টুকটুকি, শিকু ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে।টুকটুকি হালুমকে একটা খেলা দেখাবে। খেলাটার নাম ‘ভেতরে ও বাইরে’। তাদের সামনে টেবিলে রাখা একটা কাগজের বাক্স। বাক্সের ভেতরে একটা মাছভাজা রাখা আছে। শুরুতেই টুকটুকি বলল, ‘হালুম, এখন আমি দেখাব ভেতরে ও বাইরে, বিষয়টা কী!’ হালুম বলল, ‘সেটা দেখার জন্যই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, টুকটুকি।’টুকটুকি বলল, ‘শুরু করছি। এই বাক্সটার ভেতরে একটা ভাজা মাছ আছে।’ মাছপ্রিয় হালুম ভাজা মাছের কথা শুনেই অস্থির হয়ে উঠল। সে বলল, ‘মাছভাজা! খেলাটা বেশ জমবে মনে হচ্ছে! তাড়াতাড়ি শুরু করো, টুকটুকি!’টুকটুকি ভাজা মাছটা বাক্স থেকে বাইরে বের করে বলল, মাছভাজাটা এখন বাক্সের বাইরে। হালুম বলল, ‘বুঝেছি টুকটুকি, মাছটা বাক্সের বাইরে... এতক্ষণ সেটা ভেতরে ছিল।’টুকটুকি বলল, ‘ঠিক বলেছ। আমি আর একবার দেখাচ্ছি।’ টুকটুকি ভাজা মাছটা আবার বাক্সের ভেতরে রেখে বলল, ‘এই যে, মাছভাজাটা এবার বাক্সের ভেতরে, বুঝেছ?’হালুম বলল, ‘হ্যাঁ, হ্যাঁ বুঝেছি। আর কেমন বুঝেছি, তা বোঝানোর জন্য এবার খেলাটা আমি দেখাব, টুকটুকি।’টুকটুকি বলল, ‘অবশ্যই।’টুকটুকি হালুমকে জায়গা করে দিল। হালুম বলল, ‘মাছভাজাটা এখন বাক্সের ভেতরে...!’এরপর মাছভাজাটা বাইরে এনে বলল, ‘এবার বাইরে...!’টুকটুকি বলল, ‘হালুম, তুমি বাইরে আর ভেতরে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ।’এদিকে মাছভাজার গন্ধে হালুম সেটা খাওয়ার জন্য অস্থির হয়ে উঠল। সে আর দেরি না করে গপগপ করে খেয়ে ফেলল। তারপর হেসে বলল, ‘টুকটুকি, এবার মাছভাজাটা এখন হালুমের পেটের ভেতরে।’হালুমের কাণ্ড দেখে তো টুকটুকি অবাক! সে বলল, ‘এটা কী করলে, হালুম! খেলাটা এখনো শেষ হলো না!’হালুম হেসে বলল, ‘আমি মাছভাজাকে বাইরে রাখার থেকে ভেতরে রাখতেই বেশি পছন্দ করি, টুকটুকি। ধন্যবাদ!’