামা আর পলাশ।বাইরে এসে দাঁড়াতেই চাঁদু মামা কানের কাছে মুখ এনে বলে, ‘নৌকা রেডি, ঘুরতে চেয়েছিলি না নৌকা নিয়ে। চল, আর দেরি করিস নে, জাদু।’ভূত দেখার মতো করে চেয়ে থাকল সীমান্ত। সবকিছু মিলে যাচ্ছে কেন? তাহলে কি...? না চাঁদু মামা, যেতে ইচ্ছা করছে না।: যা, সেদিন না বললি। আমার হয়েছে যত জ্বালা। ঠান্ডার মধ্যে সক্কালবেলা ঘুম থেকে উঠে নৌকা রেডি করে বসে আছি। আর এখন কিনা বলে, ঢং।ওরা চলে যেতে জানালায় এসে দাঁড়াল সীমান্ত। বাইরে রোদ উঠেছে। নদীটাও এখন পরিষ্কার চোখের সামনে। নদীটা দেখতে পেয়েই শরীর কেঁপে উঠল সীমান্তের। তার মনে হলো, স্বপ্নই তাদের বাঁচিয়ে দিল আজ, আবার স্বপ্নের মৃত্যু হলো। মন খারাপ ভাবটা সে কিছুতেই লুকাতে পারছে না। কাউকে বলতেও পারছে না।