হিম হিম আইসক্রিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসক্রিম নিয়ে চমৎকার একটা ছড়া পড়েছিলাম। দূর! এখন মনে পড়ছে না। আচ্ছা, ছড়ার কথা থাকগে! বলছিলাম কী, আইসক্রিম নিয়ে নতুন করে কিছু বলার নেই। আইসক্রিম-ভক্তরা সবাই এর স্বাদ জানে। এমন মজার খাবারের কথা শুনলে কার না জিবে জল আসে। তাই পৃথিবীর মজার খাবার কী?—এ প্রশ্নের উত্তরে অনেকেই আইসক্রিমের কথা বলবে। দুধ আর ক্রিম দিয়ে বানানো এ খাবার সারা বিশ্বেই জনপ্রিয়। তবে এখন সহজলভ্য হলেও একসময় আইসক্রিম পাওয়া বা বানানো সহজ ছিল না। এখন তোমাদের মধ্যে অনেকে ঘরে বসেই আইসক্রিম বানাতে পারে। কিন্তু সে সময় রেফ্রিজারেটর না থাকায় তা বানানো কষ্টসাধ্য ছিল। সেকালে আইসক্রিম ছিল রাজা-বাদশাহদের খাবার। সাধারণ মানুষ বিশেষ উৎসব বা অনুষ্ঠানেই আইসক্রিম খেত।কোথা থেকে, কেমন করে এল আইসক্রিম?অবিশ্বাস্য হলেও সত্যি, আইসক্রিমের বয়স হাজার বছরের বেশি। তবে প্রাচীনকালের আইসক্রিম ছিল অন্য রকম। সে যুগে ফলের সঙ্গে বরফকুচি মিশিয়ে খেতেন রাজা-বাদশাহরা। সেখানে ক্রিম ছিল না। আর ক্রিম না থাকলে তাকে কি আইসক্রিম বলা ঠিক হবে? বরফ দিয়ে খাদ্যদ্রব্য টাটকা রাখার পদ্ধতি মানুষ জানত আগে থেকেই। চার হাজার বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ায় (বর্তমান ইরাক) আইসহাউসের সন্ধান পাওয়া গেছে। পিরামিডের দেশ মিসরের ফারাওরা তাদের কাছে বরফ বিক্রি করত। কিন্তু তখনো তারা আইসক্রিম বানাতে শেখেনি। খ্রিষ্টের জন্মের ৫০০ বছর আগে গ্রিকরা মধু ও ফল মেশানো বরফ খেত। এ খাবার বানাতে পারদর্শী ছিল পারস্যবাসী। অনেকের ধারণা, পারস্যেই আইসক্রিমের জন্ম। খ্রিষ্টপূর্ব চার শতকে তারা গোলাপজল আর সেমাই দিয়ে ঠান্ডা জমাটবাঁধা খাবার তৈরি করত। খাবারটার স্বাদ যে কেমন ছিল, কে জানে! কিন্তু নিঃসন্দেহে সুস্বাদু ছিল। নইলে কি তা রাজা-বাদশাহদের প্রিয় হয়! এটি ছিল তাঁদের গরমকালের খাবার। রোমান সম্রাট নিরো (৩৭-৬৮ খ্রিষ্টাব্দ) পাহাড় থেকে বরফ এনে তার ওপর ফলমূল রেখে খেতে পছন্দ করতেন।মধ্যযুগে বাগদাদের খলিফাদের কাছেও আইসক্রিম প্রিয় ছিল। আরববাসীরাই আইসক্রিমের সঙ্গে প্রথম দুধ ও চিনি যোগ করে বলে জানা যায়। এমনকি বাণিজ্যিকভাবে তারাই প্রথম আইসক্রিম তৈরি করে। ১০ শতকেও আরবে আইসক্রিমের কারখানা ছিল। তারা জমাটবাঁধা আখের রস, দুধ, ফল ও বাদামের সঙ্গে বরফ মিশিয়ে আইসক্রিম বানাত। অনেকে জানান, আরব থেকেই ইতালির সিসিলিতে এ খাবারের প্রচলন হয়। অন্যদের ধারণা, ইতালির পর্যটক মার্কো পোলো (১২৫৪-১৩২৪ খ্রিষ্টাব্দ) চীনাদের কাছে আইসক্রিম তৈরির পদ্ধতি শেখেন। মার্কো পোলো দেশে ফিরলে আইসক্রিমের সঙ্গে পরিচয় ঘটে পশ্চিমাদের। ষোলো শতকে ইতালির বাবুর্চিদের মাধ্যমে ফ্রান্সে আসে আইসক্রিম। এর ১০০ বছর পর ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস (১৬০০-১৬৪৯ খ্রিষ্টাব্দ) আইসক্রিম খেয়ে মুগ্ধ হন। সে সময় ইংল্যান্ডে এটি রাজকীয় খাবার ছিল, সাধারণ মানুষ এর সঙ্গে পরিচিত ছিল না। শোনা যায়, রাজা প্রথম চার্লস নিজের আইসক্রিম প্রস্তুতকারীকে সারা জীবন পেনশন দিয়েছিলেন। কেন, জানো? যাতে তিনি আইসক্রিমের গোপন ফর্মুলা সারা জীবন গোপন রাখেন।সং রাজবংশের রাজত্বকালে (৯৬০-১২৭৯ খ্রিষ্টাব্দ) চীনারা ফলের রস পানিতে মিশিয়ে আইসক্রিম বানাত। এরপর ইউন রাজবংশের সময় (১২৭৯-১৩৬৮ খ্রিষ্টাব্দ) যাযাবর মঙ্গলদের কাছ থেকে তারা আইসক্রিমে দুধের ব্যবহার শেখে। ভারতীয় উপমহাদেশে আইসক্রিমের সঙ্গে পরিচয় ঘটে ষোলো শতকে মোগল আমলে। মোগল সম্রাটরা ফলের শরবতে বরফ মিশিয়ে খেতেন। এ জন্য সুদূর হিন্দুকুশ থেকে দিল্লিতে বরফ আনতেন। এ সময় ভারতে কুলফির প্রচলন হয় বলে অনেকের ধারণা। এখনো বাংলাদেশসহ ভারতের বিভিন্ন জায়গায় কুলফি পাওয়া যায়। অনেকের কাছে এটি কুলফি মালাই নামে পরিচিত।আমেরিকায় প্রথম আইসক্রিম আবিষ্কার করে ইকুয়েডরের ইনকারা। তারা ইমবাবুরা ভলকানো থেকে বরফ সংগ্রহ করে তার সঙ্গে নানা ফলের রস মেশাত। এরপর সাম্রাজ্য বিস্তারের সময় ইউরোপীয়রা আইসক্রিমের রেসিপি আমেরিকায় নিয়ে আসে। সে সময় ইউরোপীয় দোকানে আইসক্রিম বিক্রি হতো। তবে আধুনিক আইসক্রিমের জন্ম বিশ শতকে।বর্তমানে আইসক্রিম বানানোর কলাকৌশল অনেক উন্নত হয়েছে। এখন আইসক্রিমে দুধ, ক্রিম ছাড়াও থাকে বিভিন্ন ফ্লেভার, চিনি ইত্যাদি। কখনো দুধের বদলে সয়াক্রিম (সয়াবিন থেকে পাওয়া), সয়াদুধ, রাইস মিল্কও ব্যবহার হয়। দেশে দেশে এখন প্রায় হাজার রকমের আইসক্রিম তৈরি হয়। তাদের রয়েছে বাহারি সব নাম। তবে ভ্যানিলা আইসক্রিমই বিশ্বে বেশি জনপ্রিয়। চকলেট, স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমও সমান জনপ্রিয়। এ যুগে আইসক্রিমের সবচেয়ে বড় পরিবর্তনটা হচ্ছে, এখন এটি শুধু রাজা-বাদশাহদের খাবার নয়, বরং আইসক্রিমে আছে ছোট-বড়, ধনী-গরিব সব মানুষের সমান অধিকার।কত অজানা রে!!! আমেরিকায় প্রতিবছর একজন মানুষ গড়ে ২৩ লিটার আইসক্রিম খায়। অস্ট্রেলিয়ায় প্রতিবছর প্রতিজন মানুষ ১৮ লিটার এবং নিউজিল্যান্ডে ২০ লিটার আইসক্রিম খেয়ে থাকে। ফিনল্যান্ডে এ সংখ্যা ১৩.৭ লিটার এবং ইংল্যান্ডে ৬ লিটার। ১৯০৪ সালে সেইন্ট লুইস ওয়ার্ল্ড ফেয়ারে প্রথম আইসক্রিমের প্রচলন শুরু হয়। (অবশ্য এ তথ্য নিয়ে বিতর্ক আছে।) ইংল্যান্ডে প্রথম বাইসাইকেলে আইসক্রিম বিক্রি শুরু হয়। ওয়ালম নামের এক ব্যক্তি এভাবে আইসক্রিম বিক্রি শুরু করেন। তিনি সাইকেলে চড়ে বলতেন, ‘আমাকে থামিয়ে একটা কেনো’। সালটা ছিল ১৯২৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রাইসাইকেলে আইসক্রিম বিক্রি শুরু হয়। উনিশ শতকের আগে পুকুর, নদী ও খাল থেকে বরফ সংগ্রহ করে আইসক্রিম তৈরি করা হতো। সানডি আইসক্রিম রোববারে বানানো হতো এবং শুধু রোববারেই খাওয়া হতো। তাই সানডে থেকে এর নাম সানডি হয়েছে।সবচেয়ে বড় আইসক্রিম কোনটি?আইসক্রিম খেতে গিয়ে অনেকের হয়তো মনে হয়, আইসক্রিমগুলো এত ছোট কেন? ঠিক এ রকমই চিন্তা করেছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একদল লোক। তাই তারা দেরি না করে ১২ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল আইসক্রিম বানিয়ে ফেলেছিল। ১৯৮৫ সালের এ আইসক্রিমের ওজন ছিল চার হাজার ৬৬৭ গ্যালন। এটাই ছিল বেশ কিছুদিন পৃথিবীর সবচেয়ে বড় আইসক্রিম। ঘটনা এখানেই শেষ নয়। ২০০৬ সালে চীনারা ঘটিয়েছিল আরেকটি মজার ঘটনা। তারা গিনেস বুকে নিজেদের নাম তুলতে বানিয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় আইসক্রিম কেক। তারা সে বছর ১৬ জানুয়ারি ৪ দশমিক ৮ মিটার (১৫ দশমিক ৭ ফুট) দীর্ঘ, ৩ মিটার (৯ দশমিক ৮ ফুট) প্রশস্ত ও এক মিটার (৩ দশমিক ৩ ফুট) উঁচু আইসক্রিম কেক বানিয়ে ফেলে। এ আইসক্রিম কেকটির ওজন ছিল আট টন (সাত হাজার ২৫৭ কেজি)। চীনাদের ভাগ্য ভালো যে সেটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় আইসক্রিম এবং তা গিনেস বুকে জায়গা পেয়েছিল।