দুপুরের খাবার খেতে দরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চাশ আর ষাটের দশকের তরুণ সাহিত্যিকদের দারুণ সব আড্ডার দল ছিল। পুরান ঢাকার কোনো রেস্টুরেন্ট কিংবা কোনো পত্রিকা অফিসকে কেন্দ্র করে তাঁদের এসব মজমা সরগরম হয়ে উঠত। গান-কবিতা আর খুনসুটিতে সরব থাকত আড্ডাগুলো। হাসান হাফিজুর রহমানকে কেন্দ্র করে সওগাত পত্রিকার অফিসে এমন একটি আড্ডা ছিল। কবি হাসান হাফিজুর রহমান সে সময় সওগাত–এ চাকরি করতেন। আর তাঁর সূত্রে ওই অফিসে হাজির হতেন সৈয়দ শামসুল হক, আবদুল গাফ্​ফার চৌধুরীসহ আরও বেশ কয়েকজন বিখ্যাত সাহিত্যিক। মেতে উঠতেন আড্ডাবাজিতে। তখন গল্প-কবিতা লেখা ছাড়া তাঁদের অধিকাংশেরই তেমন কোনো চাকরি–বাকরি ছিল না। দুপুরের খাবারের সময় তাঁরা এখানে–ওখানে ঢুঁ দিয়ে সুযোগ বুঝে ফ্রিতে খেয়ে নিতেন।

তাঁদের এই দলকে খুব স্নেহ করতেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন। ফলে এই দলের সদস্যরাও সুযোগটা কাজে লাগাতেন। অধিকাংশ সময়ে দুপুরের খাবারটা সওগাত সম্পাদকের ওপরেই চালিয়ে দিতেন। তো নাসিরউদ্দীন সাহেব এই ফ্রি খাওয়াটাকে কন্ট্রোল করতে অভিনব এক নিয়ম তৈরি করলেন, লাঞ্চ আর চায়ের টাকা দেওয়া হবে বটে, তবে তার বিস্তারিত কারণ দর্শিয়ে দরখাস্ত দিতে হবে।

তখন সৈয়দ শামসুল হক ও তাঁর বন্ধুরা মিলে নাসিরউদ্দীন বরাবর এই মর্মে দরখাস্ত লিখলেন: আমরা কয়েকজন অনাহারী সাহিত্যিক আপনার পাশের গুদামঘরে বসে আছি। দুপুরে খাওয়াতে হবে।

দরখাস্তে দুপুরের খাবার তো জোগাড় হলো। এখন সিগারেট খাওয়ার পয়সা পাওয়া যাবে কোথায়? এ সময় হাসান হাফিজুর বুদ্ধি খাটিয়ে ওই দরখাস্তে আরেকটি লাইন যুক্ত করলেন, ‘“বাজে খরচে’র জন্য লাগবে আট আনা।’

কিন্তু নাসিরউদ্দীন সাহেব সেই দরখাস্ত ফেরত পাঠালেন। বললেন, ‘বাজে খরচ’টা পরিষ্কার করে লিখতে হবে।

বোঝা যাচ্ছে, সে সময়ের তরুণ কবি–সাহিত্যিকদের তুলনায় বয়োজ্যেষ্ঠ সম্পাদক নাসিরউদ্দীনও কম রসিক ছিলেন না।

সূত্র: সৈয়দ শামসুল হকের তিন পয়সার জ্যোছনা

গ্রন্থনা: বাশিরুল আমিন