‘বাজার ধরতে বউয়ের নামে লিখছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলকুমার মজুমদার
প্রতিকৃতি: সংগৃহীত

‘লেখকদের লেখক’ হিসেবে খ্যাত কমলকুমার মজুমদার ছিলেন আদ্যোপান্ত রসিক মানুষ। যেমনি কথায়, তেমনি কাজেও। পড়তেন মিশনারি স্কুলে, খুব কড়া নিয়মকানুন ছিল সেখানে। তবে এসব কি আর তাঁর ভালো লাগে! স্কুল থেকে ছুটি নিতে নিজেই বাবার নামে চিঠি লিখে পাঠাতেন শিক্ষকদের কাছে। তারপর ওই চিঠির বদৌলতে তিনি ও তাঁর ভাই নীরদচন্দ্র ফাঁকি দিতেন স্কুল। এ তো গেল তাঁর ছোটবেলার কথা। কিন্তু বড় বেলায় কী করতেন কমলকুমার মজুমদার?

তাঁর লেখা খুব কম লোকজন পড়ে—এই ব্যাপারটা নিয়ে নির্মম রসিকতা করতেন কমলবাবু। একবার তাঁর এক বন্ধুকে বললেন, ‘আমার বই বিক্রি হলো আটাশটা, লোকজন আবার সেই বই ফিরিয়ে দিল উনত্রিশটা!’

এক সাক্ষাৎকারে কমলকুমারের স্ত্রী, যিনি নিজেও ছিলেন সাহিত্যিক, সেই দয়াময়ী মজুমদার বলেছিলেন, ‘একবার দুবরাজপুর থেকে ঘুরে এসে আমার ভ্রমণকাহিনি লেখার খুব ইচ্ছে হলো। লিখেওছিলাম কিছুটা। ওঁকে সে কথা বলায় বললেন, “লেখার দরকার নেই। লোকে তো আর বুঝবে না তুমি লিখেছ! বলবে, বাজার ধরতে কমলকুমার এবার বউয়ের নামে লিখছে।”’

আরেকবার স্ত্রীকে তিনি বলেছিলেন, ‘আমার কিছু হলো না। বুঝলে, ত্যাগ না করলে কিছু হয়ও না।’

তাঁর স্ত্রী দয়াময়ীও কি কম যান, তিনি কমলকুমারকে ত্বরিৎ উত্তর দিলেন, ‘ত্যাগ! সে আর তুমি করলে কোথায়! যা ত্যাগ করার, সে তো আমিই করলাম।’

শেষ জীবন কমলকুমার মজুমদারের জীবন কেটেছে খুবই কষ্টে। এর সঙ্গে ছিল প্রবল অর্থকষ্ট। একই সময়ে শ্বাসকষ্টেও ভুগছিলেন। তবে কখনো ডাক্তার দেখাতেন না। একবার এক সাহিত্যিক তাঁকে ‘চিকিত্সা করান না কেন?’ জিজ্ঞেস করায় বলেছিলেন, ‘ছেলেপুলে নেই তো, বৃদ্ধ বয়সে কিছু একটা নিয়ে তো থাকতে হবে! তাই এই শ্বাসকষ্টকে নিয়েই আছি।’

সূত্র: শুভ মুখোপাধ্যায় সম্পাদিত কমলকুমার সৃষ্টি বৈচিত্র্যের খোঁজে

গ্রন্থনা: বাশিরুল আমিন