নেত্রকোনায় আগস্ট মাসজুড়ে শিশুদের জন্য বই বিতরণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং সময় প্রকাশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জলসিঁড়ি পাঠাগার, সময় ও আগামী নেত্রকোনা চ্যাপ্টারের সমন্বয়ে ‘শিশুদের পাঠাভ্যাস বৃদ্ধি ও আত্মজাগরণে’ আগস্ট মাসজুড়ে নেত্রকোনা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সৃষ্টিশীল ও সাহিত্য মানসম্পন্ন মননশীল বই বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে বই বিতরণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।

কেন এ আয়োজন করা হচ্ছে, এ সম্পর্কে আগামী নেত্রকোনা চ্যাপ্টারের সমন্বয়ক শুভ্রা সুফিয়ান বলেন, ‘আমাদের শিশুরা পাঠ্যবইয়ের ভারে এতটাই ন্যুব্জ যে তারা মননশীল বই পড়ার জন্য আলাদা করে সময় বের করতে পারে না। আরও একটি নির্মম সত্য হলো, স্কুলের পড়াশোনার বাইরে যতটুকু সময় তারা পাচ্ছে, তা তারা মুঠোফোনের পেছনে ব্যয় করে ফেলছে। এ কথা অস্বীকারের কোনো উপায় নেই যে প্রযুক্তিনির্ভর জ্ঞান আহরণের কাজে প্রযুক্তির ব্যবহারের প্রয়োজন আছে, কিন্তু সে আগ্রহের চেয়ে শিশু–কিশোরদের মধ্যে বর্তমানে মুঠোফোনের প্রতি আসক্তি বেড়েছে।

অবশ্য এই নেতিবাচক চিত্রের বিপরীতে পাঠে আগ্রহ বেশ কিছু শিশু–কিশোরেরও দেখতে পাই। কিন্তু শহরের বিদ্যালয় শিশুদের মতো মননশীল বই পড়ার সুযোগ এবং বই কেনার সামর্থ্য অধিকাংশ ক্ষেত্রেই গ্রামের শিশুশিক্ষার্থীদের থাকে না। তাই শিশুদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমরা পুরো আগস্ট মাস ধরে এই বই বিতরণ কার্যক্রম করতে যাচ্ছি।’

এ কার্যক্রমের অন্যতম অংশীদার জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সময় প্রকাশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সময় প্রকাশন ও আগামী নেত্রকোনা চ্যাপ্টারের যৌথ সহযোগিতায় জলসিঁড়ি পাঠাগার নেত্রকোনা জেলার সদর ও দুর্গাপুর উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আগস্ট মাস ধরে মননশীল বই বিতরণ করবে। আমাদের লক্ষ্য, মননশীল বই পাঠে সুবিধাবঞ্চিত শিশু–কিশোরদের মধ্যে আত্মজাগরণ সৃষ্টি ও পাঠাভ্যাস বৃদ্ধি করা।’

এ আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, ‘বই সময়ের প্রতিধ্বনি। শিশু–কিশোরেরা সেই সময়ের ধারক-বাহক। তারাই এগিয়ে নিয়ে যায় সময়কে। তাই সব সময় শিশু-কিশোর-তরুণদের সঙ্গে পথ চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে “সময় প্রকাশন”। আমাদের প্রয়োজন একটি জ্ঞানসমৃদ্ধ সমাজ, যা গঠনে প্রধান ভূমিকা রাখতে পারে বই। তাই শিশু–কিশোরদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’