পণ্ডিত মানুষ হিসেবে ড. মুহম্মদ শহীদুল্লাহ্কে যে রকম ভাবগম্ভীর আর কাঠখোট্টা মানুষ মনে হয়, বাস্তবে তিনি ছিলেন তার উল্টো। তাঁর কথায় খুব রস ছিল, নিজেকে নিয়েও মজার মন্তব্য করতেন। এমনকি কাউকে ধমক দেওয়ার সময়ও কৌতুক করতে ভুলতেন না।
পঞ্চাশের দশকের কথা। একদিন ড. মুহম্মদ শহীদুল্লাহ্ আর তাঁর ছেলে শিল্পী মুর্তজা বশীর লাইব্রেরি রুমে বসে ছিলেন, এমন সময় পিয়ন এল। বেশ কিছু চিঠি দেওয়ার পর তিনি একটি চিঠি দেখে বললেন, এ নামে এখানে কেউ থাকে না। এ সময় মুর্তজা বশীর চিঠিটা হাতে নিয়ে তাঁকে বললেন, ‘বাবা, চিঠিটা আমার।’ তখন মুহম্মদ শহীদুল্লাহ্ বিস্ময়াবিভূত! মুখে যেন কথাই ফুটছে না, এমনভাবে বললেন, “’মূর্তজা’ বশীর তুমি?’ ছেলে উত্তরে বললেন, হ্যাঁ।
বলা দরকার, মুর্তজা বশীর তখন মুর্তজা বানানের ম-এর নিচে দীর্ঘ উ–কার দিতেন। তাই চিঠিটা হাতে নিয়ে ছেলেকে একটা ধমক দিলেন শহীদুল্লাহ। বললেন, ‘মূর্খ বানানে দীর্ঘ উ–কার হয়। তুমি তো মূর্খ নও। তুমি লিখবে ম–তে হ্রস্ব উ–কার দিয়ে, “মুর্তজা”।’
শহীদুল্লাহ্ নিজেকে নিয়েও যে মজা করতেন, তার উৎকৃষ্ট উদাহরণ মিলবে আরেকটি গল্পে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কয়েক বছর পরের কথা। অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার সে সময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষের দায়িত্বে। একদিন আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পথঘাটে লোকজন নেই। রমেশচন্দ্র মজুমদারের বালক পুত্র প্রাধ্যক্ষ ভবনের একতলার জানালা দিয়ে বাইরের বৃষ্টি দেখছে। হঠাৎ সে মহা উত্তেজিত হয়ে তার মাকে চিৎকার করে বলল, ‘মা, মা, দেখে যাও, রাস্তা দিয়ে একটা ছাতা হেঁটে যাচ্ছে।’ আসলে প্রাধ্যক্ষের ভবনের সামনে দিয়ে তখন বিশ্ববিদ্যালয়ের দিকে হেঁটে যাচ্ছিলেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ্। পরনে আলখাল্লা আর বৃষ্টির কারণে তিনি বেশ বড় একটি ছাতা নিয়েছিলেন। দূর থেকে তাঁকে ছাতাই মনে হচ্ছিল। এ ঘটনায় শহীদুল্লাহও বেশ মজা পেয়েছিলেন।
আরেকবার তিনি চুয়াডাঙ্গায় গেছেন। সেখানে ভিক্টোরিয়া জুবিলি উচ্চবিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবি। খাবার টেবিলে জমে উঠল তুমুল আড্ডা। তো আড্ডায় এক শিক্ষক শহীদুল্লাহ্র কাছে তাঁর জীবনের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাচ্ছিলেন। তিনি বিভিন্ন প্রশ্নের পর জিজ্ঞেস করলেন, ‘স্যার, যদি কিছু মনে না করেন, তাহলে জন্মতারিখটা বলবেন?’ এ সময় শহীদুল্লাহ্র উত্তরটি ছিল দারুণ সরস, ‘আমার জন্মতারিখ ১৮৮৫ খ্রিষ্টাব্দের ১০ জুলাই। কিন্তু মৃত্যুর তারিখ তো দিতে পারছি না। তবে আমার বিয়ের তারিখটি লিখে রাখো। তারিখটা হলো, টেন কিউব।’ এবার সবাই বেশ বিপাকে পড়ে গেলেন, এর মানে কী? গোমরটা অতঃপর ফাঁস করলেন শহীদুল্লাহ্ই, টেন কিউব মানে হলো, দশ সংখ্যাটি তিনবার। অর্থাৎ ১৯১০ সালের ১০ম মাসের ১০ তারিখ। সব মিলিয়ে দাঁড়াল, বছরটা ১০, মাসটাও ১০ এবং তারিখটাও দশ।
সূত্র: বাংলা একাডেমি থেকে প্রকাশিত ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মারকগ্রন্থ ও মুর্তজা বশীরের সাক্ষাৎকার।
গ্রন্থনা: বাশিরুল আমিন