আমি মোটেও হিংসুটে নই। একদমই না। ক্লাসে, পরীক্ষায় যদি কেউ আমার চেয়ে বেশি নম্বর পায়, তবু তাকে আমি হিংসা করি না। শুধু একটু মন খারাপ হয়। কখনো কখনো একটু বেশিই মন খারাপ হয়। এই যেমন সেদিন আমার প্রচণ্ড মন খারাপ হয়েছিল। ‘ঐতিহ্য-গোল্লাছুট প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমার গল্পটা সেরা হলো না। আমরা দুই ভাইবোন একই স্কুলের একই ক্লাসে পড়ি। গতবার গল্পলেখা প্রতিযোগিতায় আমরা দুজনই অংশগ্রহণ করেছিলাম। প্রথম আলোর গোল্লাছুট পাতায় চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে আমাদের দুজনেরই নাম ছাপা হয়েছিল। সেদিন আমাদের আনন্দ দেখে কে! মনে মনে কত আশা, কত স্বপ্ন—হয়তো আমিই প্রথম হব, আমার গল্পটাই সেরা হবে। এ নিয়ে বাসায় ভাইয়ার সঙ্গে প্রায়ই লাগত। পুরস্কার বিতরণের দিন যতই ঘনিয়ে আসছিল, ততই নার্ভাস হয়ে পড়ছিলাম। রাতে ঠিকমতো ঘুম হতো না। অবশেষে একদিন এল কাঙ্ক্ষিত সেই দিন। আম্মু-আব্বুর সঙ্গে আমরা গেলাম অনুষ্ঠানস্থলে। বুকটা সারাক্ষণ ঢিপঢিপ করছিল। নাচ হলো, গান হলো; একে একে সবাইকে সার্টিফিকেট আর বই দেওয়া হলো। তারপর মাইকে ঘোষণা করা হলো প্রত্যেক গ্রুপের বিজয়ীদের নাম। সে সময় আমার প্রায় দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু না! ভাইয়া, আমি—কেউই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলাম না। মনটা খারাপ হয়ে গেল। না পেলাম পুরস্কার, তবু তো এত বড় একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, সার্টিফিকেট পেয়েছি, জাফর ইকবাল স্যারের সঙ্গে ছবি তুলেছি, এটাই বা কম কিসে! হ্যাঁ, এই সবকিছুই কম মনে হচ্ছিল, যখন দেখলাম ভাইয়ার গল্পটা বইয়ে ছাপা হয়েছে। ভাইয়ার নাম দিয়েছে, ছবিও ছেপেছে গল্পের নামের নিচে। আমার খুব কান্না পাচ্ছিল। এতটাই মন খারাপ হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত আমার গল্পটা ছাপাও হলো না বইয়ে! এদিকে ভাইয়া তো বইয়ে ওর গল্প, নাম আর ওর ছবি দেখে আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে। সত্যি বলছি, আমার একটুও হিংসে হয়নি সে সময়। শুধু কান্না পাচ্ছিল। এর পরই শুরু হলো ভাইয়ার জ্বালাতন। আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে, ‘আমার গল্প ছাপা হয়েছে, একজনেরটা হয়নি।’ আমি কি বুঝি না, একজনটা কে? এটুকু হলেও চলত। কিন্তু না! এরপর ও আমার নাম ধরে বলতে লাগল, ‘তোর গল্পটা পচা হয়েছে, তাই ছাপেনি। আমার গল্প সুন্দর হয়েছে, তাই ছেপেছে।’আমরা ট্যাক্সি করে বাসায় ফিরছিলাম। ট্যাক্সির মধ্যে ভাইয়ার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়ছিলাম। ও শুধু বারবার আমার মুখের সামনে ওর গল্পটা তুলে ধরছে। আর সে কী খোঁচা মারা! আমি বেশ কয়েকবার প্রায় কান্নাই করে ফেলছিলাম। কিন্তু আমি প্রতিজ্ঞা করলাম, ওর সামনে কাঁদব না। আমার একটা প্রেস্টিজ আছে না! শেষে ওর জ্বালাতন আরও বেড়ে যাবে; বলবে, গল্প ছাপেনি বলে কান্না করছে। আমার সত্যিই দম বন্ধ হয়ে আসছিল। একে তো গল্প ছাপেনি, তার ওপর ভাইয়ার জ্বালাতন। ট্যাক্সিতে সারাটা পথ অসহ্য লাগছিল। ঢাকার যানজট, ভাইয়ার খোঁচা—পথ যেন শেষই হতে চাইছে না। আমার মনে হচ্ছিল, আমি যদি ট্যাক্সির দরজাটা খুলে বাইরে বেরিয়ে যেতাম, তাহলে ওর ভেংচিকাটা আমার দেখতে হতো না। কিন্তু সবকিছুরই একটা শেষ আছে। দেখলাম, আস্তে আস্তে ওর ঘুমের ভাব চলে এসেছে। ওর পুরস্কার পাওয়া বইগুলো, সার্টিফিকেট—সবকিছু সিটের ওপর রেখে দেখলাম ও সত্যি ঘুমাচ্ছে। যাক বাবা, বাঁচা গেল; অন্তত ট্যাক্সির মধ্যে আমাকে আর জ্বালাবে না। বাসায় চলে এসেছি। এবার যেন ও আমার ওপর হুমড়ি খেয়ে পড়ল। বলল, ‘আমার গল্পটা শোভন, আতিক, মুনেম, অভ্র—সবাইকে দেখাব। বিকাশ স্যারকে দেখাব, হাসিনা মিসকে দেখাব, সবাইকে দেখাব। তুমি কাকে দেখাবে?’ এই বলে ও আরেকবার গল্পটা আমার সামনে তুলে ধরার জন্য বইগুলো আনতে গেল। বিপত্তি বাধল সেখানেই। ওর বইয়ের প্যাকেট খুঁজে পাওয়া যাচ্ছে না। প্যাকেট নেই তো কোথাও নেই। আম্মু-আব্বুও অস্থির। শেষে কাঁদতে কাঁদতে ভাইয়া বলল, ‘আমার সব প্যাকেট ঘুমের মধ্যে আমি ট্যাক্সির সিটে রেখেই নেমে পড়েছি।’ বাবা দৌড়ে গেল ট্যাক্সিওয়ালাকে ধরতে। কিন্তু শুকনো মুখে বাসায় ফিরল। এবার আমার পালা! আমি এবার আমার বইটা ওর সামনে তুলে ধরে বললাম, ‘এই বইখানা কাল স্কুলে যাবে না, কেউই দেখতে পারবে না একজনের গল্প। তুমি বড়াই করেছিলে না? তুমি আমাকে হিংসে করেছিলে না? তুমি আমাকে খোঁচা মেরে বলেছিলে না, “তোর গল্প ছাপা হয়নি।” দেখো, বড়াই করার কী ঝাল!’ আমার মনে আর কোনো কষ্টই থাকল না যেন। আমার গল্পটা না হয় ছাপা হয়নি, ভাইয়া তো আর কাউকে দেখিয়ে দেখিয়ে বলতে পারবে না যে আমারটা ছাপেনি। খুশিতে আমিও প্রায় লাফালাফি শুরু করে দিলাম। ভাইয়া সেদিন রাতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল।পরদিন সকালে স্কুলে যাওয়ার পথে রিকশায় আমি ওকে অতিষ্ঠ করে তুললাম। ‘কল্লার শাস্তি আল্লায় দেয়’, ‘যেই না গল্প, তা আবার সবাইকে দেখাবে!’—এসব বলে খেপাতে খেপাতে স্কুলে পৌঁছালাম। ভাইয়া স্কুলে আসার আগে অনেক অনুনয় করে আমাকে আমার বইটা স্কুলে নিয়ে যেতে বলেছিল, যাতে ও সবাইকে দেখাতে পারে। কিন্তু না! আমি ওটা ড্রয়ারে তালা দিয়ে রেখে এসেছি। ক্লাসে ঢুকেই বিকাশ স্যার যে কথাটা বললেন, তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। স্যার ভাইয়ার নাম ধরে বললেন, ‘তোমার গল্পটা খুবই সুন্দর হয়েছে, নাঈম। তুমি আমাদের স্কুলের নাম রেখেছ। হেডস্যার তো তোমাকে খুশিতে ডেকে পাঠিয়েছে।’ কথাগুলো যেন আমার বিশ্বাসই হচ্ছিল না। শুকনো মুখেই আমতা আমতা করে স্যারকে জিজ্ঞেস করলাম, ‘স্যার, আপনি তো কাল অনুষ্ঠানে যাননি, গল্পটা কীভাবে পড়লেন?’ স্যার তখন বললেন, ‘ট্যাক্সির ড্রাইভার নাঈমের সার্টিফিকেটের ওপর নাম আর স্কুলের নাম দেখে আজ সকালে স্কুলে এসে সেটি জমা দিয়ে গেছে। আমরা সবাই সেটি পড়েছি।’হায় খোদা! ভাইয়ার হিংসার জ্বালায় অতিষ্ঠ হয়ে প্রতিশোধ নিতে জীবনে এই এক দিনই আমি হিংসুটে হয়েছি, আর তার প্রতিদানে তুমি আমাকে এটা দেখালে? ক্লাসের সবাই যখন ভাইয়াকে সেলিব্রেট করছিল, ও তখন আমার কাছে এসে বলল, ‘স্যরি, আপু, আর কখনোই তোমাকে এভাবে খোঁচা মারব না।’ আর আমি শুকনো মুখেই আমার হিংসেপনার কথা তুলে ক্ষমা চেয়ে নিলাম। তারপর সবাইকে বললাম, ‘দেখ, দেখ, আমার ভাইয়ার গল্পটা না খুব সুন্দর হয়েছে!’ জুনিয়র ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা