যুগে যুগে বাঙালির প্রেম
আমাদের গল্প–উপন্যাসে যুগে যুগে প্রেমের প্রকাশে এসেছে পরিবর্তন, একেক কালে প্রেম ধরা দিয়েছে একেক রকম বিভঙ্গে।
আদি যুগ
নগরে বারিহিরেঁ ডোম্বি তোহোরি কুড়িয়া।
ছোই ছোই যাই সো বাহ্ম নাড়িআ।।
অলো ডোম্বি তোএ সম করিবে ম সাঙ্গ।
নিঘিণ কাহ্ন কাপলি জোই লাঙ্গ।।
—কাহ্নপা, চর্যাপদ
মধ্যযুগ
কে না বাঁশি বাএ বড়ায়ি কালিনী নইকুলে।
কে না বাঁশি বাএ বড়ায়ি এ গোঠ গোকুলে।।
আকুল শরীর মোর বেআকুল মন।
বাঁশরী শবদেঁ মো আঊলাইলোঁ রান্ধন।।
—বড়ু চণ্ডীদাস, শ্রীকৃষ্ণকীর্তন
আধুনিক যুগ
অনন্তর সমুদ্রের জনহীন তীরে, এইরূপে বহুক্ষণ দুইজনে চাহিয়া রহিলেন। অনেকক্ষণ পরে তরুণীর কণ্ঠস্বর শুনা গেল। তিনি অতি মৃদুস্বরে কহিলেন, ‘পথিক, তুমি পথ হারাইয়াছ?’
এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয়বীণা বাজিয়া উঠিল।
—বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কপালকুণ্ডলা
আপনার সঙ্গে কোথাও চলে যেতে সাধ হয় ছোটবাবু।
গভীর দুঃখের সঙ্গে শশীর মনে হয় এ কথা কুসুমের বানানো। [...]
কুসুম নিশ্বাস ফেলিয়া বলিল, ‘আপনার কাছে দাঁড়ালে আমার শরীর এমন করে কেন ছোটবাবু?’
‘শরীর! শরীর! তোমার মন নাই কুসুম?’
—মানিক বন্দ্যোপাধ্যায়, পুতুলনাচের ইতিকথা
আমি ঢাকায় আসার সময় ট্রেনে উঠেছি—দেখলাম তুমি অন্যদিকে তাকিয়ে আছ। একবারও আমার দিকে তাকাচ্ছ না। আমি প্রথমে ভাবলাম রাগ করে তাকাচ্ছ না। তারপর হঠাৎ দেখি তোমার চোখভর্তি পানি। আমার কী যে আনন্দ হলো। তখন ভাবলাম কিছুদিন তোমাকে কষ্ট দিয়ে দেখি। আনন্দকে তীব্র করার জন্যে কষ্টের প্রয়োজন আছে, তা–ই না?
আমার অর্কিড গাছগুলোতে ফুল ফুটলেই আমাকে খবর দেবে। আমি চলে আসব।
ডাক্তার সাহেব, তুমি আমার জন্যে দু–ফোঁটা চোখের জল ফেলেছ—তার প্রতিদানে আমি ‘জনম জনম কাঁদিব।’
—হুমায়ূন আহমেদ, তেঁতুল বনে জোছনা