অক্ষরের জঙ্গল

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

এ অনাবৃষ্টির ঋতু
বাঁশবনে ওড়ে শত সাপের ছলম

প্রতিটি জানালায় জরতী বিড়াল
আর একটি পাখিই কেবল কার্নিশে
যায় আর আসে আর যায়

বড় বেশি পাতা ঝরে এসব বিকেলে
পাতা, তুমি বৈপ্লবিক ইশতেহার?
উপচানো রোদের ভেতর
চকচকে হ্যান্ডবিল তুমি?

দেখো, যে ভাষায় কথা বলতে চেয়েছি আমরা
তারই মুখর সমাধি রচিত হয়েছে
ঝরে পড়া এই অক্ষরের জঙ্গলে।