সঙ্গে নেবে
আগলে থাকার জন্য যদি তোমার সঙ্গে ভ্রমণ করি—
বাকি সময় সমস্ত দিন... সঙ্গে নেবে? সঙ্গী হবে?
ধরো আমি একেবারেই ভুলে গেলাম
বারোয়ারি নষ্ট বীজের ঠোঁটের কথা,
আকাঙ্ক্ষিত বর্ষা ঋতু—কখন এল কখন গেল।
কেমন হবে? সঙ্গে নেবে? সঙ্গী হবে?
ধরো আমি পিঠাপিঠি নাই-বা হলাম;
ভুল পাহারায় দিন কাটালাম,
চিলেকোঠার অন্ধকারে ঝরনা রেখে হাত বাড়ালাম,
বিকৃত সেই কথায়ালকে হারিয়ে দিয়ে, শুকতারাকে সঙ্গে নিয়ে
আগলে থাকার মনস্তাপে সঙ্গী হলাম। সঙ্গে নেবে? সঙ্গী হবে?