হাহাহিহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* দুই ব্যবসায়ী গল্প করছেন।

: আচ্ছা ভাই, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কি কোনো কাজ হয়?

: অনেক সময় হয়। এই তো, গত মাসেই পত্রিকায় বিজ্ঞাপন দিলাম যে আমার দোকানের জন্য একজন নাইট গার্ড চাই। আর ঠিক সেই রাতেই দোকানে চুরি হলো।

* মা: রিয়া, অ্যাকুয়ারিয়ামে নতুন পানি দিয়েছিস?

রিয়া: না মা, কালকের পানিই তো মাছগুলো এখনো খেয়ে শেষ করতে পারেনি।

* দুই বন্ধু কথা বলছিল—

: সূর্য আর বইয়ের মধ্যে মিল কী?

: দুটোই খুব দরকারি। কিন্তু দুটোর দিকে তাকালেই চোখ বন্ধ হয়ে আসে।

* নাবিল: অঙ্ক পরীক্ষায় কত পেয়েছিস এবার?

রাতুল: ৯৯।

নাবিল: সেকি! এই নম্বরে তো আমি তিন বিষয়ে পাস করে যেতাম!

* বাবু: কাল আলাদিনের দৈত্য এসে আমাকে বলল, ‘তুমি কী চাও, ১০ কোটি টাকা, নাকি অসাধারণ স্মৃতিশক্তি?’

পিটু: তুই কী চাইলি?

বাবু: ঠিক মনে পড়ছে না!

* রাজা: সেনাপতি, তোমাকে বলেছিলাম এবার যুদ্ধ জয় করতে পারলে হাতি, ঘোড়া, নৌকা উপহার দেব।

সেনাপতি: আমি যুদ্ধ জয় করে ফিরেছি।

রাজা: এই নাও দাবা।