হেরিটেজ ভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ একেকটা ঝামেলা তৈরি করে, আর ভূতদের বাড়ে বিপদ! তা না হলে মানুষের ডেকে আনা করোনায় ভূতদের কেন ভুগতে হবে? বলবে, ভূতেরাও কি কোভিড–১৯–এ আক্রান্ত হচ্ছে? তা নয়, বাপু। ভূতদের রোগ প্রতিরোধক্ষমতা খুব ভালো। মানুষের রোগবালাই তাদের কাবু করতে পারে না। রোগের ভয়ে মানুষ ঘরে বসে থাকলেও ভূতদের বসে কাটানোর মতো সময় নেই। রাজ্যের কাজ তাদের। বাচ্চা ভূতদের তো নিশ্বাস ফেলারও ফুরসত নেই। দিনেও রাজ্যের ব্যস্ততা। এর মধ্যে আবার বেলা আড়াইটায় প্ল্যানচেট বোর্ডে আগের ভূতদের আত্মা ডেকে আনতে হয়। করতে হয় নানা সলাপরামর্শ। অথচ গত কয়েক মাস এ সময়ে গন্ডগোল বাধিয়েছে মানুষ!

বাড়ি থেকে এখন কেউই বের হতে চায় না। দুপুরে সূর্য বাড়ির ওপরে এলেই ঘড়ি দেখা শুরু করে মানুষ। ঘড়ি দেখে আর বুকে থুতু দেয়। ঘড়ি দেখে আর বুকে হাত দিয়ে ধুকপুকানি অনুভব করতে থাকে। কারও কারও গায়ে জ্বর চলে আসে। টেনশনে। ওই যে পরীক্ষার ফল প্রকাশের দিন যেমন টেনশন কাজ করে, ওই রকম আরকি! তা মানুষের এই টেনশন কিসের? আড়াইটা বাজার। আড়াইটা বাজলেই রেজাল্ট ঘোষণা দিতে বসেন একজন। তিনি রেজাল্ট ঘোষণা দেন আর তা টিভি, ফেসবুক—সব জায়গায় লাইভ দেখানো হয়। রেজাল্ট পেয়ে কেউ খুশি, কেউ মন খারাপ করে কী সব বলাবলি করে। অথচ এই সময়টায় বাচ্চা ভূতেরা প্ল্যানচেট বোর্ডে আগের ভূতদের আত্মা ডেকে আনে। রাতে তাদের সুযোগ দেওয়া হয় না। বড়রা প্ল্যানচেট করে। বাচ্চা ভূতেরা তাই খুব খেপে আছে মানুষের ওপর। এই তো গত অমাবস্যায় তারা বড় ভূতদের একটা স্মারকলিপি দিয়েছে। তাতে আলটিমেটাম দেওয়া হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে পুরোনো, জনশূন্য কোনো পোড়োবাড়িতে যদি তাদের নিয়ে না যাওয়া হয়, তবে তারা ভূতদের হ্যালুসিনেট করে লেখা ভূত গবেষণাপত্রগুলো মানুষের রাজ্যে ছড়িয়ে দেবে।

এই আলটিমেটামে নড়েচড়ে বসে ভূতনেতারা। তারা অনেক চিন্তাভাবনা করে একটি পোড়োবাড়ি ঠিক করে। সিদ্ধান্ত হয়, ভোরের আলো ফোটার আগেই বাচ্চা ভূতদের নিয়ে যাওয়া হবে সেই বাড়িতে। এতে তারা কোনো ঝামেলা ছাড়াই বেলা আড়াইটার প্ল্যানচেট বোর্ডে আগের ভূতদের আত্মা ডেকে এনে কথা বলতে পারবে। সিদ্ধান্ত অনুযায়ী, এক রাতে তাদের নিয়ে যাওয়া হলো সেই পুরোনো বাড়িতে। কিন্তু তারা ঢুকতে পারে না বাড়ির ভেতরে। বাড়ির আদি ভূত বাসিন্দারা দেয়াল তুলে দাঁড়িয়ে আছে। কেন? এই বাড়িতে বহিরাগত ভূতদের ঢুকতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না, তা–ও বলতে রাজি নয় তারা। শেষমেশ সাদা শাড়ির আঁচল ওড়ায় পোড়োবাড়ির এক বুড়ো ভূত। এদিক থেকেও ওড়ানো হয় সাদা শাড়ির আঁচল। মানে পতাকা বৈঠক। পতাকা বৈঠক বসে পোড়োবাড়ির চিলেকোঠায়। বাড়ির আদি বাসিন্দা বলে, ‘দেখো, এই বাড়ি ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। ইউনেসকোর নীতি অনুযায়ী এই ঐতিহ্যবাহী বাড়ির নম্বর ১১ হাজার ১১ শ ১১। আর এই বাড়ির ভূতদেরও আলাদা নম্বর আছে। সেই নম্বরই তাদের পরিচয়। আর এই পরিচয়ে নতুন কেউ ভাগ বসাক, সেটা তারা কেউ চায় না। তবে আমি একটা সুযোগ দিতে পারি। তা হচ্ছে, একটা বাচ্চা ভূতকে ডাকো। আর আমাদের এই বাড়ির এক ভূত থাকবে। বাচ্চা ভূত প্রশ্ন করে তাকে আটকাতে পারলে তবেই এই বাড়িতে কিছুদিন থাকার সুযোগ পাবে।’

বাচ্চা ভূতেরা তখনো অপেক্ষা করছে পোড়োবাড়ির সামনের ভাঙা দেয়ালের পাশে। হঠাৎ ডাক পড়ে ইগলুতিয়ার। ছোট্টমোট্ট বুদ্ধিমতী ভূত। ‘ম্যান হান্টার্স’ নামে তার বানানো একটি অ্যাপ ভূতরাজ্যে তুমুল আলোচিত। বহিরাগত ইগলুতিয়ার সঙ্গে চিলেকোঠায় ডাকা হয় হেরিটেজ বাড়ির বাসিন্দা ওকোলাকু তুকবুককে। সে অবশ্য বড় ভূত। এই বাড়িতে ছোট ভূত নেই। বাড়ির সদস্যরা ছোটদের সহ্য করতে পারে না। কথায় কথায় প্রশ্ন করে দুষ্টুগুলো। শুধু কি তা–ই? দিনদুপুরে মানুষ ধরে এনে ভয় দেখানোর রিহার্সেল করে। এমন নানা অভিযোগের আঙুল ছোটদের দিকে। আঙুল যতই তুলুক, এখন কিন্তু সেই ছোট্ট ইগলুতিয়ার মুখোমুখি হতে হবে ওকোলাকু তুকবুককে। ইগলুতিয়া প্রশ্ন করবে আর তার উত্তর দেবে ওকোলাকু তুকবুক। উত্তর দিতে পারলে এই বাড়ির সামনে থেকেই বিদায় নেবে তারা। আর উত্তর দিতে না পারলে সে সময় নেবে। যত দিন উত্তর দিতে না পারবে, তত দিন ছোট্টমোট্ট ভূতেরা এ বাড়িতেই থিতু হবে। ইগলুতিয়া পকেট থেকে একটা কাগজ আর পেনসিল ওকোলাকু তুকবুকের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ‘আঙ্কেল, অঙ্কে লিখুন ১১ হাজার ১১ শ ১১।’

সে চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ ভেবে লেখে ১১১১১১। ছোট্ট ভূতের ছানা বলে, ‘হয়নি। এতে তো লাখ ছাড়িয়ে গেছে!’ চিন্তায় কপালে ভাঁজ পড়ে বুড়ো ভূত ওকোলাকু তুকবুকের।

তোমাদের মধ্যে কেউ কি আছে; তাকে উদ্ধার করার মতো? থাকলে চেষ্টা করো। আর সে পর্যন্ত ছোট্টমোট্ট ভূতেরা হেরিটেজ ভূত হয়ে পোড়োবাড়িতেই না হয় কিছুদিন থাকুক!