স্বর্ণ-ইগল দিয়ে শিকার
রুটিরুজির জন্য রোজ রোজ কত কষ্টই না করতে হয় মানুষকে। কিন্তু বশ মানা এক পোষা স্বর্ণ-ইগল যদি থাকে, তো আর চিন্তা নেই। সে-ই খাওয়া-পরার চাহিদা মেটাবে।শিকারি স্বর্ণ-ইগলের ওপর নির্ভর করা এমন জীবন রয়েছে কিরগিজস্তান, কাজাখস্তান ও মঙ্গোলিয়ার পশ্চিমাঞ্চলে। সেখানে স্বর্ণ-ইগলসহ এ ধরনের শিকারি পাখি পোষ মানিয়ে ছেড়ে দেওয়া হয় শিকার করতে। দূরদূরান্ত থেকে ওরা বিভিন্ন প্রাণী শিকার করে আনে।শিকারি প্রাণীর ভেতর, বিশেষ করে পাখিকুলে শিকার করার দক্ষতায় স্বর্ণ-ইগল অতুলনীয়। শক্তিও অসম্ভব। তীক্ষ মজবুত ঠোঁট আর পায়ের ধারালো নখ দিয়ে অনায়াসে ছাগল ও ভেড়ার মতো প্রাণী ধরাশায়ী করে ওরা। এমনকি পাঁচ-সাত কেজি ওজনের একটি স্বর্ণ-ইগল আস্ত একটা নেকড়েও ধরে আনতে পারে।বাচ্চা বয়স থেকে একটি স্বর্ণ-ইগলকে সেভাবে শেখাতে পারলে মনিবের বাড়িতে হরহামেশাই শিকার নিয়ে ফেরে সে। যেমন: একটা ইগল শিকারে বেরিয়ে আস্ত একটা ভেড়া এনে ফেলল উঠোনে। তা দিয়ে ওই পরিবারের কয়েক বেলা খাওয়ার উপায় হয়ে যাবে। আবার ভেড়াটি যদি বেচে দেওয়া যায়, এতে আসবে কিছু টাকাকড়ি। কিরগিজস্তানের বোকনবায়েভো গ্রামের দুই ভাই আজিম ও আইবেক শাজবাইরভ এখন সে চেষ্টাই করছে।পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে ইগল পুষছে তারা। এই শিশু দুটির বাবা তালগারবেক সেই সাত বছর বয়স থেকে ইগলকে শিকার ধরে নিয়ে আসার তালিম দিয়ে হাত পাকিয়েছেন। এখন তাঁর পথ অনুসরণ করছে ছেলেরা। ওই পরিবারে দুটি বড় স্বর্ণ-ইগল রয়েছে। রয়েছে একটি বড় বাজপাখির ছানা। ইগলগুলো একেকটা এত বড় যে, পাখা মেললে এর দৈর্ঘ্য আজিমের উচ্চতা ছাড়িয়ে যাবে। পাখিগুলোর সঙ্গে তাদের এখন দারুণ বন্ধুত্ব হয়ে গেছে। তাই ক্ষতি বা ভয়ের কোনো কারণ নেই। এই বন্ধুত্ব সারা জীবনের।কিরগিজস্তানে ইগল ও বড় বাজ দিয়ে শিকার করা দেশটির অনেক দিনের পুরোনো ঐতিহ্য। কিরগিজ পেশাদার শিকারিরা তাদের এই চর্চাকে ‘বেরকুচি’ বলে। কাজাখস্তানে এটি ‘কুজবেগাই’ বলে পরিচিত।এসব শিকারি পাখি নিয়ে পার্বত্যাঞ্চলের মানুষ বার্ষিক এক শিকার উৎসবের আয়োজন করে থাকে। এটি ‘সালবুরান’ বলে পরিচিত।ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকার কিছু অংশে স্বর্ণ-ইগল পাওয়া যায়। শিকার ধরার ক্ষিপ্রতা ও নৈপুণ্য অসাধারণ এই পাখির। এটি বড় বড় গাছের উঁচু ডাল বা উঁচু পাহাড়ে বাসা বেঁধে দুটি করে ডিম পেড়ে বাচ্চা ফোটায়। ডিম ফুটতে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে। একটি প্রশিক্ষণ পাওয়া স্বর্ণ-ইগলের অনেক দাম। অনেক ক্ষেত্রে তা তিন-চারটি উটের দামের সমান। পাখির মধ্যে স্বর্ণ-ইগল দীর্ঘায়ু। ওদের গড় আয়ু ৩০ বছর। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: ডেইলি মেইলসহ অন্যান্য ওয়েবসাইট।