ওয়াটারস্টোনস ডেব্যু ফিকশন পুরস্কার জিতলেন লুসি স্টিডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুসি স্টিডস
ছবি: সংগৃহীত

ব্রিটিশ লেখক লুসি স্টিডস তাঁর প্রথম উপন্যাস দ্য আর্টিস্ট–এর জন্য ২০২৫ সালের ‘ওয়াটারস্টোনস ডেব্যু ফিকশন প্রাইজ’ জিতেছেন। বিচারকেরা উপন্যাসটির গদ্যরীতির প্রশংসা করেছেন।

উপন্যাসটির পটভূমি ১৯২০ সালের প্রোভঁসের এক চিত্রশিল্পীর বাড়ি। ইংরেজি সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখা জোসেফ অ্যাডিলেইড, রহস্যময় ও নিভৃতচরিত্র চিত্রশিল্পী এদুয়ার তার্তুফ এবং তাঁর ভাতিজি—তাঁদের ঘিরে গল্প আবর্তিত হয়েছে।

এই পুরস্কারের অংশ হিসেবে স্টিডস পাঁচ হাজার পাউন্ড পাবেন। ছয়টি বইয়ের একটি সংক্ষিপ্ত তালিকা থেকে তাঁকে নির্বাচিত করা হয়েছে। সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য বইগুলো হলো—ক্যাথরিন আইরির কনফেশনস, গুরনায়েক জোহালের সরস্বতী, নিয়াম নি মাওইলোইনের অর্ডিনারি সেইন্টস, উইলিয়াম রেফেট হান্টারের সানস্ট্রাক এবং লিসা রিডজেনের হোয়েন দ্য ক্রেনস ফ্লাই সাউথ।

ওয়াটারস্টোনসের ৬৫০-এর বেশি বিক্রয়কর্মীর মতামত ও প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে নির্বাচিত বিচারকমণ্ডলীর মাধ্যমে স্টিডসকে বিজয়ী ঘোষণা করা হয়।

ওয়াটারস্টোনসের হেড অব বুকস বেয়া কারভালহো বলেন, ‘স্টিডসের উপন্যাসটির গদ্যরীতি আলাদাভাবে নজর কেড়েছে। এটি একটি রোমাঞ্চকর উপন্যাস, যা পাঠক পুরোপুরি উপভোগ করতে পারবেন। দ্য আর্টিস্ট–এ সব ধরনের পাঠকের জন্য কিছু না কিছু আছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি লুসি স্টিডসের পরবর্তী কাজের জন্য।’