নিজের একটা ছোট্ট কাজ নিয়ে সেদিন বন্ধুর এক অফিসে গিয়েছিলাম। অনেক বছর পর দেখা—তাই উচ্ছ্বাসটাও ঝেড়ে নিতে সময় লেগেছে খানিকটা। সবার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হলো একজন জাদুকর হিসেবে। ফল যা হওয়ার তাই। অনুরোধ—জাদু দেখাতে হবে। সেদিনের দেখানো জাদুটাই আজ তোমাদের শিখিয়ে দিচ্ছি, যাতে তোমরাও যে কারও অনুরোধে আর যেকোনো অবস্থাতেই এই জাদুটি দেখাতে পারো। আমি করেছিলাম কী, বন্ধুর টেবিলের ওপর কাচের গ্লাসে রাখা কলমগুলো নিয়ে একটু এদিক-সেদিক করে সেগুলোকেই অর্থাৎ কলমগুলোকে আবার কাচের গ্লাসে রেখে দিলাম। এবার বন্ধুকে বললাম, ‘কলমগুলোর যেকোনো একটি দিয়ে ছোট্ট এক টুকরো কাগজে তুমি তোমার পছন্দের যেকোনো একটি নাম লেখো, তবে অবশ্যই আমি যেন দেখতে না পাই। এবং লেখা শেষে কলমটাকে আবারও অন্য কলমগুলোর সঙ্গে রেখে দিতে ভুল কোরো না যেন।’ বলেই আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। সংবিৎ ফিরে পেলাম বন্ধুর ডাকে। চেয়ারে বসে আমি গ্লাসটি থেকে কলমগুলো সব হাতে নিলাম এবং খানিকটা সময় নিয়ে বন্ধুর দিকে একটি কলম এগিয়ে দিয়ে বললাম, ‘নিশ্চিত তুমি এই কলমটি দিয়েই লিখেছ।’ আমার কথা বোধ করি তখনো শেষ হয়নি। বন্ধু আমার হাত চেপে বিস্ময় না লুকিয়েই বলে উঠল, ‘আরেব্বাস, দারুণ তো!’ জাদুটি যদিও ছোট, তবে নিঃসন্দেহে বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে যেতে পারে এর পেছনের কৌশলটা। বলছি, শোনো। লেখার সঙ্গে দুটো ছবি দেওয়া আছে। একটু ভালোভাবে খেয়াল করলেই দেখবে কাচের গ্লাসে রাখা সবগুলো কলমের ঢাকনার ক্লিপ অংশটুকু কলমের গায়ের লেখা বরাবর রাখা হয়েছে। তোমাকেও করতে হবে তাই। আর দর্শকেরা যখন তোমার কথামতো লেখার জন্য এর যেকোনো একটা কলম নিয়ে ঢাকনা খুলে লিখে পরে আবার ঢাকনা বন্ধ করে রাখবে, তখন নিশ্চিত—জানা না থাকায় তারা ঠিক কলমের গায়ের লেখা বরাবর ঢাকনাটি বন্ধ করতে যাবেন না। আর এই সুযোগটিই তুমি নেবে। এ জন্য তোমাকে আলাদাভাবে কোনো জাদু জানার দরকার নেই। দরকার শুধু নিশ্চিত হওয়া যে কলমের ঢাকনার ক্লিপ অংশটুকু গায়ের লেখা বরাবর আছে কি না। এবার তুমিও শুরু করে দিতে পারো জাদুটি দেখানো। আর নিশ্চিত জেনো—দর্শকেরাই এ ক্ষেত্রে তোমাকে জাদুকর বানিয়ে দেবেন।