এই হেমন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়তোবা ইউক্যালিপটাস

    বংশে আমার জন্ম হয়েছিল গত শতাব্দীতে।

প্রচুর কান্নার জল ক্রমাগত সঞ্চয় করেছি,

তবু আমি কাঁদতে পারি না।

আমি স্থির বিষণ্নতা—

এতটা বিষণ্ন আমি কখনো ছিলাম কি না, মনে পড়ছে না।

যে রকম চোখে পড়ছে না—

বশিষ্ঠ মুনির পত্নী নীলিমার কোনখানে আছে।

তবু এই হেমন্তের মাঝে

শরতের মেঘ এসে দেখা করতে চায়,

অথচ বিষণ্ন আমি পড়ে থাকি একা বিছানায়।

অপেক্ষায় আছি আমি শীতঘুমে গুটিয়ে যাওয়ার

বিষণ্নতাসহ।

আমি যদি জেগে উঠি ঘুমভাঙা মাতালের মতো—

আমি তার ঘুম ভাঙাব না।

তবু কেন শরতের মেঘ

           আমার আকাশে ভাসে!

কী করে বোঝাই তাকে—

মানুষের ছদ্মবেশে এখন আমি ইউক্যালিপটাস।