শারদীয়

অলংকরণ: আরাফাত করিম

শুভ্র কাশের বনে ফুটতে থাকে যদি
তীব্র প্রেমের মতো গুচ্ছথোকা ফুল;
বৃদ্ধ মেঘের সারি উড়তে গিয়ে থামে—
দেখে রিক্ত আকাশ...

শিউলি ফুলের সারি ঝরতে থাকে বনে;
মুগ্ধ পাখির ঝাঁকও উড়তে থাকে—
যেন আসমানি সুখ তারা আনবে আজই ঘরে।
ডুবতে রাজি আমি তুচ্ছ বিলের জলে;
হংসমিথুন যদি সাঁতরে আসে—
তবে দূর লোকালয় থেকে আনব কিনে আমি
উগ্র ঘ্রাণের কিছু ইত্র-পাতি।

স্নিগ্ধ শরৎ দেখি হাসছে গগনজুড়ে—
শুভ্র নীলের মিলে ভাসছে যেন কিছু
দূর পাহাড়ের মতো গুচ্ছ মেঘের শিশু;
বাসছি ভালো এই স্বচ্ছ আকাশ,
আহা স্নিগ্ধ বাতাস যেন বইছে আমার সারা তপ্ত গায়ে...