১০ বছর বয়সেই ২৮৩ শৃঙ্গ জয়
পর্বত জয় করতে কী লাগে? শক্তি আর সাহস তো বটেই, আরও লাগে আমাদের মুসা ইব্রাহীমের মতো অদম্য মনোবল। এসবের জন্য মানানসই হচ্ছে একজন শক্তসমর্থ বড় মানুষ। কিন্তু এই প্রচলিত ধারণা বদলে দিয়ে চমক সৃষ্টি করেছে ব্রিটিশ শিশু বেন ফ্লিটউড।মাত্র ১০ বছর বয়সেই স্কটল্যান্ডের মুনরো পর্বতমালার ২৮৩টি শৃঙ্গের সব কয়টি জয় করেছে বেন। এসব শৃঙ্গের প্রতিটির উচ্চতা তিন হাজার ফুটের বেশি। শৃঙ্গগুলো জয় করতে তিন বছরের কিছু বেশি সময় লেগেছে ওর। খ্যাতনামা পর্বতারোহী স্যার হিউ মুনরোর নামানুসারে ওই পর্বতমালার নাম রাখা হয়েছে। বেন ফ্লিটউডের বাড়ি ইংল্যান্ডের কামব্রিয়ায়, কেনডাল শহরের কাছে গারনেট ব্রিজে। ছয় বছর পূর্ণ হওয়ার পর থেকে বেনের পর্বত অভিযান শুরু। এতে ওকে সহযোগিতা করেছেন বাবা জন ফ্লিটউড। প্রথমে সে বাবার সঙ্গে বেইন না ল্যাপ, নো ডার্গ ও স্টব কয়ার গ্রিওডেইন নামের তিনটি শৃঙ্গ জয় করে। দিনের পর দিন এতগুলো শৃঙ্গ জয়ে প্রায়ই বেনকে বিরূপ আবহাওয়ার মুখে পড়তে হয়েছে। কখনো ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ধেয়ে এসেছে দুরন্ত ঝড়। কখনো গাঢ় পর্দার মতো বাধা হয়ে দাঁড়িয়েছে ঘন কুয়াশা। কখনো বা পড়তে হয়েছে প্রচণ্ড তুষারপাতের মুখে। এসব প্রাকৃতিক বাধা পায়ে দলে সদর্পে এগিয়ে গেছে ছোট্ট বেন।এ ব্যাপারে ওর বাবা জন ফ্লিটউড বলেন, ‘পর্বতাভিযানে বের হলে কখনো থামতে দেখিনি ওকে। ওর পথ ধরে একটানা চূড়ার দিকে এগিয়ে গেছে। দেখা গেছে যে পুরো অভিযান শেষ করতে কয়েক জোড়া জুতার তলি ক্ষয় হয়েছে ওর।’জনের দেওয়া তথ্যানুযায়ী, মাত্র চার ফুট সাত ইঞ্চি উচ্চতার বেন স্কাই কাইলিন রিজ বলে পরিচিত দুরারোহ খাড়া শৈলশিরায় আরোহণ করেছে। নিরেট বরফে ছাওয়া গা বেয়ে উঠে গেছে বেন লুইয়ের চূড়ায়।জন বলেন, সবচেয়ে কম বয়সী আরোহী হিসেবে একসঙ্গে এতগুলো শৃঙ্গ জয়ের রেকর্ড নিয়েই কেবল খুশি থাকতে রাজি নয় বেন। ভবিষ্যতে আল্পস পর্বতমালায়ও অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে ওর। আর এতে অবশ্যই বাবা থাকবেন পাশে।স্কুলছাত্র বেন অবসরে ড্রাম বাজাতে ভালোবাসে। মাঝেমধ্যে ডুবে যায় সৃজনশীল লেখালেখিতে। আর নৌকায় বসে হেঁইয়ো টানে বৈঠা চালাতেও খুব পছন্দ করে ও। শরিফুল ইসলাম ভূঁইয়া, সূত্র: ডেইলি মেইল