হাঁউ মাঁউ খাঁউ
রোমেন রায়হান
‘হাঁউ মাঁউ খাঁউ,
মানুষের গন্ধ পাউ!’
হাঁউ মাঁউ খাঁউ ঠিকই আছে, কোথাও তো নেই গন্ধ!
অর্থ হলো, রাক্ষসদের খাওয়াদাওয়াই বন্ধ!
গন্ধ শুঁকে ধরবে মানুষ, করবে উদরপূর্তি!
সেটাই যদি না করা যায়, কিসের তবে ফুর্তি!
খিদের জ্বালায় পেট চোঁ চোঁ, লুকানো সব খাদ্য
গন্ধ ছাড়া মানুষ ধরা রাক্ষসদের সাধ্য?
প্রায় সকলের চোখ টলমল, থমকে আছে কান্না
গন্ধ ছাড়া বেঁচে থাকা দুর্বিষহ। ফান না!
নাক, কান আর গলা নিয়ে কাজ করে যে বদ্যি
গন্ধ ফেরত আনাতে ফেল (মাল আসলে রদ্দি!)
জীবন নিয়ে টানাটানি, এ তো কঠিন মামলা!
কোথায় নাকি হাসপাতালে কে করেছে হামলা!
হুমকি দিল সেনাপতি তাই রাক্ষসরাজকে—
‘জলদি করেন এর সমাধান, পারলে সেটা আজকে।’
রাক্ষসরাজ ডাকল মিটিং, বাদ দুপুরের নিদ্রা
হাজির হলো উজির–নাজির আর চিন্তাবিদরা।
দেয় না তো কেউ বুদ্ধি কোনো, আসে না সিদ্ধান্ত
বদ্যি বলে, ‘রাজামশাই থানকুনি রস খান তো!’
মিটিং মানেই পেট পুরে খা, টাকা ভরা খাম নে
আশার আলো একটুও নেই রাক্ষসদের সামনে।
গন্ধ ছাড়া রাক্ষসদের নেই জীবনের মূল্য
এ কী রে রোগ! জীবনটাকে কঠিন করে তুলল!
বলছে না কেউ কে করেছে এমন খারাপ কাজ যে!
কে এনেছে করোনাকে রাক্ষসদের রাজ্যে!
চাঁদ
আনজীর লিটন
পড়েছি এক জ্বালায়—
জোছনারাতে যত্ন করে
চাঁদকে রাখি থালায়
সুযোগ বুঝে কোথায় যেন
চাঁদটা দেখি পালায়।
চাঁদ পালিয়ে কোথায় গেল
একটু খবর নিয়ো
দেখা হলে চাঁদকে বোলো
ও যে আমার প্রিয়।