এখনো কলম্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাঙায় বসেই ভাসছি আমি চতুর্দিকে সমুদ্র

খুঁজে বেড়াই কোথায় আছে কোন উপদ্বীপ

নোঙর হবে আবার আমি পেরিয়ে যাব

বিপৎসীমা কার ভরসায়!

কখনো তাই লোকাল বাসে যাত্রীবোঝাই

ঘেমে–নেয়ে হই একাকার, থামবে কোথায়

ভাসতে ভাসতে চলাই এখন এই তো দেখি

সাত সমুদ্র তেরো নদী কোথায় দাঁড়াই।

অনেক ভিড়ে লড়ছি একাই নিজের সাথে

আড্ডা শেষে চাঁদের আলো ফিনিক ফোটে।

ঘুমিয়ে যাবার বায়না নিয়ে ফিরছি ঘরে

চোখের পাতা এক হলো না ভাসছি আবার

                   একলা এখন সমুদ্দুরে।

কলম্বাসের ভারতবর্ষ কোথায় আছে—

এমন ভেবে পাইনি খুঁজে থামব কোথায়!

আমিও নাহয় ভুলে ভরা জীবনটাকে

          নাম পরাব ভুলের শিখায়!