ছোট্ট রাজকুমার: আনতোয়ান দ্য সাঁত-একসু পেরি \ অনুবাদ: হায়দার আলী খান \ প্রথমা প্রকাশন \ দাম: ৩০০ টাকাছোট্ট বন্ধুরা, আজ তোমাদের একটা নতুন বইয়ের কথা বলব। বলো দেখি তোমরা, বইটার নামটা কী? নামটা হলো, ছোট্ট রাজকুমার। লেখক একজন ফরাসি। নাম আনতোয়ান দ্য সাঁত-একসু পেরি। সরাসরি ফরাসি থেকে অনুবাদ করেছেন হায়দার আলী খান। তাঁর অনুবাদ পড়ে মনে হবে, তুমি কোনো বিদেশি ভাষার বই পড়ছ না, পড়ছ নিজের মাতৃভাষায় লেখা কোনো মৌলিক গল্পের বই। বইটি প্রকাশ করেছে কারা জানো? প্রথমা প্রকাশন। পাবে আজিজ সুপার মার্কেটের প্রথমা বইয়ের দুনিয়াসহ অন্য সব বইয়ের দোকানে। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, বইটির প্রচ্ছদ শুধু নয়, পাতায় পাতায় চার ও একরঙা মজাদার সব ছবি এঁকেছেন লেখক নিজেই।লেখক পেশায় ছিলেন বৈমানিক। সাহারা মরুভূমিতে একবার কী যেন কী কারণে তিনি তাঁর বিমান অবতরণ করাতে বাধ্য হয়েছিলেন। তক্ষুনি সেই জনমানবহীন মরুপ্রান্তরে তাঁর সঙ্গে পরিচয় ছোট্ট রাজকুমারের—এই বইয়ের যে একচ্ছত্র নায়ক। রাজকুমার যে গ্রহের অধিবাসী, সেখানে আছে তিনটি আগ্নেয়গিরি আর অহংকারী একটা ফুল। আশপাশে আছে আরও কয়েকটি গ্রহ এবং সেসবের শাসনকর্তা। ছোট্ট রাজকুমার তার অসম্ভব সুন্দর ভঙ্গিতে লেখককে একের পর এক বলে যায় সেসব কিছুর গল্প। রাজকুমার যখন কথা বলে, কিংবা প্রশ্ন করে, পড়তে গিয়ে তোমার মনে হবে, সে যেন কথা বলছে তোমার সঙ্গেই, প্রশ্নও যেন করছে তোমাকেই। কী অদ্ভুত সব কাণ্ডকারখানা যে ঘটতে থাকে, পড়তে বসলে এক নিঃশ্বাসে শেষ না করে পারবে না। মুহূর্তে ছোট্ট রাজকুমার তোমার একান্ত ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠবে। তখন তোমার বলতে ইচ্ছা করবে, আহ্, রাজকুমার যদি সত্যি সত্যি আমার নাগালে থাকত! আমি তাহলে তাকে গভীর করে বুকে জড়িয়ে ধরতাম।ছোট্ট রাজকুমার চটি একটা বই হলেও, এতে আছে সাগরের গভীরতা। রূপকের আড়ালে জীবনের সঙ্গে সম্পর্কিত অনেক সমস্যা ও তার সমাধান তুলে ধরা হয়েছে ছোট্ট রাজকুমারের বয়ানে। বলে রাখি, বইটা তোমাদের জন্য হলেও, তোমার চেয়ে বয়সে যারা বড়, তারাও একইভাবে এ বই পড়ে মজা পাবে। তাই দ্রুত কিনে ফেলো ছোট্ট রাজকুমার। দাম মাত্র ৩০০ টাকা। আখতার হুসেন