‘আশা করি, এই পৃথিবী পুতিনকে থামানোর পথ আবিষ্কার করবে’
ইউক্রেনের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী লেখক আন্দ্রে কুরকভ। বাস করেন রাজধানী কিয়েভে। রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পরও কিয়েভ ছেড়ে যাননি তিনি। সম্প্রতি মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের সাংবাদিক অ্যালেক্স মার্সাল টেলিফোনে তাঁর একটি সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাৎকারটি ইংরেজি থেকে অনুবাদ করেছেন শাকের এহসান।
প্রশ্ন :
আপনি তো এখন কিয়েভে আপনার বাড়িতে আছেন। জীবন কেমন কাটছে ওখানে?
আন্দ্রে কুরকভ : এই তো আছি! দিন কয়েক আগে আমাদের প্রতিবেশীরা হঠাৎ চিৎকার করে বলতে শুরু করল, ‘বিমান আসছে, বিমান আসছে, এখনই হামলা হবে।’ আমরা পড়িমরি করে বাসা থেকে বের হয়ে নিরাপদ আশ্রয় খুঁজলাম। কিন্তু যাব কোথায়? কোথায় আর নিরাপদ! শেষে র্যাডিসন হোটেলে গেলাম। সেখানে প্রায় আধঘণ্টা থাকলাম। তারপর গেলাম আমার এক বন্ধুর বাড়িতে। সেটাও যে খুব নিরাপদ, তা নয়। থেকে থেকেই বোমা বিস্ফোরণের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। পাশেই কোথাও হামলা হচ্ছিল। পরে সেখান থেকে আবার ফিরে এলাম নিজের বাড়িতে। এভাবেই জীবন চলছে।
প্রশ্ন :
ইউক্রেন-রাশিয়ার সাম্প্রতিক যুদ্ধের পটভূমি জানার জন্য অনেক পাঠকই আপনার গ্রে বিস বইটির দ্বারস্থ হবেন। ইউক্রেন যুদ্ধের আগেই আপনি কেন যুদ্ধ নিয়ে উপন্যাস লেখার কথা ভেবেছিলেন?
আন্দ্রে কুরকভ : এই বই লেখার কোনো পরিকল্পনাই আমার ছিল না। ২০১৪ সালে হঠাৎ এক তরুণ শরণার্থীর সঙ্গে আমার দেখা হয়। তিনি দনবাস থেকে কিয়েভে এসেছিলেন। একই সময়ে দোনেৎস্ক থেকে আসা এক তরুণ ব্যবসায়ীর সঙ্গেও আমার দেখা হয়। ব্যবসায়ী তরুণটি প্রতি মাসে গাড়ি চালিয়ে দূরের এক গ্রামে যেতেন, যেখানে কোনো বিদ্যুৎ, হাসপাতাল, দোকানপাট ছিল না। সেই গ্রামের সাতটি পরিবারকে তিনি ওষুধপথ্য দিয়ে আসতেন এবং তারা যা চাইত, তিনি তা শহর থেকে নিয়ে যেতেন। বিনিময়ে গ্রামবাসী খুশি হয়ে তাঁকে শাকসবজি ও বয়ামভর্তি আচার দিত। তাদের কাছ থেকেই আমি গল্পের পটভূমিটা পাই।
প্রশ্ন :
আপনার এই বইয়ে দুটি চরিত্র রয়েছে—যারা শুধু প্রতিদিনের জীবন যাপন করে। রাজনীতি কিংবা যুদ্ধ নিয়ে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই।
আন্দ্রে কুরকভ : মানুষের প্রধান লক্ষ্য বেঁচে থাকা। এ জন্য প্রয়োজনে সে যুদ্ধের সঙ্গেও নিজেকে মানিয়ে নেয়। আমি সেখানে (দনবাস ও দোনেৎস্ক) তিনবার গিয়েছি। সেখানকার শিশুরা পর্যন্ত শব্দ শুনেই বলে দিতে পারে, এটা রকেট হামলার শব্দ নাকি মাইন বিস্ফোরণের শব্দ।
প্রশ্ন :
আপনি তো এই সংকট (ইউক্রেন সংকট) খুব কাছে থেকে দেখেছেন। কখনো কি ভেবেছিলেন, রাশিয়া এভাবে আক্রমণ করবে?
আন্দ্রে কুরকভ : না, কখনোই ভাবিনি। এমনকি হামলা করার কয়েক সপ্তাহ পরও বিশ্বাস করতে পারিনি যে সত্যি সত্যি রাশিয়া হামলা করেছে। হঠাৎ খেয়াল করলাম, পুতিন বেশ বুড়ো হয়ে গেছেন। স্তালিন মৃত্যুর আগে যে ধরনের কথা বলতে শুরু করেছিলেন, পুতিনও ইদানীং সেই ধাঁচে কথা বলছেন। পুতিন ভেঙে যাওয়া সোভিয়েত ইউনিয়নকে আবার নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখেন এবং তিনি মনে করেন, যারা রাশিয়াকে ভালোবাসে না কিন্তু রুশ ভাষায় কথা বলে, তারা বিশ্বাসঘাতক।
প্রশ্ন :
২০১৪ সাল থেকে ইউক্রেনে একধরনের অভ্যুত্থান ঘটেছে, সেটার প্রভাব কি দেশের সাহিত্যে পড়েছে?
আন্দ্রে কুরকভ : যুদ্ধের আগে এখানে যুদ্ধ-সাহিত্য বলে কিছু ছিল না। সাহিত্য ভরা ছিল যৌনতা, মাদক, অপরাধ এবং রক অ্যান্ড রোল কালচার দিয়ে। এই সাহিত্যের সমান্তরালে আরেক ধরনের সাহিত্যের জন্ম দিয়েছে যুদ্ধ। সেই সাহিত্য লেখা হচ্ছে প্রবীণ যোদ্ধাদের মাধ্যমে এবং যুদ্ধের সময় যাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, যুদ্ধকে যাঁরা প্রত্যক্ষ করেছেন, তাঁদের মাধ্যমে। বর্তমানের যুদ্ধে যদি ইউক্রেন টিকে যায়, তাহলে প্রচুর ‘ফৌজি-সাহিত্য’ লেখা হবে। তার মানে এই নয় যে খুব মহৎ সাহিত্য লেখা হবে। আমি বলতে চাইছি, সাহিত্যে অনেক রাজনৈতিক অনুষঙ্গ ঢুকে যাবে, যেমনটা আমরা সোভিয়েত সাহিত্যে দেখি। তবে ভিন্ন ধরনের প্রোপাগান্ডা এবং দেশপ্রেমের ভাবনা নিয়েও লেখা হবে বলে ধারণা করি।
প্রশ্ন :
এটা তো একধরনের উন্নতি। কিন্তু আপনাকে বেশ উদ্বিগ্ন মনে হচ্ছে।
আন্দ্রে কুরকভ : আমি উদ্বিগ্ন, কারণ, রাশিয়ায় ঐতিহ্যগতভাবে লেখকেরা সরকার ও তার আদর্শের সেবা করলেও ইউক্রেনের লেখকেরা এমন নন। তাঁরা এখনো পাঠকদেরই সেবা করে যাচ্ছেন। এখানে লেখকদের লেখায় ইউক্রেন সরকার কখনোই নাক গলায় না। যার কারণে আমরা যৌনতা, মাদক, অপরাধ এবং রক অ্যান্ড রোল নিয়ে অনেক সাহিত্য করতে পেরেছি। কিন্তু যুদ্ধ–পরবর্তী অবস্থা কী হবে, এখনো বলা যাচ্ছে না। তাই আমি উদ্বিগ্ন।
প্রশ্ন :
আপনি আন্তর্জাতিক অনেক পত্রিকা ও সাময়িকীতে ইউক্রেনের বর্তমান অবস্থা সম্পর্কে লিখে যাচ্ছেন। এই মুহূর্তে পাঠকদের কী বার্তা দিতে চান?
আন্দ্রে কুরকভ : আমি ইউক্রেন ও রাশিয়ার পার্থক্যটা ব্যাখ্যা করতে চাই। রাশিয়া ও ইউক্রেনের ইতিহাসটা বলতে চাই। রুশদের মানসিকতা এবং ইউক্রেনীয়দের মানসিকতা সম্পর্কে বলতে চাই। কারণ, পুতিন ও তাঁর মিত্ররা প্রতিদিন বলছেন, ‘রাশিয়া ও ইউক্রেন একই। আমাদের কোনো পার্থক্য নেই। আমরা ভাই ভাই এবং ভাইয়ের মতোই একত্রে বাস করতে চাই।’ এসব কথা আসলে সত্য নয়। পুতিন ভুল বলছেন। ইউক্রেনের লম্বা ইতিহাস আছে। ইউক্রেনের স্বাধীনতার ইতিহাস অন্তত ৩০০ বছর পুরোনো।
প্রশ্ন :
এই যুদ্ধের ভবিষ্যৎ কী বা আপনি কী আশা করছেন?
আন্দ্রে কুরকভ : এখন আমার একটাই আশা, এই পৃথিবী পুতিনকে থামানোর একটা পথ খুঁজে বের করবে এবং পুতিন যাতে শান্তিপূর্ণভাবে ইউক্রেন ছেড়ে যান, তার ব্যবস্থা করবে। কারণ, পুতিনের লক্ষ্য একটাই—ইউক্রেনকে ধ্বংস করা এবং ইউক্রেনের স্বাধীনতাকে ধ্বংস করা। আর এটা যদি সত্যিই ঘটে, তাহলে অর্ধেক মানুষ ইউক্রেন ছেড়ে ইউরোপে পাড়ি জমাবে। হয় তারা অভিবাসী হবে, নয়তো শরণার্থী হবে। নয়তো ১৯১৯ সালের বলশেভিক আবার ফিরে আসবে।