রিংটোন

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

দেয়ালঘড়ি জানে না এমন দুপুরে
মাখনের ছোট্ট টুকরো যতটা কঠিন
ততটা কোমল হয়ে পড়েছে সাদা পাউরুটি—
শুকনো দুটো স্লাইস, নার্সিং ডেস্কে

অসাড় শরীর সব শুয়ে জবুথবু
বাঁচামরা যখন বিচিত্র নলে, ভীষণ শীতাতপ—
ফিনাইলমেশা হাওয়া আর মনিটরে রঙিন ঢেউ
সুনিবিড় চারপাশ একঘেঁয়ে চুপ

মিষ্টি এক রিংটোন, প্রায় অচেনা আর মৃদু
কোথাও তখন একটানা বাজছে, একটা ফোন
বেজেই যাচ্ছে, এরই মাঝে—
কোমার অতল পেরিয়ে কেউ চোখ খুলল
একা একা দুই শ দিন পর।