আমরা দুজন মাঝখানে পর্বত নিয়ে ঘুমাই
কেউ টপকাতে পারি না কৈলাস কি হিমালয়,
আমাদের বেজ ক্যাম্পের রাত ফুরায় না,
সাদা বরফের মেয়ে, তোমার শরীরে ফুটেছে
মাতাল মহুয়া ফুল, বাদুড়ের হয় না ঘুম—
কোনো এক পাহাড়ি চিতার নিঃশব্দ চরাচর,
বরফের পাঁচিল সশব্দে খসে পড়ে
গলে না বরফ তবু, বেজ ক্যাম্প ক্রমশ
আমাদের নিয়ে যায় দীর্ঘ রাতের কাছে—
উপত্যকায় কারা যেন গান গায়,
রাতের কোরাস জোছনার মতো চারপাশে
যেন কোন দূরতম প্রেমিকের আহ্বান,
তবু তুমি ফিরে আসো পুরোনো তাঁবুতে—
রাতের বেহায়া চাঁদ দোল খায় হেমকে।