হনুমানটাও মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক- বিভাগপ্রথমওই যে মোরগগুলো ডেকে উঠল। ভোর হয়েছে। ওই তো, আকাশটা কী সুন্দর ফরসা হয়ে আসছে! রাতের আঁধার ফিকে হয়ে যাচ্ছে। এক্ষুনই সূর্যটা উঁকি দেবে পুব আকাশে।আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে পড়ল শান্ত। ভোর এত্তো সুন্দর! শহরের ইট-কাঠের দালান আর রুটিনের ছকে বাঁধা জীবনে ভোরটা কখনো এভাবে উপভোগ করেনি সে।গতকাল রাতে শান্ত ওর বাবা-মায়ের সাথে নানাবাড়ি ঝিনাইদহে এসেছে। শান্ত ক্লাস সিক্সে পড়ে। পড়ার খুব চাপ। নানাবাড়ি-দাদাবাড়ি আসাই হয় না। এখন ফার্স্ট টার্ম পরীক্ষা শেষ। তাই একটা সপ্তাহ নানাবাড়িতে ছুটি কাটাবে। শান্তর নানাবাড়ি ঝিনাইদহের ভবনগর গ্রামে। এখানে এই সময়টায়, মানে জ্যৈষ্ঠ মাসে একটা মজার উৎসব হয়। সেটা হলো, জামাই মেলা। এ মেলায় গ্রামের সব জামাইরা অংশ নেন। তাঁদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, নাচ-গানের আয়োজন করা হয়। শান্তর বাবা এবার এই মেলায় যাবেন।— শান্ত, উঠে গেছিস? আয়, তোর নানুমণি তোর জন্য হাঁসের মাংস রেঁধেছেন। আগে হাত-মুখ ধুয়ে আয়, যা—বললেন আম্মু। শান্ত লক্ষ্মী মেয়ের মতো মায়ের নির্দেশ পালন করতে চলে গেল।উফ্! কী দারুণ নাশতা! দেখলেই জিভে পানি আসে। হাঁসের মাংস ভুনার সাথে গরম গরম পরোটা। শান্ত বেশি খেতে পারে না। আর ঢাকায় তো এক পিস পাউরুটি খেয়েই স্কুলে দৌড় দেয়। কিন্তু আজ সে মাংস ভুনার সাথে দুটো পরোটা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল।শান্ত ঘুরে ঘুরে ওর নানুবাড়িটা দেখছিল। তখনই আব্বু এসে বললেন, আজ থেকে জামাই মেলা হচ্ছে, বিকেলে তিনি শান্তকে নিয়ে সেখানে যাবেন। তাঁর ভাষায় উৎসবটা বেশ ইন্টারেস্টিং।একটা বুড়ো বটগাছকে ঘিরে বসেছে মেলা। কী বিচিত্র সব আয়োজন! জামাইদের জন্য বিভিন্ন রকম খেলার প্রতিযোগিতা, মৌসুমি ফলে ফলাহারের ব্যবস্থা। শান্তর সত্যিই ব্যাপারটা ইন্টারেস্টিং লাগল। মেলা যেখানে হচ্ছে, তার পাশে আবার একটা সরু খাল। দুধারে ঘন গাছপালা, কলাবাগান আর সবজির খেত। শান্ত দেখল, বটগাছটায় একটা হনুমান তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। আশপাশের গাছগুলোতে আরও অনেক হনুমান। উৎসবটা যেন তাদেরও। শান্ত পটাপট ছবি তুলতে লাগল।যশোর থেকে এক সাংবাদিক মেলা দেখতে এসেছেন। এ বিষয়ে প্রতিবেদন করবেন। তিনি বললেন, ওই হনুমানের বাচ্চাটা তিনি নেবেন। তাঁর এক বন্ধুর নিজস্ব চিড়িয়াখানা আছে, সেখানে দেবেন। গ্রামের সহজ-সরল অতিথিপরায়ণ ছেলেরা ওই হনুমানটার বাচ্চাকে কীভাবে নামানো যায়, তা নিয়ে ব্যস্ত হয়ে উঠল।— আব্বু, ওই আংকেল যদি বাচ্চা হনুমানটা নিয়ে যায়, তবে ও ওর মায়ের জন্য কাঁদবে না? মা ওর বাচ্চার জন্য কাঁদবে না? প্রশ্ন করল শান্ত।— না, মা। হনুমান তো পশু। ও অত কিছু বোঝে না, বললেন আব্বু।একটু পর হনুমানটা ওর বাচ্চাকে গাছে বসিয়ে রেখে চলে গেল। সুযোগ পেয়ে গাঁয়ের ছেলেগুলো নিচ থেকে বাচ্চাটাকে তাড়াতে লাগল। এতে কাজ না হওয়ায় দুটো ছেলে কয়েকটা কলা নিয়ে গাছে উঠল। বাচ্চা হনুমানটাকে একটা কলা দিতেই ও সেটা ছিলে খেতে শুরু করল। এভাবে দু-তিনটা কলা খাইয়ে আরও কলা দেওয়ার লোভ দেখিয়ে ওরা হনুমানটাকে গাছ থেকে নামিয়ে আনল। মেলা থেকে বড়সড়ো একটা খাঁচা কিনে হনুমানটাকে তার মধ্যে ভরে সাংবাদিক যশোরে ফিরে গেলেন।এদিকে মা হনুমান একটু পর এক হাতে কলা এবং অন্য হাতে বেগুন নিয়ে বটগাছে হাজির হলো। সেখানে তার বাচ্চাকে না দেখে সে হাতের সবকিছু ফেলে দিয়ে হন্যে হয়ে এদিক-সেদিকে তার বাচ্চাকে খুঁজতে লাগল। কোথাও না পেয়ে বটগাছে এসে বুক চাপড়ে নানা অঙ্গভঙ্গি করে মানুষকে বোঝাতে চাইল যে সে তার আদরের ধনকে পাচ্ছে না। এতেও যখন কাজ হলো না, তখন সে সবচেয়ে লোমহর্ষক ঘটনাটি ঘটাল।খালের পাশে এক মা তাঁর বাচ্চাকে কোলে নিয়ে আদর করছিলেন। হনুমান গিয়ে সেই মায়ের কোল থেকে তাঁর বাচ্চাকে টান দিয়ে নিয়ে গিয়ে গাছে উঠে গেল। সেই মা এমন আচমকা ঘটনায় হতভম্ব হয়ে গেলেন, তারপর বিলাপ করে কাঁদতে লাগলেন।হনুমান বাচ্চাটার কোনো ক্ষতি করল না। ওকে কোলে নিয়ে বিভিন্নভাবে বোঝাতে চাইল, সে তার সন্তানকে ফেরত চায়। উপস্থিত এক পুলিশ কর্মকর্তা উপায় না দেখে হনুমানকে গুলি করতে চাইল।—ওটা করবেন না। ও হয়তো বাচ্চাটাকে সামনে ধরবে। হয়তো গাছ থেকে ফেলে দেবে। তখন? বললেন একজন বৃদ্ধ মানুষ।বাচ্চাটা চিৎকার করে কেঁদে যাচ্ছে। নিচ থেকে কেউ কেউ ফিডার ছুড়ে দিল। হনুমান ফিডার লুফে নিয়ে বাচ্চাটাকে দুধ খাওয়াল, কিন্তু তাকে ফেরত দিল না। কোনো ক্ষতি করল না।কোনোভাবে কিছু না হওয়ায় সবাই সেই সংবাদিককে খবর দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু কারও কাছে তাঁর মোবাইল নম্বর নেই। তাই শেষমেশ দুজন ছেলে রওনা দিল যশোরে, সাংবাদিকের অফিসে।সন্ধ্যা হয়ে গেছে। হনুমানটা এখনো বাচ্চাটাকে ফিরিয়ে দেয়নি। ছেলেগুলো ঠিক তখনই হনুমানের বাচ্চাটাকে নিয়ে হাজির হলো। হনুমানটা তার সন্তানকে দেখে তার কোলের বাচ্চাটিকে গাছের নিচে বিলাপ করতে থাকা ওই মায়ের কোলে তুলে দিয়ে নিজের সন্তানকে পরম স্নেহে কোলে নিয়ে আদর করতে লাগল।শান্ত ওর বাবার দিকে তাকাল। বাবাও ওর দিকেই তাকিয়ে আছেন। সন্তানের প্রতি মায়ের বিরল ভালোবাসার সাক্ষী হলো আজ বাবা আর শান্ত, দুজনই। শান্ত বলল, আব্বু, পশু হলে কী হবে, হনুমানটাও তো মা! ভিকারুননিসা নূন স্কুল ও কলেজবেইলি রোড, ঢাকা