কেন তিনি মানুষের পক্ষের বুদ্ধিজীবী

আজ ২৩ জুন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৮৮তম জন্মদিন। এ উপলক্ষে তাঁর লেখাজোকার ভূমিতে ফিরে তাকানোর চেষ্টা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজুল ইসলাম চৌধুরী
প্রতিকৃতি: আরাফাত করিম

বাংলা সাহিত্যের ভিত্তিটি বেশ মজবুত হলেও বাংলা সাহিত্য সমালোচনার মেরুদণ্ডটি কিন্তু খুব একটা শক্ত নয়। এর কিছু ঐতিহাসিক ও রাজনৈতিক কারণ নিশ্চয়ই আছে। কেউ কেউ হয়তো এ দায় আমাদের সংস্কৃতির ওপর চাপাতে চাইবেন। তবে তার সুলুকসন্ধান সম্ভবত একক কোনো কারণের দিকে ইশারা করবে না। এরপরও যাঁদের হাত ধরে বাংলাদেশের সাহিত্য সমালোচনা অনেকখানি অগ্রসর হতে সক্ষম হয়েছে, যাঁরা সমালোচনাকে একটি আলাদা উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন, সিরাজুল ইসলাম চৌধুরী তাঁদের মধ্যে অগ্রগণ্য।

শুধু সাহিত্য সমালোচক হিসেবে পরিচয় করিয়ে দিলে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোকে উপেক্ষা করা হবে। রাজনীতি, সংস্কৃতি, লৈঙ্গিক সমতা, প্রাণ ও প্রতিবেশ, রাষ্ট্রচিন্তা, ভাষা, সমাজ এবং সৃষ্টিশীলতা—সব পরিসরেই তিনি সমানভাবে বিচরণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেছেন প্রায় ছয় দশক ধরে। তবু আর সব পরিচয় ছাপিয়ে, সিরাজুল ইসলাম চৌধুরীর মূল পরিচয় হয়ে উঠেছে একজন বামপন্থী বুদ্ধিজীবীর—যিনি সমাজ, সাহিত্য ও জীবনকে দেখেছেন এবং বুঝেছেন মার্ক্সবাদী তত্ত্বের আলোকে। তবে তাঁর লেখা পড়ে তাঁকে যতখানি বস্তুবাদী বলে মনে হয়, ঠিক ততখানিই মানবতাবাদী বলেও মনে হয়। উত্তরমানবতাবাদের যুগে মানবতাবাদী হওয়া হয়তো কিছু মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় হয়ে ধরা না–ও দিতে পারে। তবে এ কথা মনে রাখা জরুরি যে সিরাজুল ইসলাম চৌধুরীর মানবতাবাদ কোনো সংকীর্ণ মানবতাবাদ নয়। এর মধ্যে একধরনের বিশালতা আছে, মানুষের পাশাপাশি প্রাণ ও প্রতিবেশকে সমান গুরুত্ব দেওয়ার আকাঙ্ক্ষা ও ইরাদা আছে।

সিরাজুল ইসলাম চৌধুরী অনেক বইয়ের লেখক। তাঁর লেখার সংখ্যা এত যে সব কটি লেখা একসঙ্গে করতে হলে ১৫ থেকে ২০টি আলাদা খণ্ড ছাপাতে হবে। এ লেখকের সুখ্যাতি মূলত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রচিত প্রবন্ধের জন্য। তবে উপন্যাস, ছোটগল্প, অনুবাদ—সব জায়গায় তাঁর বিচরণ সমান স্বতঃস্ফূর্ত। বাংলাদেশের চিন্তার জগতে কিন্তু তিনি আরেকভাবেও অবদান রেখেছেন। সম্পাদক হিসেবে অনেক নতুন লেখক ও বুদ্ধিজীবীকে পাঠকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। নতুন দিগন্ত নামের যে ত্রৈমাসিক পত্রিকাটিকে তিনি প্রবল পরিশ্রমে বছরের পর বছর ধরে প্রকাশ করে যাচ্ছেন, সেটি বাংলা ভাষায় প্রকাশিত সাহিত্য-সংস্কৃতিবিষয়ক পত্রিকাগুলোর মধ্যে একেবারে প্রথম সারির বলেই আমার বিশ্বাস। এর আগে তিনি সম্পাদনা করেছিলেন সময় নামের আরেকটি পত্রিকা।

সিরাজুল ইসলাম চৌধুরীর প্রথম বই প্রকাশিত হয় ১৯৬৪ সালে, অন্বেষা শিরোনামে। এটি ছিল একটি প্রবন্ধ সংকলন। এরপর প্রায় প্রতিবছরই তাঁর কোনো না কোনো বই প্রকাশিত হয়েছে। আগেই বলেছি, তাঁর লেখার ভুবন বেশ বিস্তৃত। তবে প্রকাশিত বইয়ের একটা বাছাই তালিকা করতে চাইলে তার মধ্যে স্বাধীনতা ও সংস্কৃতি (১৯৭৯), উনিশ শতকের বাংলা গদ্যের সামাজিক ব্যাকরণ (১৯৮০), উপনিবেশের সংস্কৃতি (১৯৯৮), শেকস্‌পীয়রের মেয়েরা (১৯৯৯), জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি (২০১৫), এবং পা রাখি কোথায় (২০১৮) বইগুলো অন্তর্ভুক্ত করতে হবে। এর সবই পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত। বাংলার সঙ্গে সঙ্গে তিনি ইংরেজি ভাষায়ও বেশ কিছু প্রবন্ধ লিখেছেন, যার কয়েকটি ইংরেজিতে প্রকাশিত তাঁর তিন বইয়ে অন্তর্ভুক্ত হয়েছে। এ ছাড়া সিরাজুল ইসলাম চৌধুরীর অসংখ্য লেখাপত্র নানা প্রবন্ধের সংকলন ও একাডেমিক জার্নালে ছড়িয়ে–ছিটিয়ে আছে। সমালোচনা সাহিত্যের জায়গা থেকে চিন্তা করলে, বিশেষভাবে বাংলাদেশের ইংরেজি ভাষায় লেখা অন্যান্য প্রবন্ধের সঙ্গে তুলনা করলে, এসব লেখার সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক গুরুত্ব বুঝতে সুবিধা হয়। জেন অস্টেন, টমাস হার্ডি ও জোসেফ কনরাডকে নিয়ে তিনি ইংরেজি ভাষায় যেসব আলোচনা করেছেন, যেভাবে তিনি তাঁদের সাহিত্যের সঙ্গে সমাজ বিবর্তনের সম্পর্কের বিশ্লেষণ করেছেন, তা যেকোনো পরিমাপেই বিশ্বমানের।

সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা প্রবন্ধের সংকলন শ্রেষ্ঠ প্রবন্ধ (২০১১) বইটির ভূমিকায় তিনি লিখেছেন, তাঁর লেখা যাতে যান্ত্রিক না হয়, সে–দিকে তাঁর বিশেষ খেয়াল ছিল। কেমন করে কথাসাহিত্য রচনার অভিজ্ঞতা তাঁর প্রবন্ধের ভাষার ওপর প্রভাব ফেলেছে—সে কথাও তিনি উল্লেখ করেছেন। এ ক্ষেত্রে যে বিবেচনাটি লেখকের চিন্তাকে প্রভাবিত করেছে, তা হচ্ছে প্রবন্ধ সাহিত্যও। প্রবন্ধের ভাষা সম্পর্কে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং এ মন্তব্যের মধ্যে ফিলিস্তিনি-মার্কিন সাহিত্য সমালোচক এডওয়ার্ড সাঈদের চিন্তার খানিকটা মিল চোখে পড়ে। গদ্য যে প্রবলভাবে রাজনৈতিক, তা সাঈদ বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখায় উল্লেখ করেছেন, তা সে ‘কনরাড: দ্য প্রেজেন্টেশন অব ন্যারেটিভ’-এর মতো প্রবন্ধেই হোক অথবা তাঁর সর্বশেষ প্রকাশিত বই, যেটি তাঁর মৃত্যুর প্রায় তিন বছর পরে প্রকাশিত হয়েছিল, অন লেট স্টাইল-ই (২০০৬) হোক। সাঈদের মতো সিরাজুল ইসলাম চৌধুরীও নিজের লেখার উপস্থাপনের রাজনীতি ও গদ্যের রাজনীতির কথা জোর দিয়ে বলেছেন। প্রবন্ধের ভাষার ক্ষেত্রে তিনি কতখানি সচেতন ও সৃষ্টিশীল, তা তাঁর পাঠকমাত্রই জানেন; তাঁর ভাষার ঋজুতা খুব চট করেই চোখে পড়ে। তবে এ কথাও সত্য যে তাঁর লেখা ভাষাসর্বস্ব নয়; কেমন করে বলছেন এবং কী বলছেন—এই দুইয়ের দ্বান্দ্বিকতা ও সামঞ্জস্য একই সঙ্গে তাঁর প্রবন্ধে বিদ্যমান। একটিকে ছাপিয়ে আরেকটির মাথা তুলে দাঁড়ানোর নমুনা তাঁর লেখায় খুব কম। একদিকে তাঁর গদ্যের ভাষা টান টান, মেদহীন; অন্যদিকে, চিন্তার নাভিরজ্জু প্রোথিত আছে ন্যায্য ও সাম্যবাদী সমাজ গঠনের ভাবনার মধ্যে। মানুষের হকের কথা, নারী অধিকারের কথা, পুঁজিবাদী আগ্রাসনের কথা বলতে গিয়ে তিনি কোনো ধোঁয়াশা তৈরির চেষ্টা করেননি। স্বভাবজাত ঋজু ভঙ্গিতে, স্পষ্ট ভাষায় নিজের ভাবনাগুলো তিনি হাজির করেছেন পাঠকের সামনে।

বিষয়বস্তুর দিকে চোখ ফেরালে দেখা যাবে, কিছু প্রসঙ্গে বারবার ফিরে গেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। বাঙালির জাতি পরিচয় ও জাতীয়তাবাদ বিষয়ে বিস্তর আলোচনা করেছেন। এই পরিচয়ের জায়গায় তাঁর জন্য গুরুত্বপূর্ণ ছিল বাঙালি ও বাংলাদেশিদের ‘বিদ্রোহ’ করার প্রবণতা ও সক্ষমতা। ভাষা আন্দোলন প্রসঙ্গে লিখতে গিয়েও এ বিষয়ের ওপরই জোর দিয়েছেন। কেন তিনি দ্রোহের মধ্যে আত্মপরিচয় খোঁজেন, সেটি তাঁর কাজ এবং জীবনকে বোঝার একটি গুরুত্বপূর্ণ ইশারা। তাঁর সমাজতন্ত্রকে অনেকেই হয়তো সেকেলে বলে মনে করতে পারেন। পুঁজিবাদের দাপটের যুগে মানুষ যে এর আত্মবিধ্বংসী প্রবণতাগুলো উপেক্ষা করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বিদ্রোহের মধ্যে যে সম্ভাবনা তিনি দেখেন, তা ধ্বংসের নয় বরং সৃষ্টিশীলতার সম্ভাবনা। পুঁজি যেহেতু সমগ্র সমাজকেই বাজারে পরিণত করে, তাই সেখানে সৃষ্টির আনন্দ পরিণত হয় উদ্বৃত্ত মূল্য আহরণের প্রতিযোগিতায়। পা রাখি কোথায় বইটির পাতায় পাতায় বিবৃত হয়েছে পুঁজির কাছে শিক্ষা ও সংস্কৃতির আত্মসমর্পণের কাহিনি। তবে সেই উচ্চারণে ক্ষোভ যতটা না চোখে পড়ে, তার চেয়ে বেশি কানে আসে হাহাকার। ক্ষোভ হাহাকারে রূপান্তরিত হলেও কিন্তু তিনি শিরদাঁড়া শক্ত করে দাঁড়ানোরই মন্ত্রণা দেন। বস্তুত, তাঁর ভেতর প্রবহমান এই হাহাকার ক্ষোভেরই শীতল বহিঃপ্রকাশ, আক্ষেপ ও দ্রোহের যূথবদ্ধ উচ্চারণ। তবে সিরাজুল ইসলাম চৌধুরীর নতুন ও পুরোনো অনেক লেখাতেই এই সমান্তরাল টানাপোড়েন চোখে পড়বে। তিনি ঋজু ভঙ্গিতে শান্তভাবে কথা বলেন। তাই তাঁর দ্রোহ কোনো কোনো ক্ষেত্রে স্পষ্টভাবে ধরা দেয় না। তবে ভালোভাবে কান পাতলে টান টান গদ্যের পাটাতনের নিচে বইয়ের ভেতর থাকা দ্রোহের কলরব ঠিকই শোনা যায়।

ব্যক্তিগত স্মৃতি রোমন্থনের মাধ্যমেই বরং এ লেখার সমাপ্তি টানা যাক। ২০১৮ সালে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে মার্ক্সের জন্মদ্বিশতবার্ষিকী উপলক্ষে সম্মেলন হচ্ছে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী উদ্বোধনী বক্তা। তিনি যথারীতি তাঁর পকেট থেকে প্রবন্ধটি বের করলেন এবং পড়লেন। পুরো বক্তৃতাটি যেহেতু লিখিত, তাই মনোযোগ দিয়ে শুনতে হয়। এর মধ্যে বাগাড়ম্বর নেই। বুক চাপড়ে আমি কি হনুরে বলে হইচই ফেলে দেওয়ার ইরাদা বা ভঙ্গি নেই। যতবার আমি সিরাজুল ইসলাম চৌধুরীর বক্তৃতা শুনতে গেছি, ততবার এই একই জিনিস দেখেছি। শ্রোতাকে মুগ্ধ করে বাহ্বা অর্জনের প্রয়াস আমার চোখে পড়েনি। পুঁজিবাদের এই নব্য–উদারতাবাদী স্তরে, নিজেকে ফেরি করার প্রচেষ্টায়, নিজের দিকে ক্যামেরার ফোকাস ঘোরানোর প্রচেষ্টায় কেউ কেউ যখন প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন, তখন সিরাজুল ইসলাম চৌধুরীর এই হাতে লেখা বক্তৃতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে গলাবাজ হলেই ‘র‌্যাডিক্যাল’ হওয়া যায় না। বিষয়বস্তু বা কনটেন্ট, কী লিখছি এবং সে লেখা শেষ পর্যন্ত গোটা অন্যায্য ব্যবস্থার শিকড়কে চিহ্নিত করতে পারছে কি না, সেই বিষয়ও একজন বুদ্ধিজীবীর জন্য সমান গুরুত্বপূর্ণ। সিরাজুল ইসলাম চৌধুরী এই গুরুত্বপূর্ণ কাজটি কোনো রকম দ্বিধা বা ভণিতা ছাড়াই বছরের পর বছর, যুগের পর যুগ ধরে করে যাচ্ছেন।

সাহিত্যের ছাত্র হিসেবে আমার মনে হয়, তাঁর লেখার সঙ্গে আমাদের পরিচিতি আরও গভীর হওয়া উচিত। কারও যদি তাঁর লেখার সঙ্গে দ্বিমত থাকে—থাকাটাই স্বাভাবিক—তবে সে দ্বিমত তাঁর লেখার পর্যালোচনার পরিপ্রেক্ষিতেই হওয়া জরুরি। সে ক্ষেত্রে বাংলা সাহিত্য সমালোচনার রুগ্‌ণ–শুষ্ক দেহটি আরেকটু সবল হবে। এমনকি যাঁরা তাঁর মত ও আদর্শের সঙ্গে একমত নন, তাঁরাও এই মানুষটির লেখালেখি থেকে অন্তত দুটি জিনিস শিখতে পারবেন। প্রথমটি হচ্ছে, কোনো ভণিতা ছাড়াই টান টান গদ্যে গভীর চিন্তা ও বিশ্লেষণ উপস্থাপন করা; আর দ্বিতীয়টি হলো, সাহিত্যের সঙ্গে যাপিত জীবনের সম্পর্কের সূত্রটিকে আবিষ্কার করার কায়দা।

সিরাজুল ইসলাম চৌধুরী এ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক ও বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম। তিনি শতবর্ষজীবী হোন এবং বাংলাদেশের মানুষের পক্ষে লড়াই অব্যাহত রাখুন, তাঁর ৮৮তম জন্মদিবসে এই শুভকামনা ব্যক্ত করছি।