বন্ধুরা, বছর ঘুরে ফের তোমাদের এক স্বপ্নোৎসবের আসর বসছে আগামীকাল। কী সেই আয়োজন? নাম তার আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব! কি, আনন্দের খবর না? আনন্দের খবর তো বটেই, কেননা, বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের অভিনীত শিশুদের উপযোগী চলচ্চিত্র দেখার এ যে এক দারুণ সুযোগ! বাংলাদেশে এই নিয়ে চতুর্থবারের মতো এই আয়োজন শুরু হতে যাচ্ছে ২২ জানুয়ারি, চলবে ২৮ তারিখ পর্যন্ত। শিশু চলচ্চিত্র উৎসব ঢাকাসহ চলবে চট্টগ্রাম ও রাজশাহীতে। ২২ জানুয়ারি বিকেল চারটায় এই উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ শিশু একাডেমীর সভাপতি শিল্পী মুস্তাফা মনোয়ার। শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তোমাদের প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। তবে সেদিন কোনো চলচ্চিত্র দেখানো হবে না তোমাদের। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত এবারের উৎসবে ৪০টি দেশের বিভিন্ন ক্যাটাগরির ২৩৩টি চলচ্চিত্র দেখতে পারবে তোমরা। ঢাকায় চলচ্চিত্র উৎসব বসবে নয়টি ভেন্যুতে। সেগুলো হলো: ১. শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন (২৩-২৮ জানুয়ারি, বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা), ২. শিশু একাডেমী অডিটোরিয়াম (২৫-২৭ জানুয়ারি, বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা), ৩. ধানমন্ডির রাশিয়ান সেন্টার অব সায়েন্স অ্যান্ড কালচার (২৩-২৫ জানুয়ারি, বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা), ৪. ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ অডিটোরিয়াম (২৪-২৭ জানুয়ারি, বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা), ৫. উত্তরার আলিয়ঁস ফ্রঁসেজ অডিটোরিয়াম (২৪-২৭ জানুয়ারি, বিকেল পাঁচটা), ৬. জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন (২৩-২৬ জানুয়ারি, বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা), ৭. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়াম (২৩-২৮ জানুয়ারি, বেলা ১১টা থেকে বেলা দুইটা), ৮. হাজারীবাগের বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি অডিটোরিয়াম (২৩-২৫ জানুয়ারি, বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা) এবং ৯. খিলগাঁওয়ের মডেল হাইস্কুল (২৬-২৮ জানুয়ারি, বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা)।চট্টগ্রামের আসর বসবে ২২ জানুয়ারি থেকে। ভেন্যুগুলো হলো চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের তিনটি অডিটোরিয়ামসহ ফুলকি (নন্দনকানন), পাথরঘাটা মতি নবাব পার্ক, এনায়েত বাজারের হলি ফ্যামিলি টিউটোরিয়াল এবং বাঁশখালীর সাধনপুর বালিকা বিদ্যালয়। এবার জেনে নাও রাজশাহীর খবর। সেখানেও শিশু চলচ্চিত্রের আসর বসবে ২২ তারিখ থেকেই। ভেন্যু মোটে একটাই, সেটা হলো মেডিকেল কলেজ অডিটোরিয়াম।ভেন্যু ও সময়সূচি তো জানলে, এবার জেনে নাও টিকিটের খবর। সবচেয়ে মজার খবর হলো, ১৮ বছরের নিচে যারা আছ, তাদের কোনো টিকিটই কিনতে হবে না! তবে তোমার সঙ্গে বড় কেউ এলে তাঁদের টিকিট কাটতে হবে। দাম ৩০ টাকা।