'সুপারহিরো' হওয়ার সহজ উপায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আকাশ ফুঁড়ে নেমে এল ভয়ংকর এক শত্রু! হামলে পড়ল শহরের ওপর। উঁচু উঁচু দালানগুলো হুড়মুড় করে ভেঙে পড়তে লাগল। মানুষের ছোটাছুটি, চিৎকার, পুলিশের সাইরেন...হঠাৎই হাজির একজন সুপারহিরো! শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে সে রক্ষা করে শহরবাসীকে।
তোমার প্রিয় ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান কিংবা আয়রনম্যানদের ছবিতে এ রকম দৃশ্য খুবই পরিচিত। কমিক বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে, কিংবা চলচ্চিত্রে এমন দৃশ্য দেখে তোমারও কি সুপারহিরো হতে ইচ্ছা হয়? ইচ্ছা হয় শত্রুদের রুখে দিয়ে তোমার প্রিয় শহরটাকে বিপদ থেকে বাঁচাতে? সে সুযোগ কিন্তু তোমার সামনেই আছে! নীরবে এক ‘সুপার ভিলেন’ ধীরে ধীরে ধ্বংস করে ফেলছে আমাদের প্রিয় পৃথিবীটাকে। এই শত্রুর নাম দূষণ, মানে পরিবেশদূষণ। পৃথিবী থেকে সবুজ হারিয়ে যাচ্ছে, প্রতিবছর মারা পড়ছে ১০ লাখেরও বেশি সামুদ্রিক পাখি, পশুপাখির জীবন বিপন্ন হয়ে উঠছে, প্রাকৃতিক দুর্যোগ নীরবে কেড়ে নিচ্ছে অসংখ্য মানুষের জীবন, আরও কত ভয়ংকর দুর্যোগ যে সামনের দিনগুলোয় ঘাপটি মেরে আছে, কে জানে! পরিবেশটাকে বাঁচাতে তাই এখন একজন সুপারহিরোই আমাদের প্রয়োজন! খুব বেশি কিছু করতে হবে না। তোমার ছোট ছোট কাজই পৃথিবীকে বাঁচাতে পারে ভয়াবহ দুর্যোগ থেকে। আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেনে নাও, পরিবেশকে রক্ষা করতে হলে তোমার কী কী করণীয়।
. পৃথিবীতে যে পরিমাণ পানি আছে, তার ১০০ ভাগের মাত্র এক ভাগ হলো ব্যবহারের উপযোগী। গোসল কিংবা দাঁত ব্রাশ করার সময় তুমি যদি অযথাই কল খুলে রাখো, অনেকখানি পানি অপচয় হয়ে যেতে পারে। তাই প্রথমেই মাথায় রাখতে হবে—পানির অপচয় করা চলবে না। তোমার এলাকায় হয়তো কোথাও পানির পাইপ ফেটে গেছে কিংবা কোনো বাড়ির পানির ট্যাংক থেকে অনর্গল পানি পড়ছে, বন্ধুদের বা বড়দের সাহায্য নিয়ে এই অপচয় বন্ধ করার চেষ্টা করো।
. শুধু পানি নয়, বিদ্যুতের যেন অপচয় না হয়, সেদিকেও সব সময় খেয়াল রাখতে হবে। ঘরে অযথাই বৈদ্যুতিক বাতি বা পাখা চালিয়ে রাখা চলবে না। বেশির ভাগ সময় টিভি, কম্পিউটারের মনিটর কিংবা ট্যাবে মুখ গুঁজে না থেকে তুমি যদি বন্ধুদের সঙ্গে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনের মতো খেলা খেলো, তাতেও কিন্তু অনেকখানি বিদ্যুৎ বেঁচে যাবে। স্বাস্থ্যটাও ভালো থাকবে। তা ছাড়া সুপারহিরো হতে চাইলে সুন্দর স্বাস্থ্য তো লাগবেই!
.  একটা মজার তথ্য কি জানো? একটা প্লাস্টিকের বোতল যেখানে-সেখানে না ফেলে তুমি যদি নির্দিষ্ট স্থানে ফেলো, এর মাধ্যমে যে পরিমাণ বিদ্যুতের অপচয় রোধ হবে, তা দিয়ে চার ঘণ্টা একটা বৈদ্যুতিক বাতি জ্বালানো যায়। প্লাস্টিকের বোতল, পলিথিন, চিপসের প্যাকেট—এসব আবর্জনা যে পরিবেশের জন্য কী ভয়ানক ক্ষতিকর, তা তোমার স্কুলের শিক্ষককে জিজ্ঞেস করে জেনে নিতে পারো। আজই প্রতিজ্ঞা করো, আর কখনো যেখানে-সেখানে ময়লা ফেলবে না। বন্ধুদের নিয়ে শহরের ময়লা পরিষ্কারের অভিযানে বেরোতে পারো। এ ছাড়া ফেলনা জিনিস দিয়ে কীভাবে প্রয়োজনীয় কিছু তৈরি করা যায়, সেটাও ভাবতে থাকো।
.  সবচেয়ে কার্যকর উপায় হলো, গাছ লাগানো। গাছ আমাদের অক্সিজেন দেয়, ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শুষে নেয়—এসব তো তোমরা জানো। আরও কত যে উপকারিতা আছে, বলে শেষ করা যাবে না। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, ১০টা এসি মিলে ২০ ঘণ্টা বাতাস দিয়ে যে পরিমাণ ঠান্ডা ছড়ায়, একটা বড় গাছ একাই পরিবেশকে সে রকম ঠান্ডা রাখে! এবারের গ্রীষ্মে গরমে তুমি হয়তো অস্থির হয়ে উঠছ, বাড়ির আশপাশে যদি কয়েকটা গাছ থাকত, তাহলে কিন্তু বেশ আরাম হতো। টিফিনের টাকা জমিয়ে, বড়দের সাহায্য নিয়ে তাই যত পারো গাছ লাগাও। গাছগুলো যখন বড় হবে, তোমার লাগানো গাছে পাখিরা বাসা বানাবে—কী চমৎকার হবে ব্যাপারটা! গাছের প্রাণ আছে, সে কথা তো জানো। গাছ হয়তো তার নিজের ভাষায় তোমাকে ধন্যবাদও দেবে! সবেচয়ে বড় কথা, এর মাধ্যমে বাঁচবে আমাদের পৃথিবী!