সম্প্রতি প্রয়াত হয়েছেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। তাঁর প্রতি শ্রদ্ধা
শুকতারাটি হারিয়ে ফেললাম
আমরা শোকাহত। আমরা আমাদের বাংলা সাহিত্যের আকাশ থেকে শুকতারাটি হঠাৎ হারিয়ে ফেললাম। কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে আমরা হারিয়ে ফেললাম। তাঁর এ রকম অকস্মাৎ তিরোধান আমাদের বিমূঢ় ও হতভম্ব করেছে। আমরা কেউই এ জন্য প্রস্তুত ছিলাম না। কারণ, তিনি তো মহামারি করোনায় আমাদের ছেড়ে চলে যাননি, তিনি চলে গেলেন জাগতিক নিয়ম মেনে আমাদের প্রত্যাশিত সময়ের আগেই।
রাবেয়া আপার সঙ্গে ছিল আমার গভীর এক নৈকট্য। শুধু তাঁর সাহিত্য পড়েই যে আমি গভীর প্রত্যয়ের সঙ্গে মুগ্ধ ছিলাম তা–ই নয়, তিনি ছিলেন আমার স্বামী সৈয়দ শামসুল হকের বন্ধু। সমবয়সী একজন বন্ধু। একই দিন এবং একই বছরে তাঁদের জন্ম। একই সঙ্গে সাহিত্যের অঙ্গনে দুজনের বেড়ে ওঠা, একই সঙ্গে দেশের টালমাটাল অভিজ্ঞতায় নিজেদের জীবনকে অভিসিক্ত করে সাহিত্যের মনোভূমিতে সোনার ফসল ফলানো। আবার জন্মদিনে দুজনে হাতে হাত ধরে বসে থাকা। যেন ছিলেন তাঁরা সহোদর। সেই সুখের দিনগুলো বহুদিন আমাদের জীবনকে আনন্দময় অভিজ্ঞতায় সিক্ত করেছিল। তারপর কালের পরিক্রমায় ধীরে ধীরে একদিন সেসব হারিয়ে গেল।
জীবন দুঃখময়—এ কথা আমরা প্রায়ই ভুলে যাই বলে কষ্ট পাই। কিন্তু কষ্ট না পেয়ে জীবনের সুখের দিনগুলোকে স্মরণ করেই আমাদের বেঁচে থাকা উচিত বলে মনে করি।
রাবেয়া আপা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে রেখে গেছেন বাংলা সাহিত্যের অমূল্য এক ভান্ডার। এই ভান্ডার সহজে ফুরাবে না। যুগের পর যুগ সাহিত্যামোদী মানুষকে আনন্দ দেবে তাঁর সৃষ্টিকর্ম। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তাঁর হাত পড়েনি। তিনি ছিলেন পুরান ঢাকার একজন অপূর্ব রূপকার। লিখেছেন বায়ান্ন গলির এক গলি। এটি এমন এক গলির উপন্যাস, যে গলির চেহারা আমরা সবাই–ই দেখেছি, কিন্তু কোনো দিন এই গলির রূপকার হতে আমাদের সাহস হয়নি। এই ভাষা আয়ত্ত করার ক্ষমতা আমাদের ছিল না। এই উপন্যাসের চরিত্রচিত্রণ ও ভাষা আমাদের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। রাবেয়া খাতুনের উপন্যাসের বৈশিষ্ট্য এই যে তিনি এক রকমের উপন্যাস দুবার লেখেননি। জীবদ্দশায় ৫০টির মতো উপন্যাস লিখে গেছেন। প্রতিটি উপন্যাসই তাদের বক্তব্য ও
উপস্থাপনার মহিমায় বিশিষ্ট হয়ে আছে। অজস্র ছোটগল্প তিনি লিখেছেন। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত—কোনো স্তরই তিনি তাঁর রচিত সাহিত্য থেকে বাতিল করেননি। লিখেছেন প্রেমের গল্পও। তাঁর একেকটি প্রেমের গল্প যেন একেকটি হীরক খণ্ড আমার কাছে।
অথচ জানি যে তাঁর ব্যক্তিগত জীবন কখনো মসৃণ ছিল না। ব্যক্তিগত অনেক ঝড়ঝাপ্টা ছাড়াও তিনি দেখেছেন ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬–তে বঙ্গবন্ধুর ছয় দফা, ষাটের দশকের দাঙ্গা, ১৯৬৯–এর গণ–অভ্যুত্থান, ১৯৭০–এর ঘূর্ণিঝড় এবং ১৯৭১–এর মুক্তিযুদ্ধ ও ১৯৭৫ সালের বঙ্গবন্ধু হত্যা। এখন ভেবে আমাদের বিস্ময় লাগে যে ঘরে–বাইরের এতকিছু ঝড়ঝাপ্টা মোকাবিলা করে কীভাবে তিনি সমাজের নর–নারীর জীবনকে তুলে ধরেছেন পাঠকের সম্মুখে। অথচ তিনি মোটেই রাজনীতি এবং মুক্তিযুদ্ধ থেকে দূরে ছিলেন না। মুক্তিযুদ্ধের ৯ মাসের রোজনামচাও তাঁর সাহিত্যকে উজ্জ্বল করে তুলেছে। এখন প্রত্যয় হয়, লেখক হিসেবে তাঁর ভেতরে অসম্ভব এক আত্মবিশ্বাস ছিল বলেই তিনি তাঁর সাহিত্যকে জনগণের সাহিত্য করে তুলতে পেরেছিলেন। শুধু তা–ই নয়, তাঁর ভেতরে ছিল জীবনবোধের একধরনের সরসতা, যা তিনি কোনো অবস্থাতেই মরে যেতে দেননি। জীবন ও রাষ্ট্রের দুর্ভিক্ষ, খরা, ঘূর্ণিঝড়—কোনো কিছু তাঁকে তাঁর গভীর জীবনবোধ থেকে বিচ্যুত করতে পারেনি। শুধু বেঁচে থাকার আনন্দ থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। যে কারণে তাঁর জীবনীতে দেখি একাকী সংসারের হাল ধরে রেখে, সংসারের যাবতীয় কাজকর্ম সেরে রেখে, চারটি ছোট বাচ্চার সার্বক্ষণিক দেখভাল করার পরেও বেলা তিনটায় বান্ধবীর সঙ্গে রিকশা করে চলেছেন ম্যাটিনি শো সিনেমা দেখতে। নিজের সংসারের দুঃখ–দুর্দশায় হতাশ হয়ে সংসারে মুখ থুবড়ে পড়ে থাকেননি রাবেয়া আপা। ভাবি, কতখানি আত্মবিশ্বাসী হয়ে জীবনকে ভালোবাসলে মানুষ এ রকমের আশাবাদী হতে পারে। সেই আত্মবিশ্বাস আর কিছু নয়, শুধু জীবনকে উপভোগ এবং জয় করার দৃঢ়প্রতিজ্ঞা। রাবেয়া আপা সেটা করেছিলেন।
তাঁর সঙ্গে আমার কত অন্তরঙ্গ মুহূর্ত! মনে পড়ে, তাঁর হাত ধরে বসে তাঁর সঙ্গে গল্প করার স্মৃতি। সেই গল্পগুলোতে এসেছে তাঁর সংগ্রামী জীবনের নানা কিছু, অনেক অনুভূতি মাঝেমধ্যে আমার সঙ্গে ভাগ করে নিতেন তিনি। সেসব শুনে মনে হয়েছে, তাঁর জীবন ছিল তাঁর নিজেরই নির্মিত।
রাবেয়া খাতুন ২০০৫ সালে প্রকাশিত তাঁর উপন্যাস সমগ্রের প্রথম খণ্ডটি সৈয়দ শামসুল হককে উৎসর্গ করেছিলেন। উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন, ‘হক, আমরা দুজন একই বছর ও তারিখে এ পৃথিবীতে এসেছিলাম। একজন রংপুর, অন্যজন বিক্রমপুরে। প্রথম পরিচয় পঞ্চাশ দশকের শুরুর দিকে। দুজনই গল্প-উপন্যাস লিখি। সেই থেকে সুদীর্ঘ পথ একসঙ্গে চলা। আমৃত্যু এই চলা অব্যাহত হোক এই বাসনা।’
সত্যি বলতে, সেই সুদীর্ঘ পথ দুজনে প্রায় একই সঙ্গে চলেছেন। সময়ের একটু হেরফেরে দুজনে প্রায় একই সঙ্গে এ নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেন। কিন্তু তাঁদের দুজনের পাঠ এখনো থেমে যায়নি। এ পাঠ নিরন্তর চলবে। পাঠক, চলুন, আবার আমরা রাবেয়া খাতুনকে নতুন করে পাঠ শুরু করি।