প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাইকে শিখিয়েছে ওটাকে আকাশ বলা হয়।
অথচ আমার চোখে অফুরন্ত নীল অবকাশ।
ভাষাতত্ত্ব কিংবা ধ্বনিবিজ্ঞানের কিছুই বুঝি না,
কেবল শুনেছি আমি ওঙ্কারের বিস্ফোরণ থেকে
অগণিত নক্ষত্রের সাজানো সংসার,
নীহারিকা-ট্রেনের জানালা-নাতিপুতিসহ ছুটে যায়।
কখনো কখনো এ-ও ভাবি—
আকাশ কী করে পেল নীলিমার মায়াবী খেতাব!
কারা যেন বলে দিয়েছিল
মঞ্চে নাকি ছজনের বেশি
জায়গা হবে না।
তখনই আকাশে দেখি জ্বলজ্বলে সপ্তর্ষিমণ্ডল,
এমনকি তাদের পাশে বসে আছে অরুন্ধতী দেবী!
ক্যামেরার ফ্রেমে কিংবা আট কলামের মধ্যে
যাকে স্থান দিতে পারল না বলে
দুঃখিত রাতের শেষ একা টিকে থাকল শুকতারা।
নীলিমার ধারণক্ষমতা
সম্ভবত তারই আছে জানা।
চলো, তার পায়ে পড়ি, হয়ে যাই আজ ঘরছাড়া