১৩ বছরের এক দুরন্ত পর্বতারোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ইতিহাসে গত ২৩ মে রোববার নতুন এক অধ্যায় সূচিত হয়েছে। এই অধ্যায়ের নাম ‘এভারেস্ট জয়’। ওই দিন একমাত্র বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন। পৃথিবীর সর্বোচ্চ স্থানে তিনি উড়িয়ে আসেন বাংলাদেশের পতাকা। এখন থেকে এভারেস্টের কথা উঠলেই মুসা ইব্রাহীমের নাম উঠবে। উঠবে বাংলাদেশের নাম। মুসা ইব্রাহীম এভারেস্ট জয়ের ঠিক এক দিন আগে আরেকটি ঘটনা ঘটে। ২২ মে শনিবার সকালে বিশ্বের সর্বকনিষ্ঠ এভারেস্ট জয়ী হিসেবে রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের ১৩ বছর বয়সী কিশোর জর্ডান রোমেরো। ওই দিন অবশ্য আরও দুটি রেকর্ড সৃষ্টি হয়। সবচেয়ে কম বয়সী এভারেস্ট জয়ী ভারতীয় হিসেবে নাম লেখায় ১৭ বছর বয়সী তরুণ অর্জুন বাজপেয়ি। অপরদিকে নেপালের আপা শেরপা ২০তম বার এভারেস্টের চূড়ায় উঠে নিজের রেকর্ড নিজেই ভাঙেন। এভারেস্ট জয়ের ইতিহাসে মে একটি পয়মন্ত মাস। ১৯৫৩ সালের এ মাসেই (২৯ মে) সর্বপ্রথম এভারেস্ট জয় করেন এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নরগে। এর মধ্যে জর্ডান রোমেরোর বিশেষত্ব হচ্ছে, বয়সের তুলনায় পর্বত আরোহণে তার রেকর্ডের পাল্লা বেশ ভারী। এরই মধ্যে এভারেস্টসহ ছয়টি মহাদেশের সর্বোচ্চ পর্বতচূড়া জয় করেছে সে। জর্ডানের লক্ষ্য, বিশ্বের সাত মহাদেশেরই সর্বোচ্চ পর্বতচূড়াগুলো জয় করা। ২০০৬ সালের ২২ জুলাই মাত্র নয় বছর বয়সে সর্বকনিষ্ঠ মার্কিন নাগরিক হিসেবে জর্ডান আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমানজারো জয় করে। ২০০৭ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার কোশিউসকো, ১১ জুলাই ইউরোপের এলব্রাস ও ৩০ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়ার চূড়ায় ওঠে সে। ২০০৮ সালের ১৮ জুন উত্তর আমেরিকার ডিনালি ও ২০০৯ সালের ১ সেপ্টেম্বর ওশেনিয়ার কার্সটেন্জ পিরামিডের চূড়ায় আরোহণ করে জর্ডান। এখন বাকি শুধু অ্যান্টার্কটিকার ভিনসন ম্যাসিফ জয় করা। ডিসেম্বরে এই অভিযানে যাবে সে।গত শনিবার ভোরে সাগরপৃষ্ঠ থেকে ২৯ হাজার ৩৫ ফুট (আট হাজার ৮৫০ মিটার) উঁচু বিশ্বের এই সর্বোচ্চ পর্বতচূড়ায় আরোহণ করে জর্ডান। তার সঙ্গে বাবা পল রোমেরো, বাবার বান্ধবী কারেন লান্ডগ্রেন ও তিনজন শেরপা গাইড এভারেস্টের চূড়ায় পৌঁছান। এর আগে ২০০১ সালে নেপালের তেমবা শেরি শেরপা ১৬ বছর বয়সে এভারেস্ট জয় করে সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড গড়ে। এভারেস্টের চূড়ায় পা দিয়েই স্যাটেলাইট টেলিফোনে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মা লি অ্যান ড্রেকের সঙ্গে যোগাযোগ করে জর্ডান। আবেগভরা কণ্ঠে বলে, ‘এই যে মা, বিশ্বের সর্বোচ্চ স্থান থেকে তোমার সঙ্গে কথা বলছি।’ ছেলের কথা শুনে আনন্দে কেঁদে ফেলেন মা। তিনি বলেন, ‘আমি তোকে খুব ভালোবাসি রে, বাবা। এবার ভালোয় ভালোয় বাড়ি ফিরে আয়।’১৯৯৬ সালের ১২ জুলাই জর্ডানের জন্ম। এভারেস্ট অভিযানের ব্যাপারে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জর্ডান রোমেরো বলে, বিশ্বের সর্বোচ্চ স্থানে গিয়ে দাঁড়ানো ছিল তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। শরিফুল ইসলাম ভূঁইয়া ওয়েবসাইট অবলম্বনে