বসকে বশ করতে জানুন ‘বস ম্যানেজমেন্ট’
সরকারি, বেসরকারি, কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেখানেই কাজ করুন, আপনার একজন রিপোর্টিং বস আছেন। তিনি আমাদের জীবনকে সরাসরি প্রভাবিত করেন। দিক্নির্দেশনা, সিদ্ধান্ত ও কাজের জন্য প্রয়োজনীয় রিসোর্সের জোগান দিয়ে আমাদের সাহায্য করেন সফল হতে। একজন সঠিক ও দক্ষ বস তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্ব দিয়ে আমাদের জীবনকে সমৃদ্ধ করেন। অন্যদিকে অদক্ষ ও নীচু মানসিকতার বস চাকরি ও ব্যক্তিজীবনে ফেলতে পারেন চরম ভোগান্তিতে। কিছু নিয়মকানুন, বসের কাজ করার ধরন ও পছন্দ-অপছন্দ জানা থাকলে তাঁকে ম্যানেজ বা বশ করা খুব কঠিন নয়। কিন্তু ম্যানেজ করার সেই গাইডলাইন কি সেভাবে পাওয়া যায়?
বসকে ম্যানেজ করার সেসব গাইডলাইন ও কৌশল নিয়েই আবীর শওকত হায়াত লিখেছেন ‘বস ম্যানেজমেন্ট: কর্মক্ষেত্রে সাফল্যের উপায়’। সম্প্রতি বইটির ৩য় মুদ্রণ বাজারে এনেছে প্রথমা প্রকাশন।
আবীর শওকত হায়াতের জন্ম ১৯৭৩ সালের ২ ফেব্রুয়ারি, টাঙ্গাইল শহরের প্যারাডাইস পাড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে দ্বিতীয়। সিইও এবং সিওও হিসেবে বেশ কয়েকটি কোম্পানি পরিচালনা করেছেন। ফ্যাসিলিটেটর হিসেবে এক দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) এমবিএ ও ডক্টরাল প্রোগ্রামে পড়াচ্ছেন। দেশের প্রথম সারির একজন ট্রেইনার হিসেবে লিডারশিপ ডেভেলপমেন্ট, বিজনেস স্ট্র্যাটেজি, সেলস এবং এইচআর বিষয়ে প্রফেশনালদের প্রশিক্ষণ দিচ্ছেন। বর্তমানে সহজ ভাষায় এসব বিষয়ে লেখালেখি করছেন তিনি। প্রথমা থেকে প্রকাশিত তাঁর ‘অফিস পলিটিকস’ বইটিও পাঠক সমাদৃত হয়েছে।
‘বস ম্যানেজমেন্ট: কর্মক্ষেত্রে সাফল্যের উপায়’-এর প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। বইটির গায়ের মূল্য ২৬০ টাকা। পাওয়া যাচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করুন prothoma.com থেকে। এ ছাড়া সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।