‘না’ এবং ‘ও’ কাছে রাখা দূরে রাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদ থেকে ‘না’ দূরে রাখার কথাটিই সবার আগে আসুক। যেমন—কাজটা তুমি করোনা কেন? সমস্যা তুমি জানাওনা কেন? এই দুই বাক্যে ‘না’-এর ব্যবহার এক রকম; টাকাটা তুমি পাবে না, নন্দা তোমার সঙ্গে যাবে না—দুই বাক্যে আরেক রকম।‘করোনা কেন’, ‘জানাওনা কেন’ মানে কাজটা তুমি করো, বিষয়টা তুমি জানাও। এখানে অনুযোগের সুর আছে, হালকা অনুরোধের মেজাজ আছে। কিন্তু যখন বলা হচ্ছে, ‘টাকাটা তুমি পাবে না’, ‘না’-কে যখন দূরে সরানো হচ্ছে, তখন ‘না’-এর মেজাজ পাল্টে যাচ্ছে। সে ভয় দেখাচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে এবং একটি নয়-ভাব প্রকাশ করছে, ‘নিগেটিভ’ ছবি তুলে দিচ্ছে।কথাটা তাহলে কি এমন, ‘নয় অর্থ প্রকাশ করলে ‘না’ দূরে থাকবে, অন্য সময় কাছে ঘেঁষবে? হ্যাঁ, কথাটা এমন এবং সোজাসুজি বললে, এটিই কথা।‘না’ যেমন কখনো জোড়া (এই জোড়া আবার ‘এক জোড়া’ নয়, যুক্তাবস্থা) থাকে, কখনো ছাড়া (এই ‘ছাড়া’ আবার ‘ব্যতীত’ বোঝায় না, বোঝায় মুক্তাবস্থা); ‘ও’ এর বেলায়ও তেমন হয়। ‘ও’-এর এক অর্থ, সে। সে অর্থে যাওয়ার দরকার নেই। এখন বরং সন্ধান-অনুসন্ধান চলুক ‘ও’ কোথায় কোথায় অন্য অর্থে ব্যবহূত হয়।অর্থ যেখানে এবং, ‘ও’ সেখানে সংযোজক অব্যয়, সেখানে সে কারও গায়ের সঙ্গে লাগালাগি ভাবটি পছন্দ করে না। যেমন—অর্ক ও নন্দা বড় হাসাহাসি করে, তমাল ও তসলিম এখন খেলার মাঠে, রাম ও রহিম ভালো বন্ধু ইত্যাদি। কিন্তু ‘ও’ এর অর্থ যেখানে ‘আরও’, ‘এর পরও’ ইংরেজিতে যাকে বলে ‘in addition to’, সেখানে ‘ও’ শব্দের সঙ্গ ছাড়ে না। যেমন—আমিও যাব (অর্থাৎ, অনেকে যাচ্ছে, আমি বাদ পড়তে চাই না), নন্দা তখনো গেয়েই যাচ্ছে (অর্থাৎ, নন্দা অনেক আগে থেকেই যে গেয়ে যাচ্ছিল, তখনো থামেনি।) ইত্যাদি। অতএব, ‘ও’র সঙ্গনিরোধ কখনো মানতে হয়, কখনো হয় না।