শোনো জাদুকর

সেদিন আমি স্বপ্নে দেখি একটা জাদুকর

বলছে হেসে, তোমায় আমি দিতে পারি বর।

জাদুর কাঠি নেড়ে সে তো বলল চিচিং ফাঁক,

অমনি দেখি খুলে গেল হাজার পথের বাঁক।

একটা পথে গেলে তুমি পাবে সিন্ডেরেলা

তবে তুমি সব হারাবে করলে হেলাফেলা।

অন্য পথের শেষে আছে হিরে-সোনা-দানা

মুঠোভর্তি তুলে নিলেও করবে না কেউ মানা।

কিন্তু সোনার কলস জুড়ে প্যাঁচানো এক সাপ

কাছে গেলেই ছোবল দেবে কঠিন অভিশাপ!

আরেকটা পথ জুড়ে আছে অজানা হাতছানি,

সব পাবে তাও বইতে হবে অনুতাপের গ্লানি।

একটা পথে গেলে পাবে সাম্রাজ্যের ভার,

রাজকন্যে সম্পদ আর ক্ষমতা অপার—

মনের শান্তি ভালোবাসা হারিয়ে ফেলতে চাও?

তাহলে সেই অহংকার আর লোভের পথে যাও।

হেসে তখন আমি বলি, শোনো জাদুকর

অনেক ভালো আছি আমি স্বর্গ কুঁড়েঘর।

অমন অনেক পথ চাই না হোক তা নামীদামি

এই আছি বেশ আলোর রথে ভালোর পথে আমি।