সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাসান ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসান ফেরদৌস

বাংলা একাডেমি প্রবর্তিত সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ সাহিত্য পুরস্কার-২০২০ পেতে যাচ্ছেন প্রাবন্ধিক হাসান ফেরদৌস। প্রবাসী বাঙালি লেখক, কবি-সাহিত্যিকদের মধ্যে যাঁরা বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় সাহিত্য রচনা করেন এবং বিদেশি নাগরিকদের মধ্যে যাঁরা বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদা বৃদ্ধি করেন, তাঁদের এই পুরস্কার দেওয়া হয়।

রীতি অনুযায়ী আসন্ন অমর একুশে গ্রন্থমেলা ২০২১-এ লেখককে পুরস্কারের চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক দেওয়া হবে। ২০১১ সালে প্রবর্তিত ‘বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার’ ২০১৪ সাল থেকে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ সাহিত্য পুরস্কার’ হিসেবে দেওয়া হচ্ছে।

হাসান ফেরদৌস ঢাকায় ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা, কাজ করেছেন জাতিসংঘ সদর দপ্তরে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ইউক্রেনের কিয়েভ বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে নৈতিকতা ও সাহিত্য, নান্দনিক নৈতিকতা ও অন্যান্য প্রসঙ্গ, নাগরিক লেখক ও প্রাসঙ্গিক চিন্তা, অন্য সময় অন্য পৃথিবী, ১৯৭১: বন্ধুর মুখ শত্রুর ছায়া, দৃশ্য কাব্য ও অনেক কথা অল্পকথায়। এ ছাড়া তাঁর বিদেশি কবিতার অনুবাদ সংকলন বৃষ্টিকে নিয়ে রূপকথা ও ছোটদের জন্য অনুবাদগ্রন্থ নক্ষত্র-পুত্র।