দুর্বিনীত বামন ঘাস

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

জলের উষ্ণতা

ভাসি আর ডুবি নিত্য তোমার চোখের অমানিশায়
লোবানের ঘ্রাণ ভেসে আসে দেখো, দূর হতে সহসা
বালিয়াড়ি জাগে, তাকাও যখন তপ্ত দ্রাঘিমায়
সিক্ত কোনো মৃত্তিকায় এসো দুজনে রাখি পা

ফারাও সম্রাট ডুবেছিল সেই নীলনদ মোহনায়
রবীন্দ্রনাথ কাদম্বরীর মায়ায় মরেছে মর্মে
জানকির জন্য লঙ্কাকাণ্ড ঘটেছিল লঙ্কায়
না বলে কোনো কথা নেই জেনো বিশ্বপ্রেমের ধর্মে

আমার চোখে তাকিয়ে দেখো পুড়ছে কত রোম
খরার দিনে পাখিও খোঁজে জলের উষ্ণতা
তার হাত দেখবে ছুঁয়ে যে তোমাকে ভেবেছে পরম?
রণে ও প্রেমে তুমি তো বরং হতে পারো বনলতা!

তোমার দিকে যেতে যেতে

তোমার দিকে যেতে যেতে রাত
তোমার দিকেই যেতে যেতে ভোর
কিছু সুর ঝরে লুটায় ধুলোয়
কিছু ডানা ধীরে ভাঙছে আলোর

তোমার পথেই হেঁটে হেঁটে শেষে
আকাশসেতুর ফাঁদে পড়ে চাঁদ
মেরু হতে কত মরু দূরে লীন
দিগন্তে আঁধার করছে আবাদ

তোমার সুরেই বেজে ওঠে বাঁশি
কেঁপে কেঁপে নীলে তারা নিভে যায়
পুব হতে উজায় পশ্চিমে রবি
তোমার ধ্রুব আরতি বিভায়...

অব্যর্থ পেরেক

অঙ্কুরমুখী বীজের খোসায় ঘুমাও সে জীবন
যে জীবন রোদের আত্মায় মাখতে চেয়েছিল সামান্য মেঘ
আবার কোনো জন্মডাহুক যদি ডাকে কোনো দিন
মানুষ নয়, হইয়ো দেয়ালভেদী অব্যর্থ পেরেক

নিড়ানো জমির আলে শুয়ে থাকো স্বপ্নগাছ
ফোটার সম্ভাবনায় যে ফুল মেলতে চেয়েছিল
পাপড়ির সবটুকু ভাঁজ
নিরাকার মাটি খুঁড়ে ঢেকেছে কবেই
সচেতন মেধাবীসমাজ

টগবগে কড়াইপাশে জেগে থাকো সাহসী জল
বাষ্পের ডানায় চড়ে যারা
চেয়েছিল ছুঁতে সাত মহাকাশ
তাদের শরীর শুষে মাথা তোলে আজ
অনুকূল বাতাসমুখী দুর্বিনীত বামন ঘাস...

দাম্ভিক পাহাড়

ফুলের রক্তে ভিজে
কালো রাতও হয়ে যাচ্ছে লাল
কত তারার আত্মাহুতি
জন্ম দেয় নতুন সকাল

তুমুল তারুণ্যস্রোতে
ভেঙে যাচ্ছে দাম্ভিক পাহাড়
অসুরের বধ নিশানায়
কত দধীচি দেখো দিচ্ছে বুকের হাড়

খুনমাতাল সময়ের ফোঁড়ে
টালমাটাল অটল ফ্যাসিবাদ
জেনেছো দমন গণিত, জানোনি
উত্থানের সিঁড়িতেই গুপ্ত পতনফাঁদ...

জেগে থাকো, বাংলাদেশ

জেগে থাকো বাংলাদেশ, তুমি ঘুমোলেই হায়েনার
দাঁতালো মুখ হা মেলে ধেয়ে আসে
কাকের কা–কা দুরভিসন্ধি ডাকে ভরে ওঠে দিগ্‌বিদিক
সুযোগসন্ধানী পিঁপড়ারা চিনির দানা মাথায় তুলে
দল বেঁধে হেঁটে যায় তুমুল উল্লাসে

মাথা তোলো, বাংলাদেশ, তুমি অবনত হলে
লক্ষ লক্ষ শকুন লাফায় পথে-প্রান্তরে
ময়ূরের পুচ্ছ গুঁজে ছদ্মবেশী চিল ডাকে
ভুবন ভোলানো অতিসূক্ষ্ম ছিনালির স্বরে

আওয়াজ তোলো, বাংলাদেশ, তুমি নীরব হলে
বিদেশি মাগুর ঘাই মারে ঘোলা জলে
দুরন্ত হাঙর ওত পেতে থাকে ছলেবলে
সুযোগ পেলেই তোমাকে নিয়ে যাবে রসাতলে…