বাসো কি ভালো, আনিসুল হকের লেখা
আকাশ চিরে হঠাৎ যদি বিজুলি চমকালো,
কম্প্র মনে প্রশ্ন জাগে বাসো কি তবে ভালো?
বাসো কি ভালো, আবার দেখা মেট্রোস্টেশন
যাচ্ছি আমি উত্তরায়, তুমি কি পল্টন?
এপারে আমি, ওপারে তুমি, মধ্যখানে ট্রেন,
মধ্যখানে তড়িৎ লাইন, বিস্মরণ লেন।
বইমেলাতে দাঁড়িয়ে থাকি প্রথমা স্টলে,
উল্টো দিকে দাঁড়াও তুমি, বিকিকিনির ছলে;
আমার দিকে তাকিয়েছিলে, তাকাওনি কি তবে;
মনের ভুল আমার সবি, সত্য তা-ই হবে!
আত্মভোলা টি–শার্ট ছিল, তিনটি পাখি আঁকা,
যেদিন তুমি পরলে শাড়ি, ঈষৎ নদী বাঁকা,
আঁচল কালো, দিঘল পাড়, কোমরে সরে গেল,
বিজুলি চমকালো, তখন বিজুলি চমকালো!
আজকে দেখো, আকাশ কালো, শাড়িপাড়ের তলে,
বিদ্যুতের বঙ্কিমাতে তটিনী বাঁক জ্বলে;
বেদেনিদের ঝাঁপির থেকে ফণার মতো স্মৃতি
ঝাপটে বলে, ভুলেই যাওয়া এ দুনিয়ার রীতি।
মেট্রোরেল মধ্যখানে দুইটি পাড়ে দুজন,
যাচ্ছি আমি উত্তরায় তুমি বা পল্টন,
তাকালে তুমি, তাকিয়েছিলে, হেসেও ছিলে কি?
বেসেছ ভালো, বেসেছ ভালো, বেসেছিলে কি?
কাউকে বাসো, বাসো তো বটে, সে–জন ‘কেউ’-টা কে?
এসেছে ট্রেন, দুলিয়ে গেল স্মৃতির ঢেউটাকে!