
ধরন: অ্যানিমেশন,
কমেডিভাষা: ইংরেজি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১২,
যুক্তরাষ্ট্রব্যাপ্তি: ৯১ মিনিট
ব্রাম স্টোকারের লেখা রক্তচোষা ড্রাকুলার কথা খেয়াল আছে? ড্রাকুলাকে নিয়ে যারা আতঙ্কে থাকো, তাদের জানা উচিত, তিনি আর আগের মতো নেই। এখন তিনি আর মানুষের রক্ত চুষে খান না। মানুষকে ভয় দেখিয়েও বেড়ান না। বরং তিনি নিজেই এখন মানুষের আতঙ্কে থাকেন। কারণ, এদের হাতেই মারা গেছেন তাঁর বউ মার্থা। এখন একমাত্র মেয়ে মাভিসকে নিয়ে তাঁর সব ভাবনা। মানুষের কাছ থেকে তিনি মাভিসকে সব সময় দূরে রাখতে চান। তবে আধুনিক এই ড্রাকুলা আছেন তাঁর সেই বিখ্যাত ট্রান্সসিলভেনিয়ার পুরোনো দুর্গেই। দুর্গটাকে এখন একটা পাঁচতারা হোটেল বানিয়ে বেশ জেঁকে বসেছেন। দূর-দূরান্তের দৈত্য-দানব তাঁর এই হোটেলের অতিথি। সেখানে মানুষ নামের আজব প্রাণীর প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ।
একমাত্র মেয়ে মাভিসের ১১৮তম জন্মদিনে ওই হোটেলেই জমকালো উৎসবের আয়োজন করেছেন ড্রাকুলা। এতে যোগ দিতে দানবীয় ফ্রাঙ্কেস্টাইন, অদৃশ্য মানব, নেকড়ে মানব, মমি আর দৈত্যদানোরা একে একে ভিড় জমাতে থাকে হোটেল ট্রান্সসিলভেনিয়ায়। কিন্তু সব বাধা ডিঙিয়ে কীভাবে যেন হোটেলে ঢুকে পড়ে জোনাথান নামের ২১ বছর বয়সী এক সাহসী ছেলে। ড্রাকুলা নানাভাবে চেষ্টা করেন তাঁর মেয়ের কাছ থেকে ওই ছেলেটিকে দূরে রাখতে। কিন্তু শত চেষ্টায়ও ব্যর্থ হন তিনি। তারপরই দৈত্যদানোদের ভিড়ে ঘটতে থাকে ধুন্ধুমার সব কাণ্ড। সেসব জানতে একবার দেখে নিতে পারো এই মজার অ্যানিমেশন চলচ্চিত্রটি।
