স্মৃতি ঝুরঝুর—
ঘুণপোকা মগজে ঢুকেছে।
সামান্য হাওয়ায়
যে রকম হেলেদুলে কাটা ঘুড্ডি—দূরে,
অথবা বটের পাতা নেচে নেচে
লুকিয়ে হলুদ কষ্ট, অধঃপতনের দিকে।
হাতের আঙুলগুলো তবলা বাজায় শূন্যে,
ব্যালান্স বিনষ্টি শেষে—পড়ি-পড়ি।
গাছের কঙ্কাল যেন এতিম একটা।
তবু মনখারাপ গাছেও থাকে সম্ভাবনা,
আরেকবার সবুজের খিলখিলের,
আমার তা নেই!
ঘুণপোকা নিয়ে খামাখাই গাছের ছদ্মবেশে
খাড়াইয়া থাকতেছি,
আসলে গাছও না, গাছের ছায়াটি।
তবে কেন? কেন তবে?
চোরাগোপ্তা একখানা স্ট্রোকে
সেরেবেলাম দেউলিয়া!
পেছনের দিকে মোটে তাকানো যাচ্ছে না!
বাঁচছি—কী করে বলি?