বিশ্বের সবচেয়ে সুন্দর বইয়ের দোকান

মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র হলো বইয়ের দোকান। পৃথিবীতে অনিন্দ্যসুন্দর এমন কিছু বইয়ের দোকান আছে, যার সাজসজ্জা দেখলেও মন ভালো হয়ে যায়। অন্তর্জাল ঘেঁটে বিশ্বের সবচেয়ে সুন্দর কয়েকটি বইয়ের দোকানের খোঁজ জানাচ্ছেন মারুফ ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেকি বুক শপ

বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন বইয়ের দোকানের নাম লেকি বুক শপ। দোকানটি স্কটল্যান্ডের পুরোনো চার্চ স্ট্রিটে অবস্থিত। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত দোকানটিই স্কটল্যান্ডের সবচেয়ে বড় বইয়ের দোকান। দোকানটিতে এক লাখের বেশি বই রয়েছে। পুরোনো বইও বিক্রি করে লেকি বুক শপ। দোকানটির অবকাঠামো পোড়া কাঠ দিয়ে তৈরি। এই কাঠের সাজসজ্জাই তাকে দিয়েছে আলাদা সৌন্দর্য। স্থানীয় বাসিন্দারা তো বটেই, পর্যটকেরাও প্রতিদিন ভিড় করেন এখানে। কোনো পর্যটক স্কটল্যান্ডের ইনভার্সেন এলাকায় গেছেন, আর লেকি বুক শপে ঢুঁ মারেননি, এমনটি হওয়ার জো নেই।

লিভরারিয়া লেলো

পর্তুগালের এই বইয়ের দোকান ১১৫ বছরের পুরোনো। মাত্র এক হাজার বই নিয়ে ১৯০৬ সালে পর্তুগালের পোর্টু শহরে যাত্রা শুরু করেছিল দোকানটি। এটি শুধু একটি গতানুগতিক বইয়ের দোকানই নয়, এটি একটি কফি শপও বটে। কফির মগে চুমুক দিতে দিতে আপনি অনায়াসে আপনার পছন্দের বইটি খুঁজে নিতে পারবেন এখান থেকে।

ওয়ার্ড অন দ্য ওয়াটার

পানির ওপরে শব্দ—নাম থেকেই খানিকটা আন্দাজ করা যায় এই দোকানের বৈশিষ্ট্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি একটি ভাসমান বইয়ের দোকান। লন্ডনের রিজেন্টস খালের ওপর ভেসে আছে দোকানটি। প্রতিদিন শত শত মানুষ দোকানটি একনজর দেখার জন্য ভিড় করেন। চক্ষু শীতলকারী সৌন্দর্যের এ দোকান প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২০ সালে। সেই থেকে এখনো চলছে।

এভরিপিদিস বুক শপ

সক্রেটিসের শহর বলে পরিচিত যে শহর, সেই শহরে একটি অনিন্দ্যসুন্দর বইয়ের দোকান থাকবে, এটাই তো স্বাভাবিক। এভরিপিদিস বুক শপ গ্রিসের এথেন্স শহরে অবস্থিত। এর বয়সও কম নয়। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় এভরিপিদিস বুক শপ। এখন এটিই গ্রিসের সবচেয়ে বড় বইয়ের দোকানের স্বীকৃতি পেয়েছে।

লাইব্রেরিয়া অ্যাকুয়া আল্টা

লাইব্রেরিয়া অ্যাকুয়া আল্টা শুধু ইতালির সবচেয়ে সুন্দর বইয়ের দোকানই নয়, বিশ্বের অন্যতম সুন্দর একটি বইয়ের দোকান হিসেবেও পরিচিত। দোকানটি ইতালির ভেনিসে অবস্থিত। বই প্রদর্শনে নান্দনিকতার কারণে এটি এখন সারা পৃথিবীতে সমাদৃত।

সূত্র: প্যান ম্যাকমিলান