১৩৪ দিন খায়নি ওরা
না খেয়ে কয় দিন থাকা যায়? এক দিন, দুই দিন, তিন দিন? তা যে কয় দিনই হোক না কেন, টানা সাড়ে চার মাস না খেয়ে থাকা কিন্তু অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করেছে একজোড়া গোল্ডফিশ। নিউজিল্যান্ডের ভূমিকম্পবিধ্বস্ত ক্রাইস্টচার্চ নগরের একটি ভবনের পানির চৌবাচ্চা গোল্ডফিশ দুটির ঠিকানা। ভূমিকম্প আঘাত হানার ১৩৪ দিন পরও জীবিত পাওয়া যায় মাছ দুটি। অথচ এত দিন মাছগুলোর দেখভাল করার ও খাবার দেওয়ার মতো কেউ ছিল না সেখানে। ক্রাইস্টচার্চে গত ২২ ফেব্রুয়ারি আঘাত হানে ভূমিকম্প। এতে সরকারি হিসাব অনুযায়ী ১৮১ জন লোক মারা যায়। গোল্ডফিশ দুটি যে চৌবাচ্চায় ছিল, সেখানে প্রায় ১০০ লিটারের মতো পানি ছিল। তবে শুরুতে ছিল ছয়টি গোল্ডফিশ। মাছগুলো ক্রাইস্টচার্চ হাইস্ট্রিটে অবস্থিত একটি অফিস ভবনের অভ্যর্থনাকক্ষে প্রদর্শনের জন্য রাখা হয়। এটি হচ্ছে কোয়ান্টাম চার্টার্ড অ্যাকাউন্টসের কার্যালয়। ওই কোম্পানির পরিচালক ভিকি থর্নলি বলেন, অভ্যর্থনাকক্ষ থেকে তিনি যখন লিফটে উঠতে যাবেন, তখন ভূমিকম্প হয়। প্রচণ্ডভাবে কেঁপে ওঠে বাড়িটি। তিনি তখন হাতের কাছে থাকা গোল্ডফিশের কাঠের ফ্রেমে আটকানো চৌবাচ্চা ধরে কোনোমতে তাল সামলে নেন। এতে তিনি যেমন পড়ে যাওয়া থেকে রক্ষা পান, তেমনি ওই চৌবাচ্চাও পতন থেকে রক্ষা পায়। চারদিকে তখন শুরু হয়ে গেছে প্রকৃতির ভাঙচুর। ভূমিকম্পের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে ইট-কাঠসহ বিভিন্ন জিনিস। এর মধ্যেই তিনজন সহকর্মীর সহায়তায় ওই চৌবাচ্চাটা ধরে বাইরে নিয়ে আসেন থর্নলি। এরপর তিনি নজর দেন তাঁর পাঁচ বছরের ছেলে জশুয়ার দিকে। কপালগুণে ভূমিকম্পে শিশুটির কোনো ক্ষতি হয়নি। এ ঘটনার পর ওই অফিস ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে উদ্ধারকারীরা। চলে প্রয়োজনীয় সংস্কারকাজ। গত ৬ জুলাই অফিসে যাওয়ার সুযোগ হয় থর্নলির। তিনি ধরেই নিয়েছিলেন, এত দিনে না খেয়ে মরে পচে-গলে স্রেফ হাওয়া হয়ে গেছে গোল্ডফিশগুলো। কিন্তু গিয়ে দেখেন ছয়টির মধ্যে চারটি নেই ঠিকই, কিন্তু দুটি সাঁতার কাটছে দিব্যি। চৌবাচ্চার প্রায় শুকিয়ে যাওয়া পানিতে না খেয়ে এত দিন মাছ দুটির বেঁচে থাকার ঘটনায় অনেক বিশেষজ্ঞও অবাক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টারি বে অ্যাকুরিয়ামের প্রধান কর্মকর্তা পল ক্লার্কসন বলেন, গোল্ডফিশ কষ্ট সইয়ে টিকে থাকার মতো মাছ। এর পরও এত দিন না খেয়ে প্রতিকূল পরিবেশে মাছ দুটির বেঁচে থাকার ঘটনা রীতিমতো অবিশ্বাস্য। তিনি বলেন, এমন হতে পারে যে ওই চৌবাচ্চায় প্রাকৃতিকভাবে জন্মানো শ্যাওলা খেয়ে মাছ দুটি বেঁচে ছিল। আর একইভাবে জন্মানো কিছু ব্যাকটেরিয়া চৌবাচ্চার পানি জীবাণুমুক্ত রেখেছে। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: ডেইলি মেইল