গুন্টার গ্রাসের স্ত্রী উটে গ্রাসের প্রয়াণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮৬ সালে ঢাকার রাস্তায় গুন্টার গ্রাস ও উটে গ্রাস, ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

শেষ যাত্রার আগেই গুন্টার গ্রাস আর তাঁর স্ত্রী উটে গ্রাস উত্তর জার্মানির কিল শহরের বাড়িতে ছুতার ডেকে মৃত্যুর বেশ আগেই নিজেদের পছন্দের দুটি কফিন বানিয়েছিলেন। কফিন বানানো শেষে ছুতারকে বলেছিলেন, কফিনের উভয় পাশে আট সন্তানের জন্য আটটি হাতল স্থাপন করতে, যেন তাঁরা তা বহন করতে পারেন। কফিন বানানো শেষে গুন্টার গ্রাস একবার সেই কফিনে শুয়েও দেখেছিলেন। সেই ছবি তোলা হয়নি বলে আক্ষেপ ছিল উটে গ্রাসের। কিন্তু এখন আর আক্ষেপ করার মানুষটিও নেই। উটে গ্রাস মারা গেছেন গত ২৪ এপ্রিল।

গুন্টার গ্রাস মারা গেেছন ২০১৫ সালের ১৩ এপ্রিল। তাঁর আমৃত্যু সঙ্গী উটে গ্রাসও মারা গেলেন সেই এপ্রিলেই। তিনি ছিলেন গুন্টার গ্রাসের লেখালেখির প্রথম পাঠক ও সমালোচক। পাশে থাকতেন ছায়ার মতো। যেকোনো অনুষ্ঠানে গ্রাসের ভক্ত ও পাঠককুল যখন এ যশস্বী লেখককে ঘিরে রাখতেন, তখন উটে থাকতেন একটু দূরে, নিভৃতে। গ্রাস যেখানেই গেছেন, উটেকে সঙ্গে নিয়ে গেছেন। তিনবার কলকাতা সফর করেছেন উটেকে নিয়ে, এসেছিলেন ঢাকা শহরেও৷

১৯৮৬ সালের ডিসেম্বর মাসে ঢাকা সফরে এসেছিলেন এই দম্পতি। তখন তাঁদের ঢাকা ঘুরিয়ে দেখান কবি বেলাল চৌধুরী। আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনের ক্যামেরায় সে সময় তাঁরা ধরা পড়েছেন ঢাকার পথে–প্রান্তরে। দেখেছেন পুরান ঢাকার অলিগলি। জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে পাঠ করেছেন কবিতা। ঢাকা থেকে গিয়ে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী আর জেনেভা ক্যাম্পে বিহারিদের সমস্যার কথাও বলেছিলেন বিশ্বনন্দিত লেখক গুন্টার গ্রাস।

মৃত্যুর আগে গুন্টার গ্রাসের নিজের জীবনভিত্তিক লেখা ভোন এন্ডলিচাকইট বা শেষ গন্তব্যের দিকে। নিজের অাঁকা স্কেচ, কবিতা ও ছোট গদ্যধর্মী এই বইতে তাঁর জীবনের মূল্যায়ন করেছিলেন। তাঁর মৃত্যুর পর প্রকাশ পায় বইটি। এখানে তাঁর চলে যাওয়া সম্বন্ধে গ্রাস লিখেছিলেন, তাঁর পরপারে যাওয়ার আগেই যদি উটে চলে যান, তবে তা হবে নরকসম। উটের আগে এই পার্থিব দুনিয়া ছেড়ে যাওয়ার অনুমান আর আতঙ্ক, গুন্টার গ্রাসের ক্ষেত্রে শেষ পর্যন্ত সঠিক হয়নি। গ্রাস চলে যাওয়ার ছয় বছরের মাথায় উটে চলে যান পরপারে।