লেখকের জন্য যুক্তি নাকি প্রযুক্তি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির বদৌলতে প্রতিটি মানুষের কণ্ঠ এখন সোচ্চার। তাই প্রতিনিয়ত সে যোগাযোগ করে, অনুভূতি ভাগাভাগি করে, কাউকে সাহায্য করে, করে সতর্ক কিংবা দেয় নির্ভেজাল আনন্দ। কিন্তু প্রযুক্তি না থাকলে তার কণ্ঠ কি শোনা যেত? আছে বলেই তার মত জানা যায়, তার দর্শনে একমত বা দ্বিমত পোষণ করা যায়। প্রযুক্তি মানুষকে তার কণ্ঠ বারবার শোনানোর সুবিধা দিয়েছে। আবার প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে যোগাযোগের ধারাও গেছে বদলে প্রেমপত্রের জায়গায় ছোট্ট বার্তা, বইয়ের পাতায় চাপা শুকনো ফুলের বদলে লালে-গোলাপিতে হৃদয়ের কাল্পনিক আকৃতির চিত্র, ঝাপসা এক টুকরা স্মৃতিগন্ধমাখা ছবির পরিবর্তে হাজার সেলফি। এত কিছু যখন বদলে গেছে, তখন কেবল লেখক আর তাঁর লেখার পদ্ধতি ও প্রকাশ বদলাবে না কেন? বদলায় বলেই লেখক এখন পৃথিবীর যেকোনো প্রান্তে থাকুক না কেন, তাঁর রচনা আর পাঠকের মধ্যে কোনো দূরত্ব নেই, নেই প্রকাশের ঝামেলা। সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে আছে টুইটার, রেডিট, ফেসবুক, আরও কত মাধ্যম! লেখকের জন্য ভৌগোলিক সীমারেখা তাই এখন মুহূর্তেরও বাধা নয়।

প্রতিটি মানুষ প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে। লেখকও তাই করেন। লেখার জন্য তাঁর দরকার হয় নির্দিষ্ট উপাদান। প্রযুক্তি মূলত তৈরি হয় মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের অনুকরণে। যেমন হাতের মুঠির অনুকরণে হাতুড়ি, দাঁতের মতো কাজ করতে করাত। লেখকের হাতেও থাকে আঙুলের অনুকরণে তৈরি, কলম। সিগমুন্ড ফ্রয়েডের মতে, ‘প্রযুক্তি দিয়ে মানুষ নিজেকে এমনভাবে সাজায় যেন সে বিধাতা। অঙ্গরূপ প্রযুক্তিগুলো পরিধান করলে তার ক্ষমতা অসামান্য কিন্তু সেসব মোটেও তার শরীর থেকে গজায়নি।’ লেখকের ক্ষেত্রে আঙুলের কাজ করে কলম-পেনসিল কিংবা টাইপরাইটার থেকে কম্পিউটার, ট্যাব বা ফোন। মজার ব্যাপার হলো, ফ্রেডরিখ নিৎসে মনে করতেন, লেখক যেমন লেখার উপাদানের ওপরে প্রভাব বিস্তার করেন, লেখার উপাদানও তেমনি করে লেখকের ওপরে। অর্থাৎ একই চিন্তা নিয়ে লেখক ভিন্ন উপাদানে লিখতে বসলে তাঁর লেখা ভিন্ন রকমের হবে। অন্যদিকে, প্রযুক্তির মজা হলো, সে মানুষকে কখনো পুরোপুরি তৃপ্ত করে না। প্রতিবার বেশি সুবিধা নিয়ে ক্রমাগত নতুন রূপে হাজির হয়। সুতরাং লেখকও অবধারিতভাবে নানান পরিবর্তনের মধ্য দিয়ে যান। আদতে লেখক মানুষ—বই তো নন, তাই প্রযুক্তি তাঁর দর্শন দিয়ে লেখককে ঘায়েল করে। লেখক তখন অনায়াসে নিত্যনতুন প্রযুক্তির স্রোতে গা ভাসান।

প্রকৃতপক্ষে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুধু লেখক কেন, তাঁর চারপাশের পুরো পৃথিবীই আমূল বদলে যায়। যেমন প্রযুক্তি শিক্ষাব্যবস্থাকে বদলে দেয়। বদলে যায় শিক্ষার উপাদান, পরীক্ষা কি প্রশ্নের পদ্ধতি, চালু হয় দূরশিক্ষণ। তেমনি লেখকের ক্ষেত্রে, আগে কেবল বইয়ের পাতায় পাঠকের সঙ্গে সাধারণত একমুখী যোগাযোগ হতো, পাঠকের প্রতিক্রিয়া কালেভদ্রে পাওয়া যেত। সে জায়গায় অন্তর্জালের যুগে সবকিছুই টাটকা—এই লেখা শেষ, তো ওই প্রতিক্রিয়া পৌঁছানো শুরু! এখন লেখক তাই সুনির্দিষ্ট বিষয়ে কাগজ-কলম-কিবোর্ডের সঙ্গে পড়ে না থেকে বিষয়ান্তরে পাঠকের সঙ্গে ভাবের আদান-প্রদানে বেশি আগ্রহী। কিন্তু তাতে কি তাঁর লেখা থেমে গেছে কিংবা লেখকজীবন থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন? উত্তর দেওয়া কঠিন।

আগের সেই লেখক-আড্ডা আজও আছে কোথাও। বাস্তব আড্ডায় কথা হাওয়ায় মিলিয়ে যায়, কখনো স্মৃতি থেকে যায় উবে, কিন্তু ভার্চ্যুয়াল আড্ডায় কথোপকথন যখন প্রযুক্তির গায়ে ভাসে, মুছে না দিলে তা হয় স্থায়ী। স্থায়ী শব্দমালায় প্রশংসা ছাপিয়ে তখন লেখকদের কাদা ছোড়াছুড়ির চিত্র প্রকট হয়। সত্যি বলতে, এখনো আগের সেই আড্ডার আমেজই আছে তবে তার আকার-আকৃতি গেছে বদলে, পাঠকরূপী শ্রোতা-দর্শক বেড়েছে অনেক। আড্ডার দলের বদলে ফেসবুক গ্রুপ আছে, নানান সাহিত্যিক ফোরাম আর আছে গুডরিডসের মতো বই আলোচনার জায়গা। বুক টুইটার, বুকব্লগ কিংবা বুকটিউবও আছে। তবে হয়েছে কি, তীব্র বেগে ছুটে চলা পরিবর্তনের যুগে মানুষের মনোযোগ গেছে কমে। লেখক তো পাঠকও, কিন্তু এখন তাঁর আর তত পড়ার সময় নেই। একে ঠিক ‘পাঠকের মৃত্যু’ বলা যায় না, বলা যেতে পারে পাঠকের রুচির বিবর্তন আর উৎসের আতিশয্য বা প্রাচুর্য। সব মিলিয়ে প্রক্রিয়াটি যেন বিরতিহীন এক অশেষ আড্ডা। দিন নেই রাত নেই, তথ্য-উৎসের মুখে বন্যা। এত মতামত, এত রচনা, এত বই, পাঠকের জন্য সে সমুদ্রে মুক্তাসমৃদ্ধ ঝিনুক খুঁজে নেওয়া কি সহজ! তাই হাবুডুবু খাওয়াই অনেক সময় তাঁর পরিণতি হয়ে দাঁড়ায়। তা ছাড়া একসময় সে একটিমাত্র বইয়ে মুখ ডুবিয়ে রাখত, এখন হাজার ছোট ছোট বাক্য তাঁকে এখান থেকে ওখানে তাড়া করে ফেরে। তিনি অধৈর্য হন, ছটফট করেন, মন ভরাতে না পেরে হতাশ হন; চিকিৎসাবিজ্ঞানে যাকে বলে মনোযোগের অভাবের ব্যাধি (অ্যাটেনশন ডিফিক্ট ডিজঅর্ডার)। এ ছাড়া লেখকের অধিকাংশই এখন কেবল প্রযুক্তি ব্যবহারকারী গণ্ডির মধ্যে সুপরিচিত হতে সচেষ্ট। প্রযুক্তি তাঁকে কেবলই মায়াজালে আটকে রাখে, কিন্তু দিতে পারে কতটুকু?

বহু মানুষের মতো লেখক এখন ব্যস্ত বটে তবে অনেক ক্ষেত্রে তত উৎপাদনশীল নন। বেশির ভাগ ক্ষেত্রে প্রযুক্তির আসক্তি তাঁকে ক্ষমা করে না। অথচ ২০-২৫ বছর আগে প্রতিদিন একসময় তাঁর আলাপ-আড্ডা ফুরাত, তারপর একসময় কোলাহলের বাইরে তিনি নিজের জীবনের নিভৃতে প্রবেশ করতেন, একাকিত্বে ফিরে নীরবতার আখ্যান লিখতেন, লিখতেন জীবনভর দেখে ফেরা নিয়ম-অনিয়মের সংলাপ।

প্রযুক্তির প্রসারের ফলে এখন লেখকের লেখার বিষয় বেড়েছে। পৃথিবীর পুরো রহস্য আজকাল তাঁর হাতের মুঠোয়। লেখার উপাদান কিংবা উপাত্তের জন্য এখন তাঁকে দূরদূরান্তে পৌঁছাতে হয় না। অচেনা বা প্রায় ভুলে যাওয়া জায়গার বর্ণনার তাগিদে সেখানে ছুটে যেতে হয় না। আছে গুগল ম্যাপ কিংবা অসংখ্য ছবি, যা সেখানকার মাঠ-ঘাট কি কৃষ্টির ছবি লেখকের সামনে তুলে ধরে। অবশ্য বাস্তব অভিজ্ঞতার তুলনা নেই, তবে তথ্য সংগ্রহ এখন লেখকের জন্য কঠিন নয়। দৃশ্যের মতো করে তাঁর সামনে এখন দেশ-বিদেশের বিচিত্র রচনাও বরাবর হাজির। একসময় এসব সংগ্রহে কী পরিশ্রমটাই না তিনি করতেন! প্রযুক্তির কারণে তথ্যের সহজলভ্যতায় এখন তাই লেখক, ব্লগার বা অশরীরী লেখক হতে বাধা নেই তেমন। একসময় যে বয়সে তরুণেরা বাস্তবে প্রতিবেশীর বিপদে ঝাঁপিয়ে পড়তেন, রাস্তায় পথচারীর ঝামেলা মেটাতেন, বিদ্যায়তনে অনিবার্য আন্দোলনের সূচনা করতেন, এখনো তাঁরা কেউ কেউ সামাজিক উন্নয়নমূলক কাজ করেন, তবে কাজের ধরন গেছে বদলে। এখন সুযোগ পেলে তাঁরা নিজ উদ্যোগে উইকিপিডিয়ায় তথ্য যোগ করেন, মানুষকে জ্ঞান বা আনন্দ বিতরণে ব্লগে বা সামাজিক যোগাযোগমাধ্যমে নানান লেখা বা ছবি উপহার দেন। এঁদের মধ্যে উঠতি লেখকও থাকেন। তবে শুধু তাঁরা কেন, প্রযুক্তিতে আসক্ত প্রত্যেকে কোনো না কোনো সময় আসল আর নকল তথ্যের পার্থক্য ধরতে পারেন না। তথ্যের সত্যতার প্রমাণ খোঁজারও হয়তো তাঁরা সেভাবে চেষ্টা করেন না। প্রযুক্তির দুনিয়ায় মনগড়া যা কিছু সামনে আসে, অবলীলায় বিশ্বাস করে তাঁরা নিজেকেসহ বহু মানুষকে ঠকান। তাই তথ্যের ব্যাপক স্রোত উপকারী নাকি অপকারী, তা সব সময় হলফ করে বলা কঠিন।

সীমাহীন তথ্যের এই ভার কি লেখককে ধীরে ধীরে কিছুটা অথর্বও করে দেয় না? স্মৃতিশক্তিকে কাজে লাগানোর স্থান বা প্রয়োজন ফুরিয়ে যায় দিনে দিনে। স্মৃতিধর হওয়ার পরিবর্তে এখন একই সঙ্গে কয়েকটি কাজ করতে পারার দক্ষতা অর্জন জরুরি, হতে হয় সব্যসাচী। একই সঙ্গে সাহিত্য রচনা এবং একাধিক মাধ্যমে সমান উপস্থিতি নিশ্চিত করা বর্তমান যুগের চ্যালেঞ্জ। প্রযুক্তির নিদর্শনস্বরূপ হাতের মোবাইল ফোনটিই এ ক্ষেত্রে লেখকের ভরসা। লেখা থেকে শুরু করে সেখানে কী না করা যায়! একদিন যদি ফোনটি হাতে না থাকে, তবে তিনি অকূলপাথারে ভাসেন, মনোবিজ্ঞানে যাকে বলে নোমোফোবিয়া—সেলফোনবিহীন জীবনের আতঙ্ক।

মাত্রাতিরিক্ত তথ্যের স্রোত আর সবকিছুতে উপস্থিত থাকার দাবি লেখককে কোনো কিছুর ব্যাপারে নির্লিপ্ত পর্যবেক্ষক বা সমালোচকের দৃষ্টিতে ভাবতে বাধা দেয়। তাই বিপুল তথ্যভান্ডারের উপযুক্ত ব্যবহার করা তাঁর জন্য প্রায়ই কষ্টকর হয়ে পড়ে।

আবার প্রযুক্তিতে আসক্ত লেখক চলাচলে অপারগ হয়ে নানা রকমের শারীরিক সমস্যা বা মানসিক হতাশা আর উদ্বেগ-দুশ্চিন্তায়ও ভোগেন। সামাজিক যোগাযোগমাধ্যম তথা প্রযুক্তির বাইরে তাঁর কল্পনার দৌড় অনেক ক্ষেত্রেই আগায় না। যেমন লেখকের রচনায় চরিত্রদের সাক্ষাৎ হয় ফেসবুকে, পরিণয় আর মনোমালিন্যও ফেসবুকেই। কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে চোখের সামনে ঘোরাফেরা করা কোনো ঐতিহাসিক সময় বা চরিত্র নিয়ে ফেঁদে ফেলা যায় লম্বা উপন্যাস, যাতে কেবল সময় বা চরিত্রটিই থাকে ঠিকঠাক কিন্তু কল্পনা ডানা মেলে না। অথচ সত্যিকার অর্থে, প্রযুক্তির পরিবর্তনে এই হাল কি লেখকের নির্ধারিত নিয়তি ছিল?

আর শেষ পর্যন্ত বৈশ্বিক মহামারির ছোবল লেখকের অবশিষ্ট বাস্তব জীবনটাও কেড়ে নিয়ে তাঁকে ধাক্কা মেরে আপাদমস্তক প্রযুক্তির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তখন থেকে জীবনের যাবতীয় যোগাযোগ যেহেতু প্রযুক্তিনির্ভরই, তাই তাতে বুঁদ হওয়ার শেষ অনুশোচনাটাও আর রইল না। অতীতে মহামারি নিয়ে বা মহামারির কালে সাহিত্য সৃষ্টি হয়েছে। তবে দ্য প্লেগ, ব্লাইন্ডনেস বা লাভ ইন দ্য টাইম অব কলেরা লেখার জন্য যুগে যুগে পৃথিবীতে আলবেয়ার কামু, হোসে সারামাগো বা গাব্রিয়েল গার্সিয়া মার্কেস জন্মান না। প্রযুক্তিসমৃদ্ধ পৃথিবীতে মহামারির আবির্ভাব সামাজিক দূরত্বের নামে মানুষকে বহুল প্রকাশের ছুতোয় প্রকাশে আরও বেশি অপারগ করেছে বলেই মনে হয়। আজ মহামারির প্রকোপ কমে ঘর থেকে বের হলেও নিজের গণ্ডি ছেড়ে কজনই–বা সেভাবে বেরোয়, বেরোতে আহ্বান করে, আর কজনেই–বা ভাবে, এই সব উটকো প্রযুক্তিকে ছুটি দিয়ে কল্পনাপ্রসূত একটা দীর্ঘ রচনায় নিমজ্জিত হবে!

বাস্তবে মানুষ যেদিন থেকে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করেছে, কোনো না কোনো প্রযুক্তির মাধ্যমেই করেছে। একদিন গাছের পাতায় গ্রন্থ প্রস্তুত হয়েছে, তারপর কাগজ হয়ে আজ ট্যাবে-ফোনে-কম্পিউটারে। প্রযুক্তির উৎকৃষ্টতার কারণে তাই ক্রমে তার এগিয়ে যাওয়ার কথা। প্রাচীনকাল থেকে শত শত লেখকের রচনায় সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের চিত্র পাওয়া যায়। তাই প্রযুক্তিতে আসক্তির বদলে তার কারণে ঘটে যাওয়া পরিবর্তন লিপিবদ্ধ করাই লেখকের দায়িত্ব হওয়ার কথা। প্রবন্ধ-গল্প-উপন্যাসে সামাজিক উত্থান-পতনের কথা যেভাবে আসার কথা, প্রযুক্তির প্রতিস্থাপনের কথাও আসার কথা সেভাবেই। চার্লস ডিকেন্স যেমন তাঁর রচনায় সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিল্পবিপ্লবের অন্তর্নিহিত শক্তিকে একই গতিতে ছুটিয়ে নিয়ে গেছেন।

কোনো একটি নির্দিষ্ট যুগে জন্মালেও লেখক কখনো নির্দিষ্ট সময়ে আটকে থাকার জন্য জন্মান না। রচনার গুরুত্বের মাধ্যমে তাঁকে যুগান্তরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়। তাই তাঁর রচনা চিরকালের জন্য কেবল অন্তর্জালে আটকে থাকলেই চলে না, মানুষের মনেও তাঁকে জায়গা করে নিতে হয়। ওদিকে বিশ্ব যখন প্রতিনিয়ত নতুন কিছু অবলোকন করছে, তখন লেখক কি চোখ বুজে থাকতে পারেন? আগামী কিছু বছরে যদি পৃথিবীতে অপ্রত্যাশিত পরিবর্তন আসে, জন্মের সময়েই জীবনবিধি নির্ধারিত হয়, পথে–ঘাটে মানবশরীরের জিন বিক্রির দোকান থাকে, সামাজিক মাধ্যমের ‘লাইক’কে টাকায় রূপান্তর করা যায়, তখনো চিরাচরিত লেখকের জীবন, যাপন আর তাঁর লেখার বিষয় একই থাকবে—এমনটা আশা করা নেহাত অযৌক্তিক। লেখকের জীবন যেমন বদলাবে, বদলাবে তাঁর রচনার বিষয়বস্তুও। তবে কথা হলো লেখক নিজের রচনায় মনোযোগের পরিবর্তে এমন কোনো ‘অ্যাপ’–এর আশা করে বসে না থাকলেই ভালো, যাতে চরিত্র, পটভূমি আর কাল বলে দিলেই ডিজিটাল কায়দায় গল্প-উপন্যাস লেখা হয়ে যাবে!