কাছাকাছি

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

কাছে যেতে হয়—কাছে গেলে
হতে পারে অগ্নিপাত
     হতে পারে বজ্রপাত,
তাই বলে কি কাছে যাব না!
কাছে গেলে হতেও পারে
          —বৃষ্টিপাত,
বরফ গলিয়ে নদী।

কাছে যেতে হয়—কাছে গেলে
হতে পারে
     লোহালক্করের ঘর্ষণ!
হতে পারে দুর্ঘটনা,
     হতে পারে রটনা।
সংকোচে তাই বলে কি
          কাছে যাব না?

কাছে যেতে হয়—কাছে গেলে
গিলে খেতে পারে রাক্ষুসে মাছে
তাই বলে কি জলে নামব না?
সাঁতার কাটব না?

কাছে যেতে হয়—কাছে গেলে
হতে পারে সমুদ্র-উত্থান
     হতে পারে জলেরও টান
          হতে পারে যৌথ গান।
               জীবনের জয়গান।

কাছে যেতে হয়—কাছে গেলে
থাকা যায় কাছাকাছি,
     করা যায় বাছাবাছি!
তাই বলে লোম বাছতে কম্বল উজাড়?
শক্ত করো—পা ও ঘাড়,
তাতে পাবে বিপদে উদ্ধার!

কাছে যেতে হয়—কাছে গেলে
ভয় কিসে?
বিষ পান করতে করতে
          বিষেরও ক্ষয়,
লয়ের মাঝেও জয়।

কাছে যেতে হয়—কাছে গেলে
মানুষের জন্য মানুষই
     অন্যায়ের প্রতিবাদ জানায়,
কারসাজিতে যেতেও হতে পারে
     জেলখানায়!
তাই বলে চোখ থাকতে
          পরিণত হব কি কানায়?

কাছে যেতে হয়—কাছে গেলে
নাখোশও হবে কেউ কেউ
     তারপরও যেতে হবে,
প্রিয়জনের কাছে
     ভেঙে জলেরও ঢেউ!

কাছে যেতে হয়—কাছে গেলে
পাছে লোকে কী বলবে?
     তুমি সারেং তোমার জাহাজে!
সার্চলাইটে আলো ফেলে ফেলে
গন্তব্যে পৌঁছে যাও!
     কী করবে জাহাঁবাজে?

কাছে যেতে হয়—কাছে গেলে
মানুষও বাঁচে!
     যাও মানুষের কাছে
কমিয়ে ফেলো ব্যবধান ও দূরত্ব
কুণ্ঠাহীন হয়ে
বাড়াও মানবিকতার গুরুত্ব,
     বাড়াও সভ্যতার পুরুত্ব!

কাছে যেতে হয়—কাছে গেলে
নাগরা পরা নাগরিকেরা
ঘরে বসে বলবে—ছি ছি!
কোথায় যাচ্ছ, করো কী?
তাই বলে কি ঘরে থাকবে
     নাগরও সেজে,
যদি যায় দেশের বারোটা বেজে।

কাছে যেতে হয়—কাছে গেলে
বুঝতে পারবে আগুনের তেজ
করতে পারবে নির্বাচন,
     কোনটা তেজপাতা?
          কোনটা লং?
কোনটা দিতে হবে তরকারিতে
          কোনটার চাই নির্বাসন।

কাছে যেতে হয়—কাছে গেলে
বুঝতে পারবে
ধীর বায়ু না প্রবল বায়ু,
     কোনটা স্বাস্ব্যজনক স্থান
          কোন জায়গায় বাড়বে আয়ু।

কাছে যেতে হয়—কাছে গেলে
বোঝা যাবে
কোনটা জায়ফল, কোনটা এঁচোড়
কোনটা কলাগাছের থোড়!
বাগানে না গিয়ে তো বলতে পারবে না,
     কোনটা ডেহুয়া ও গুলমোহর!

কাছে যেতে হয়—কাছে গেলে
প্রাণে প্রাণে জাগে প্রাণময়তা,
নির্জীব না হয়ে হওয়া যায় জিয়নকাঠি
জীবনও ফিরে পায় ফসলের মাটি!

কাছে যেতে হয়—কাছে গেলে
জোট বাঁধা যায়
     প্রতিরোধ ও প্রতিবোধে,
অসহায় মানুষের
সাহসও জোগানো যায়!

কাছে যেতে হয়—কাছে গেলে
হৃদয়ে প্রবেশ করা যায়,
     দূরে থেকে তত নয়—
মানুষও নদীর মতো
গভীরে গেলে গূঢ় মর্ম জানা যায়।

কাছে যেতে হয়—কাছে গেলে
নীরবতা ভাঙে
     নিস্তব্ধ থাকে না পাথরও,
চঞ্চল ও স্পন্দনশীল হয়ে ওঠে
মানুষ আরও!