ইন্টারনেট যেভাবে আমাদের পাঠের অভ্যাস বদলে দিচ্ছে

পাঠক হিসেবে আমরা গভীর এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে ব্যক্তিপর্যায়েও চলছে বই ও স্ক্রিনের সংস্কৃতির একধরনের টানাপোড়েন। সে টানাপোড়েনগুলো কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই যে লেখাটি আপনি এ মুহূর্তে পড়ছেন, আপনার এ পাঠ সম্পর্কে আমি কিছুটা অনুমান করতে পারি। হতে পারেন আপনি সাহিত্যপাতার পাঠক; বই ও পাঠাভ্যাস-সম্পর্কিত খবরে আগ্রহী বলে পড়ছেন। এখন বইমেলা চলছে। বইয়ের খোঁজখবর জানতে চান বলেই সাহিত্যপাতাটি হয়তো বেশি মনোযোগ দিয়ে পড়ছেন। অনলাইন পাঠক হলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা লিংক থেকে কিংবা ওয়েব থেকেও সরাসরি চলে আসতে পারেন এ লেখায়।

যেভাবেই হোক না কেন, ধর্ষণের কিংবা বড় ধরনের দুর্নীতি বা যুদ্ধের খবর অথবা বিনোদন বা ক্রীড়া তারকার খবরের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতায় নেমে এ লেখা আপনার কাছে পৌঁছেছে। কারণ, যেকোনোভাবে এ লেখা আপনার মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। প্রযুক্তিগত বা তথ্য বণ্টনের মাধ্যমের বদল তো বটেই, আপনার বদলে যাওয়া পাঠের অভ্যাসেরও এ লেখার সঙ্গে মিথস্ক্রিয়ায় ভূমিকা আছে।

মানবসভ্যতার কয়েক হাজার বছর লিখিত অক্ষর পাঠ করা ছিল গুটিকয়েকের বিশেষাধিকার। বই, স্ক্রল কিংবা পার্চমেন্ট হাতে লেখা হতো। অল্প কিছু মানুষের সুযোগ থাকত সেগুলো সংগ্রহ বা পাঠ করার। পৃথিবীর অধিকাংশ মানুষের যোগাযোগ ও মিথস্ক্রিয়ার মাধ্যম ছিল মূলত মৌখিক।

এ ধারায় প্রথমবারের মতো বৈপ্লবিক পরিবর্তন ঘটে পঞ্চদশ শতাব্দীতে জোহানেস গুটেনবার্গের প্রিন্টিং প্রেসের আবিষ্কারের মধ্য দিয়ে। এ প্রেক্ষাপটে সাক্ষরতার হার ধীরে ধীরে বাড়তে থাকে। শিল্পবিপ্লব ও কাগজের গণ-উৎপাদন বইয়ের পাঠের ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসে। শিক্ষা, সংবাদ, জনপ্রিয় উপন্যাস ও সাহিত্য মূলধারার ব্যাপার হয়ে ওঠে, যা আবার সমান্তরালে বাড়িয়ে তোলে পাঠাগার ও বইয়ের দোকান। লিখিত অক্ষরের আনন্দ আবিষ্কার করে মানুষ। কয়েক শ বছর ধরে চলে ছাপা হরফের এই আধিপত্য।

বিংশ শতাব্দীতে ছাপা হরফের আধিপত্যকে প্রথমবারের মতো চ্যালেঞ্জ জানায় টেলিভিশন। এরই ধারাবাহিকতায় গত শতকের নব্বইয়ের দশকের ওয়ার্ল্ডওয়াইড ওয়েব হয়ে একুশ শতকের তৃতীয় দশকের শুরুতে এসে ইন্টারনেট, ই-রিডার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি প্রযুক্তিগত ডিভাইস কিংবা তথ্য বণ্টনের নতুন মাধ্যমগুলো লিখিত অক্ষরের সঙ্গে আমাদের সম্পর্ককে নাটকীয়ভাবে বদলে দিয়েছে।

অক্ষরের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়া, পাঠের ধরনের এই গভীর রূপান্তর নিয়ে সংক্ষেপে কয়েকটি কথা বলব।

২.

কখনো খেয়াল করেছেন কি, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটারে কীভাবে নিউজফিড স্ক্রল করেন?

শত শত পোস্টের ভিড়ে আপনার ডান হাতের (ধরে নিচ্ছি, আপনি ডানহাতি) বুড়ো আঙুলের স্পর্শ কীভাবে নিউজফিডের নিচের দিকে নামতে থাকে এবং হঠাৎ দু-একটা পোস্টে আপনার আঙুল থেমে যায়। এই যে শত শত পোস্টের ভিড়ে কিছু পোস্টে আপনি থামলেন, এর কারণ হচ্ছে, পোস্টগুলো আপনার অপস্রিয়মাণ মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে।

একজন লেখক যখন লিখছেন, তাঁর লেখা যখন বিভিন্ন মিডিয়ামে হাজির হচ্ছে, তখন পাঠকের কাছে পৌঁছানোর পথে রয়েছে অনেক রকম প্রতিবন্ধকতা। এসব প্রতিবন্ধকতার মূল কারণ মানুষের অ্যাটেনশন স্প্যান কমে যাওয়া। ফলে লেখকদের কাজটা আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন। বলা দরকার, পাঠকের মনোযোগ পেতে লেখককে এখন রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে।

স্বীকার করুন বা না করুন, একজন লেখক অন্যান্য বিনোদনের নানা মাধ্যম ও বাজারব্যবস্থার নানা শক্তির সঙ্গে এখন ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রতিযোগিতায় লিপ্ত। প্রতিযোগিতা হলো পাঠকের মনোযোগ কাড়ার প্রতিযোগিতা। সত্যি বলতে, অন্য সব নেটনাগরিকের মতো একজন লেখকও ইন্টারনেট দুনিয়ায় একজন অ্যাটেনশন মার্চেন্ট—মনোযোগের, অডিয়েন্স আইবলের সওদাগর। ইউটিউবের ভিডিও, নানা ধরনের সোশ্যাল মিডিয়া—নেটফ্লিক্স, আমাজনের মতো ওটিটি প্ল্যাটফর্ম, অনলাইন গেমিংয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হচ্ছে লেখাকে। কারণ, বিনোদনের অসীম বিকল্প রয়েছে, অথচ মানুষের সময় ও মনোযোগ অত্যন্ত সীমিত।

৩.

আমরা অধিকাংশ মানুষ এখন আর বইয়ের মানুষ নই, স্ক্রিনের মানুষ। স্ক্রিনের ক্ষেত্রে বইয়ের ধ্রুপদি লজিক কাজ করে না। কাজ করে পিক্সেলের গতিময় প্রবাহের লজিক। স্ক্রিন কালচার দ্রুতগতির—৩০ সেকেন্ডের মুভি ট্রেলারের মতো, ছোট ছোট সাউন্ডবাইট, চিত্তাকর্ষক শিরোনাম, চমকপ্রদ ছোট ছোট বাক্য যেখানে সাধারণ নিয়ম।

স্ক্রিনে শব্দ চলাচল করে, ছবির সঙ্গে মিশে যায়, রং বদলায়, অর্থান্তরও ঘটে। মাঝেমধ্যে দেখা যায়, শব্দই নেই, আছে কেবল ইমেজ, ইমোজি, ডায়াগ্রাম। আছে সর্বতোব্যাপ্ত ইন্টারনেট মিম বা ভিজ্যুয়াল জোক।

পেজেও শব্দ পাঠের পাশাপাশি, আমরা এখন চলমান শব্দ বা বাক্য পড়ি বা চলচ্চিত্র পড়ি, লিরিক ভিডিও কিংবা মুভির সমাপ্তিসূচক ক্রেডিট লাইন পড়ি। এক অর্থে এটা যতটা না পড়া (রিডিং) তার চেয়ে বেশি স্ক্রিনিং। স্ক্রিনিং এ অর্থে যে এখানে শব্দ বা অক্ষর পাঠ করা শুধু নয়, শব্দ ও ইমেজ দেখতেও হয়। নতুন এই মিডিয়ামের নতুন কিছু বৈশিষ্ট্য আছে। এই প্ল্যাটফর্ম অনেক বেশি ভিজু৵য়াল, যেখানে অক্ষরের সঙ্গে ইমেজ মিলেমিশে একাকার হয়ে যায়। স্ক্রিনে শব্দ বা অক্ষরের এই মিলমিশের ফলে নতুন মিডিয়ামকে বলা যায় ‘দেখার বই’ বা ‘পড়ার টিভি’।

দেখার বই বা পড়ার টিভির প্রভাব পাঠকদের মধ্যে ইতিমধ্যে পড়তে শুরু করেছে। বিশ্বব্যাপী মানুষের পাঠাভ্যাস গভীর রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে টেক্সট লজিক থেকে ধীরে ধীরে স্ক্রিন লজিকের দিকে ধাবিত হচ্ছে মানুষ। যেমন, ইউটিউবে বা ওটিটি প্ল্যাটফর্মগুলোতে সিনেমা বা সিরিজ দেখার সময় যেমন ১০, ১৫ বা ২০ সেকেন্ড টেনে দেখার সুযোগ আছে, পাঠকদের মধ্যেও তেমন স্কিপ করার প্রবণতা দিন দিন বাড়ছে। ইতিমধ্যে বেশ কিছু গবেষণায় এই স্কিপিংয়ের নজির মিলছে।

ইন্টারনেটের সঙ্গে বেড়ে ওঠা অধিকাংশ লেখক পাঠাভ্যাসের এ রূপান্তর সম্পর্কে সচেতন। লেখকেরাও এটা মাথায় রেখেই লিখছেন যে পাঠক স্কিপ করবে। লেখকদের মধ্যে বেশি বেশি প্যারাগ্রাফিং, ছোট ছোট বাক্য লেখার প্রবণতা বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ব্লগ থেকে শুরু করে ইন্টারনেটে লিখে অভ্যস্ত লেখকদের লেখায় দীর্ঘ অনুচ্ছেদ ইতিমধ্যে বিপন্ন, অনেক ক্ষেত্রে বিলুপ্তপ্রায় জিনিস। ছোট ছোট অনুচ্ছেদ, এমনকি ১-২ বাক্যের অনুচ্ছেদ অতি সাধারণ ঘটনা। এই যখন বাস্তবতা, তখন লম্বা অনুচ্ছেদ কি আগামী দিনে বিলুপ্ত হয়ে যাবে?

মনে করা যাক, আপনার লেখা ১০০ জন পাঠকের কাছে পৌঁছাচ্ছে। গড়ে তাঁদের ৮০ জন শুধু শিরোনাম দেখবে, বাকি ২০ জন হয়তো সম্পূর্ণ অংশটুকু পড়বে। এবং সম্পূর্ণ লেখা মনোযোগ দিয়ে পড়ার পাঠক দিন দিন কমছে। এ কারণে আজকাল লেখকেরা তাঁদের সময়ের একটা বড় অংশ ব্যয় করেন চমকপ্রদ মনোযোগ আকর্ষণকারী শিরোনাম লেখার কাজে।

এগুলোই স্ক্রিন লজিকের সরাসরি প্রভাব, কেবল সংবাদমাধ্যমের খবরে নয়, সাহিত্যের মধ্যেও যার ছাপ এখন স্পষ্ট। কাগজে ছাপা বইয়ের লেখকেরাও তাই সচেতনভাবে চমকপ্রদ বাক্য ও ছোট ছোট অনুচ্ছেদ লিখতে বাধ্য হচ্ছেন।

প্রচ্ছদ ডিজাইনের ক্ষেত্রে প্রচ্ছদশিল্পীদের এখন একটি প্রধান চিন্তা প্রচ্ছদটি ইনস্টাগ্রামওয়র্দি হচ্ছে কি না—মানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচ্ছদটি সহজেই পাঠকের মনোযোগ আকর্ষণে সমর্থ কি না। এখন বই লেখা থেকে বিপণন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটিতে মনোযোগের কেন্দ্রে থাকছে পাঠকের দৃষ্টি আকর্ষণের বিষয়টি।

প্রায় সব ধরনের জরিপে দেখা যাচ্ছে, বিশ্বব্যাপী ফিকশনের চেয়ে নন-ফিকশনের পাঠক ক্রমাগত বাড়ছে। আমাদের মনে হয়, নন-ফিকশনের জনপ্রিয়তার অন্যতম একটি কারণ হলো, ফিকশনে স্কিপ করার সুযোগ কম বা নেই বললেই চলে। কিন্তু বইয়ের মূল বক্তব্য মিস না করেই নন-ফিকশনে স্কিপ করা যায়। একই সঙ্গে পাঠকের মনোযোগ ধরে রাখতে নন-ফিকশনও ক্রমশ হয়ে উঠছে ন্যারেটিভধর্মী।

ফিজিক্যাল বই এখন আর বিনোদনের মূল মাধ্যমের স্থানে নেই। সেখানে জায়গা করে নিয়েছে ডিজিটাল বিকল্পসমূহ। মানুষ কাগজে ছাপা বই পড়বে না—এমন আশঙ্কা যদিও অমূলক প্রমাণিত হয়েছে এবং বিশ্বব্যাপী ফিজিক্যাল বইয়ের বিক্রি বাড়ছে, কিন্তু ভিডিও গেমস, সামাজিক যোগাযোগমাধ্যম বা পাঠের ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোর কারণে প্রথাগত বই পড়া এবং গল্প বলার ধরনেও গভীর প্রভাব পড়তে শুরু করেছে।

আদতেই পাঠক হিসেবে আমরা গভীর এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে ব্যক্তিপর্যায়েও চলছে বইয়ের ও স্ক্রিনের সংস্কৃতির একধরনের টানাপোড়েন। এই টানাপোড়েনে কে জিতবে? বোধ করি স্ক্রিন সংস্কৃতির জয়ের সম্ভাবনা অনেক বেশি। ভবিষ্যতের পৃথিবী সেদিকেই যাচ্ছে। ফলে কাগজে ছাপানো বইয়ের পড়ার ক্ষেত্রেও এই স্ক্রিন লজিক আগামী দিনগুলোতে হতে যাচ্ছে একটি অনিবার্য বাস্তবতা।