হালুমের সহযোগিতা
সিসিমপুর একটা মজার জায়গা। ছয় বছরের মেয়ে টুকটুকি স্কুলে যায়, পড়তে ভালোবাসে। তিন বছরের ইকরি প্রশ্ন করতে ভালোবাসে। ছয় বছরের শিকু, নেশা তার আবিষ্কার। প্রকৃতিপ্রেমী হালুমের প্রিয় মাছ-সবজি। এ ছাড়া রয়েছে দোকানদার গুণী ময়রা, লাইব্রেরিয়ান আশা, খামারি মুকুল, স্কুলশিক্ষক সুমনা, ফেরিওয়ালা বাহাদুর, গরু পার্বতী, মোরগ শেরালী, মুরগি বিজলি আর দুই ভেড়া—মানিক ও রতন। এদের নিয়েই সিসিমপুরের গল্প, যা ছাপা হচ্ছে গোল্লাছুটেএকদিন মনের আনন্দে শিকু হেঁটে যাচ্ছিল। হঠাৎ চোখ গেল গাছের পাকা আমগুলোর দিকে। শিকুর আম খাওয়ার খুব ইচ্ছে হলো। কিন্তু সে হাত বাড়িয়ে নাগাল পেল না। এরপর জোরে দিল লাফ। শিকুর হাত আমগুলো স্পর্শ করতে পারল না। এমন সময় দূর থেকে হালুম দেখল, শিকু বারবার শূন্যে লাফ দিচ্ছে। সে কাছে যেতেই কারণটা বুঝতে পারল। বলল, ‘শিকু, আমি তোমাকে সহযোগিতা করি? আমি তোমার চেয়ে লম্বা।’শিকু হাঁপাচ্ছিল, বলল, ‘সহযোগিতা করবে? করো!’হালুম ভেবেছিল, হাত বাড়ালেই আম ধরতে পারবে। সে হাত বাড়াল কিন্তু নাগাল পেল না।হালুম বলল, ‘শিকু, আমাকে তোমার মতন লাফ দিতে হবে।’ বলে সে একটু পেছন থেকে দৌড়ে এসে লাফ দিল কিন্তু তার হাতও আমগুলো ধরতে পারল না।শিকু হতাশ হয়ে বলল, ‘হালুম, সহযোগিতাতে কাজ হচ্ছে না!’হালুম বলল, ‘বুদ্ধি একটা বের হবেই।’ একটু ভেবে সে বলল, ‘শিকু, আমি তোমাকে কাঁধে তুলে ধরি, তাহলেই নিশ্চয় আম পাড়তে পারবে!’ যেই কথা সেই কাজ। হালুম উৎসাহের সঙ্গে শিকুকে কাঁধে তুলে নিল আর শিকু দেখল, হাতের কাছে অনেক আম! সে কোনটা ছেড়ে কোনটা নেবে! এদিকে হালুমের অবস্থা খারাপ! সে বলল, ‘শিকু, তাড়াতাড়ি করো। তুমি তো অনেক ভারী!’ শিকু টপাটপ কয়েকটা পেড়ে ফেলল। তারপর হালুমের কাঁধ থেকে লাফিয়ে নিচে নামল। বলল, ‘সহযোগিতার জন্য ধন্যবাদ হালুম! চলো, খাই!’হালুম হাঁপাতে হাঁপাতে বলল, ‘আমগুলোর জন্যই তোমাকে ভারী লাগছিল!’ এমন সময় দমকা বাতাস উঠল। সেই বাতাসে টপাটপ আরও কয়েকটা আম পড়ল ওদের সামনে।হালুম হেসে বলল, ‘দেখেছ, বাতাসও আম পাড়তে সহযোগিতা করল। বাতাস, চলো আমরা আম খাই!’