স্বাধীনতা দিবসে ডাকটিকিট
একাত্তরের ২৫ মার্চ মাঝরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের নিরীহ নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, লুটপাটের মধ্য দিয়ে পশ্চিমারা ইতিহাসের জঘন্যতম অধ্যায়ের জন্ম দেয়। তবু থমকে যায়নি মুক্তিকামী জনতা। ৩০ লাখ প্রাণের বিনিময়ে নয় মাস যুদ্ধ শেষে অর্জিত হয় বহু কাঙ্ক্ষিত সেই বিজয়। আর প্রতিবছর ২৬ মার্চ পালিত হয় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে। দিবসটিকে কেন্দ্র করে রাষ্ট্রীয় নানা আয়োজনের মাঝে স্মারক ডাকটিকিট প্রকাশও লক্ষ করা যায়।প্রথম স্বাধীনতাবার্ষিকীতে বাংলাদেশ ডাক বিভাগ তিনটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে। ২০ পয়সা, ৬০ পয়সা ও ৭৫ পয়সা সমমূল্যের অভিন্ন নকশায় ভিন্ন ভিন্ন রঙের ডাকটিকিটে দেখা যায় মশালের লেলিহান শিখা।‘মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে’ বাংলাদেশ ডাক বিভাগ তিনটি ডাকটিকিট প্রকাশ করে ১৯৭৩ সালের ২৫ মার্চ। ২০ পয়সা, ৬০ পয়সা ও ১.৩৫ টাকা মূল্যমানের অভিন্ন নকশার ডাকটিকিটে দেখা যায় ধ্বংসস্তূপে জন্ম নেওয়া তরুলতায় ফুল।দশম স্বাধীনতাবার্ষিকীতে ডাক বিভাগ দুটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে। ৫০ পয়সা মূল্যের ডাকটিকিটে এক হাতে পতাকা, অন্য হাতে অস্ত্র নিয়ে অদম্য মুক্তিযোদ্ধা এবং ২ টাকা মূল্যের ডাকটিকিটে বাংলাদেশের মানুষ ও মানচিত্র বিষয় হয়েছে।স্বাধীনতার ২০তম বার্ষিকীতে বাংলাদেশ ডাক বিভাগ পাঁচটি সারিবদ্ধ ডাকটিকিট প্রকাশ করে। প্রতিটি ৪ টাকা মূল্যের ডাকটিকিটে যথাক্রমে স্থান পেয়েছে ঢাকা অপরাজেয় বাংলা ভাস্কর্য, জয়দেবপুর চৌরাস্তার মুক্তিযোদ্ধা ভাস্কর্য, মুজিবনগর স্মৃতিসৌধ, ঢাকা ক্যান্টনমেন্টের শিখা অনির্বাণ ও সাভারের জাতীয় স্মৃতিসৌধ।আরও একবার জাতীয় স্মৃতিসৌধ ও একাত্তরের ধ্বংসযজ্ঞসহ শিক্ষা, শিল্প, যোগাযোগ ও স্বাস্থ্য খাতে উন্নয়ন বিষয় হয়েছে স্বাধীনতার ২৫তম বার্ষিকীতে প্রকাশিত ছয়টি পৃথক ডাকটিকিটে। ১৯৯৭ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উপজীব্য করে ডাক বিভাগ ৪ টাকা মূল্যের আরও একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে।২০০৪-০৬ পর্যন্ত স্বাধীনতা দিবস উপলক্ষে তিনটি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। বহুবর্ণের এসব ডাকটিকিটে বিষয় হয়েছে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ ডাক বিভাগ নিয়মিতভাবে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করেছে ডাকটিকিটের মধ্য দিয়ে।শুধু স্মারক ডাকটিকিটই নয়, একই সঙ্গে উদ্বোধনী খাম, বিশেষ সিলমোহরসহ অন্যান্য ডাক প্রকাশনা লক্ষ করা গেছে বিগত স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে।