'রোনালদোওওও, খেতে আয়!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট রোনালদো
ছোট্ট রোনালদো

২০১৩ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কেমন ছিল পর্তুগালের এই ফুটবলারের ছেলেবেলা?

পর্তুগালের মাদেইরা দ্বীপপুঞ্জের ছোট্ট শহর ফুসাল। ফুসালের পাশের একটা এলাকার নাম সান্ত আন্তনিও (সেইন্ট অ্যান্টনিও)। সেখানকার একটা ফুটবল ক্লাবের নাম সিএফ আন্দোরিনহা। নিরিবিলি সান্ত আন্তনিওর এই ক্লাবের মাঠটা মোটেও নিরিবিলি নয়। বলছি ১৭ কিংবা ১৮ বছর আগের কথা। ৯-১০ বছরের এক বালক নেমেছে আন্দোরিনহার মাঠে। সবাই ফুটবলে লাথি মারছে হইহুল্লোড়-চিৎকার-চেঁচামেচি করতে করতে। কেবল ওই বালকের মুখে কোনো কথা নেই! খুব ভালো করে লক্ষ করলে দেখা যাবে, ছেলেটা কাঁদছে! এই দৃশ্য মাসের প্রায় ৩০ দিনই দেখা যায়। কাঁদতে কাঁদতেই ফুটবলের মাঠে সবাইকে নাস্তানাবুদ করে এই বালক; নাম তার ক্রিস্টিয়ানো রোনালদো দোস সান্তোস অ্যাভেইরো। যাকে তোমরা চেনো ক্রিস্টিয়ানো রোনালদো নামে।

পায়ের যাদু দেখানো শুরু ছোটবেলা থেকেই
পায়ের যাদু দেখানো শুরু ছোটবেলা থেকেই

ছোট্ট রোনালদো কাঁদত কেন? সেই গল্পটা আমরা পরেই বলছি নাহয়। তার আগে শুনে নাও পর্তুগালের এই ফুটবলারের ছেলেবেলাটা খুব সহজ ছিল না। বেশ লড়াই করেই বড় হতে হয়েছে তাকে। লড়াইটা করতে হয়েছিল দারিদ্র্যের সঙ্গে। বাবা হোসে দিনিস অ্যাভেইরো ছিলেন পৌরসভার মালি; কখনো কখনো ফুটফরমাশ খাটতেন ফুটবল ক্লাব আন্দোরিনহায়। মা মারিয়া দোলোরেস দোস সান্তোস অ্যাভেইরো ছিলেন রাঁধুনি। দুই ছেলে, দুই মেয়ে নিয়ে তাঁদের টানাটানির সংসার। নুন আনতে পান্তা ফুরায়, তার ওপর আবার হোসে দিনিসের ছিল কিছু বাজে অভ্যাস। এ কারণে টাকা যা আসত, ফুরাতে সময় লাগত না মোটেও। ছোট ছেলে রোনালদোর খুব ফুটবল খেলার শখ; ভালো দেখে যে একজোড়া বুট কিনে দেবেন, তারও মুরোদ নেই।
কিন্তু এত কিছুর পরেও রোনালদোর কোনো মাথাব্যথা নেই। সাত বছর বয়স থেকে তার একটাই ধ্যান—ফুটবল। সারা দিন কাজ শেষে ঘরে ফিরে মা হয়তো একটা কিছু রেঁধেছেন। গরম গরম খাবার সাজানো হয়েছে খাওয়ার টেবিলে। বাকি তিন ছেলেমেয়ে ভালো মানুষের মতো টেবিলে বসে পা নাচিয়ে খেতে বসেছে। রোনালদোর কোনো পাত্তাই নেই! দোলোরেস অগত্যা গলা ফাটিয়ে চেঁচাতে লাগলেন, ‘রোনালদো, রোনালদোওওওও, খেতে আয়!’
ছোট্ট-দুষ্ট রোনালদো তখন জানালা দিয়ে ফুটবলটা ফেলে দিয়ে লাফিয়ে পড়ল বাইরে! তারপর দে ছুট! এক দৌড়ে সমুদ্র-তীরের আন্দোরিনহার মাঠে। পুরো সকাল কিন্তু সে ফুটবলের পেছনে দৌড়ে এসেছে। সন্ধ্যায় আবার মাঠে যাওয়া চাই তার। মোটেও মন নেই খাওয়াদাওয়া কিংবা পড়াশোনায়। মা দোলোরেস আর কী করেন! নিজে না খেয়ে ছেলের অপেক্ষায় বসে থাকেন। ছেলে ফিরল সেই রাত নয়টায়। এমন ঘটনা ঘটতে লাগল প্রতিদিনই।
ওদিকে প্রতিদিনই কিন্তু মাঠে গিয়ে কাঁদতে কাঁদতে ফুটবলের জাদু দেখাতে থাকল রোনালদো। এ বছর বর্ষসেরার পুরস্কার জেতা এই ফুটবলার কেন কাঁদত জানো? কারণ, তার বাবা তো আন্দোরিনহা ক্লাবের ফুটফরমাশ খাটতেন; আর সেটা নিয়েই সব সময় খোঁটা দিত পাজি ছেলেপুলেরা। সব সময় এমন খোঁচা খেতে কার ভালো লাগে বলো! এ কারণে কারও সঙ্গে বন্ধুত্ব হতো না রোনালদোর। কিন্তু তার পরও ফুটবল না খেলে তো সে থাকতে পারবে না। তাই সব অপমান সহ্য করে কাঁদতে কাঁদতেই ফুটবলের পেছনে ছুটে বেড়াত সে। আর এখন? হ্যাঁ, এখনো রোনালদো ফুটবলের পেছনে ছুটছেন। আর সারা বিশ্বের অগুনতি ভক্তের দৃষ্টি ছুটছে তাঁর পায়ের জাদু দেখার অপেক্ষায়!
 মাহফুজ রহমান, সূত্র: কিডস ওয়ার্ল্ড

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো