১৯২৫ সালের ২৮ ডিসেম্বরে। সকালটা ছিল শান্ত। লেনিনগ্রাদের অ্যানগ্লিটারি হোটেলের এক কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল প্রতিভাবান রুশ কবি সের্গেই ইয়েসেনিনকে। তখন তাঁর বয়স মাত্র ৩০। কেন, কীভাবে জীবনাবসান ঘটল তাঁর? সবার মনেই তখন ছিল এ প্রশ্ন। অবশ্য সরকারিভাবে জানানো হলো, আত্মহত্যা করেছেন কবি। তাঁর সমসাময়িক সাহিত্যিকেরাও বিশ্বাস করেছিলেন তেমনটাই। ইয়েসেনিনের শেষ দিকের জীবনযাপন ও কবিতার ধরন থেকে এমন ধারণা জন্ম নিয়েছিল তাঁদের মধ্যে। কিন্তু কেন আত্মহত্যার পথ বেছে নিলেন ইয়েসেনিন?
১৯১৬ সালে প্রথম কাব্যগ্রন্থ আনন্দের দিন প্রকাশিত হলে যে কবির খ্যাতি ছড়িয়ে পড়ল চারপাশে, মাত্র ৩০ বছর বয়সে কেন আত্মহত্যা করবেন তিনি? প্রশ্নের উত্তর পেতে হলে চোখ রাখতে হবে এই রুশ কবির জীবনে।
সের্গেই ইয়েসেনিনের জন্ম ১৮৯৫ সালের ৩ অক্টোবর রাশিয়ার কনস্টান্টিনভে। বিশ শতকের অন্যতম প্রধান এই রুশ কবির ছেলেবেলা কাটে গ্রামের জল-হাওয়ায়। গ্রামীণ জীবনযাপন, পরিবেশ-প্রকৃতি আর লোকগীতির সঙ্গে গড়ে ওঠে তাঁর একান্ত সখ্য। কবিতা লেখার শুরুটা তখন থেকেই। ১৯১২ সালে চলে এলেন মস্কোতে। সহকারী প্রুফ রিডার হিসেবে এক প্রকাশনী সংস্থায় চাকরি জুটে গেল। এর পরের বছর ১৯১৩ সালে রাশিয়ান ও ইউরোপীয় কবিদের নানা রকম বক্তৃতা ও কবিতাবিষয়ক আলোচনা শুনে মুগ্ধ হয়ে তিনি পুরোপুরিভাবে আত্মনিয়োগ করেন কবিতাচর্চায়। সিটি পিপল’স ইউনিভার্সিটিতে ভর্তি হন ইতিহাস ও দর্শন বিভাগে।
১৯১৮ সালে ভাদিম সির্সেনোভিচ, রায়ুরিখ ইভনেভ প্রমুখ কবির সঙ্গে মিলে এই কবি গড়ে তুললেন ‘ইম্যানিজম মুভমেন্ট’ নামে একটি কাব্য আন্দোলন। কবিতায় মসৃণ জীবনের চিত্রকল্পের পরিবর্তে রূপক-প্রতীকের মাধ্যমে দ্বন্দ্বময় জটিল চিত্রের রূপায়ণই ছিল এই আন্দোলনের উদ্দেশ্য।
ব্যক্তিজীবনে খুব বেশি স্থির হতে পারেননি ইয়েসেনিন। ১৯২১ সালে আমেরিকান নৃত্যশিল্পী ইসাডোরা ডানকানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ১৯২৩ সালে সেই সম্পর্কের সমাপ্তি ঘটে। তাঁকে ছেড়ে চলে যান ইসাডোরা ডানকান। পরবর্তী সময়ে ১৯২৫ সালে লিও তলস্তয়ের পৌত্রী সোফিয়ার সঙ্গে তাঁর যে সম্পর্ক গড়ে ওঠে, সেটিও টেকেনি। এতে তিনি খুব ভেঙে পড়েছিলেন। জীবন নিয়ে নানা জটিলতা আর হতাশা থেকে ইয়েসেনিন এ সময় মাত্রাতিরিক্তভাবে পানাসক্ত হয়ে পড়েন।
জীবনের একেবারে শেষ পর্যায়ে লেখা ‘বিদায় বন্ধু বিদায়’ নামের কবিতাটি সে সময় তাঁর আত্মহত্যাকে যেন আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছিল। কবিতায় তিনি লিখেছিলেন,
‘বিদায় বন্ধু বিদায়, প্রিয় তুমি আছ আমার হৃদয় গহিনে
আমাদের মিলন ও বিচ্ছেদ ছিল পূর্বনির্ধারিত...
যাচ্ছি যে মরে এ নতুন তো নয় কিছু
যেমন নতুন কিছু নয় বেঁচে থাকা।’
ইয়েসেনিনের মৃত্যু নিয়ে আরেকটি মতও আছে। ওই মতাবলম্বীদের ভাষ্য, ‘দুর্বৃত্তের দেশ’ কবিতাটি প্রকাশিত হলে সরকারের বৈরী নজরে পড়ে যান ইয়েসেনিন। এটাই তাঁর মৃত্যুর কারণ হয়ে ওঠে।
● গ্রন্থনা: আনিসুর রহমান